ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টুঙ্গিপাড়ায় কেন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের


টুঙ্গিপাড়ায় কেন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (১৮ নভেম্বর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন।

রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’

বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এই কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হলে তারা নিজেরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

আরও পড়ুন: জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: সেলিম উদ্দিন

সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং সেটিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাই আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এ সময় বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি এমন কর্মসূচিকে সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।

এছাড়া পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।

আরও পড়ুন: গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেতার পোস্ট ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ছাত্রদল নেতার পোস্ট ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই হবে প্রমাণিত।"

তিনি আরও জানান, "গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি।"

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এসব মন্তব্য করেন।

পোস্টে আবিদুল উল্লেখ করেন, "যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিল। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে।"

তিনি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে লেখেন, "আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না।"

"আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন এক সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গলপোরা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এর আগে ওই অঞ্চলে আধাসামরিক বাহিনীর টহল দলের ওপর হামলায় তিন সদস্য আহত হন।

পুলিশ এবং সেনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাঙ্গলপোরা গ্রামে এক সশস্ত্র কমান্ডার লুকিয়ে আছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। দুই দিন আগে পাশের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় তিনি পালিয়ে গিয়েছিলেন। ওই সংঘর্ষে তার এক সহযোগী নিহত হন।

পুলিশ জানায়, বুধবার তল্লাশি অভিযান শুরু হলে মোহাম্মদ লতিফ ভাট নামের ওই সন্ত্রাসী একটি মসজিদে আশ্রয় নেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। কুলগামের পুলিশ প্রধান এনায়েত আলী চৌধুরী জানান, সেনাবাহিনী ও পুলিশ ভিডিও কলের মাধ্যমে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। কিন্তু তিনি সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

পুলিশের দাবি, গত বছর সন্ত্রাসী দলে যোগ দেওয়ার পর ভাট ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর কয়েকটি হামলার পরিকল্পনা ও সমন্বয় করেন। এর মধ্যে গত সপ্তাহে কুলগামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) টহল দলের ওপর হামলাও ছিল। ওই হামলায় তিন সদস্য আহত হন। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই অভিযানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারেনি।

এই হামলার কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রশংসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা ১২ মাস এই বাহিনীর কোনো সদস্য নিহত হননি। গত ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অর্জনকে ‘এমন এক শূন্য, যা অনেক কিছু বলে দেয়’ বলে উল্লেখ করেন।

হামলার পর কুলগামজুড়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। জেলার বেশ কয়েকটি গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বুধবারও অভিযান অব্যাহত ছিল। কর্মকর্তারা জানান, এ সময় শত শত সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অন্তত ২০ জনকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ব্যাপক তল্লাশি ও ধরপাকড়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, হামলার পর অবরুদ্ধ এলাকাগুলো কার্যত সামরিক ছাউনিতে পরিণত হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের কর্মকাণ্ড কিংবা নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য ব্যর্থতার দায়ে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য। এ ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ও ক্ষোভ বাড়ায়।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান, দুই দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। তবে পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে উভয় দেশ। ১৯৮৯ সাল থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে। অনেক কাশ্মীরি মুসলিম এই আন্দোলনকে সমর্থন করেন। তাদের কেউ কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার, আবার কেউ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে।

ভারতের অভিযোগ, কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে। অনেক কাশ্মীরি এই আন্দোলনকে স্বাধীনতার সংগ্রাম হিসেবে দেখেন। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার সাধারণ মানুষ, সশস্ত্র বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ,আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি এ জন্য যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত, সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা।

আজকে মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের কাছে কিছু আলোকপাত করব। মুমিন তাকেই বলে- ’যে আল্লাহ তাআলার একত্ববাদে পূর্ণ আন্তরিকতার সঙ্গে বিশ্বাস স্থাপন করে এবং তার নির্দেশ মেনে চলে আর সে অনুযায়ী জীবন পরিচালনা করে।’ আল্লাহ তাআলা ইরশাদ করেন-
‘প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়ে না এবং নিজেদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করে, এরাই সত্যবাদী।’ (সুরা হুজরাত : আয়াত ১৫)
মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে একজন মুমিন পুরুষ ও একজন মুমিন নারীর মাঝে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তাও উল্লেখ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন-
‘নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, রোজা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাযতকারী পুরুষ ও সুরক্ষাকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী, তাদের সবার জন্য আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা আহযাব : আয়াত ৩৫)

উক্ত আয়াতে নারী-পুরুষ উভয়কে আল্লাহ তাআলা এ সব বৈশিষ্ট্য অবলম্বন করে চলার তাগিদ দিয়েছেন। ইসলামের শত্রুরা এই অপবাদ দেয় যে, ইসলামে পুরুষের চেয়ে নারীর মর্যাদা কম। এই আয়াত এমন অপবাদকে কার্যকরীভাবে প্রত্যাখ্যান করেছে।

পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী নারীরা পুরুষের মতোই মহান আল্লাহর কাছে সমমর্যাদাশীল। তবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হলে প্রথম যে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তাহলো আল্লাহ পাকের পূর্ণ আনুগত্য। কেননা আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। আল্লাহ এবং আল্লাহর রাসুল যা বলেছেন তার পরিপূর্ণ আনুগত্য করলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। আর যখন আমরা আনুগত্যশীল হব তখন আমাদের হৃদয়ে কোনো ধরণের পাপ দানা বাঁধতে পারবে না। হাদিসে এসেছে-
- রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘মুমিন মহব্বত ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, যে কারো সঙ্গে মহব্বত রাখে না এবং মহব্বত প্রাপ্ত হয় না।’ (মুসনাদে আহমাদ)
- রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘ওই ব্যক্তি তার ঈমানকে দৃঢ় করল যে কাউকে ভালবাসল আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করল আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিল আল্লাহর জন্য আর কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকল শুধু আল্লাহর জন্য।’ (তিরমিজি)

মুমিনদের জান্নাতের সুসংবাদ
আসলে একজন মুমিনের জীবনে সব চাওয়া-পাওয়া কেবল আল্লাহর সন্তুষ্টির খাতিরেই হয়ে থাকে। তার ব্যক্তিগত কোনো কামনা-বাসনা থাকে না আর এমন ব্যক্তিদেরই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
- ‘আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে।’ (সুরা আহযাব : আয়াত ৪৭)
- ‘মুমিন পুরুষ ও মুমিন নারীদের আল্লাহ এমন সব বাগানের প্রতিশ্রুতি দিয়েছেন যে গুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। সেখানে তারা চিরকাল থাকবে আর তিনি তাদেরকে চিরস্থায়ী বাগানসমূহে পবিত্র গৃহেরও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই মহান সফলতা।’ (সুরা আত তাওবা: আয়াত ৭২)

- আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেনে জান্নাতের, যার তলদেশে প্রবাহিত হয় স্রোতধারা। তারা সে চিরদিন এগুলোরই মাঝে থাকবে। আর এসব জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটিই হল মহান সফলতা।’ (সুরা তাওবাহ : আয়াত ৭২)

সুতরাং আসুন, আগে যা করেছি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি,তাই সময় থাকতে নিজেদের ভুলত্রুটি থেকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। তাওবাহ-ইসতেগফার করি। কেননা তাওবাহ-ইসতেগফার যে মুমিন নারী-পুরুষের অন্যতম বৈশিষ্ট্য।

আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের সব বৈশিষ্ট্য ও গুণাবলী নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন। আল্লাহ তাআলার সব আদেশ-নিষেধ মেনে চলার তাওফিক দিন, আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দলের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দলের আলোচনা

জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দল বৈঠকে বসেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে ১৪টি প্রকল্প নতুন এবং দুটি সংশোধিত।

অনুমোদিত প্রকল্পগুলোর জন্য মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে এবং এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও সায় দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা দেবে এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার উন্নয়নকাজে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকার ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্প ছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদন ইতোমধ্যে এসব প্রকল্প পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%