০৫:৫৬ পি.এম
সৌদি আরবের পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা এখন থেকে তাৎক্ষণিক ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে, এই দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছানোর পরও ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই ঘোষণা প্রদান করে। নতুন নিয়ম অনুযায়ী, চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার আবেদন করতে দূতাবাসে যেতে হবে না। তারা অনলাইনে একাধিকবার প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছে ভিসা গ্রহণের সুযোগ থাকবে।
সৌদি আরবে গিয়ে তারা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং দেশটিতে বসবাসরত স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ সংবাদমাধ্যম আরব নিউজকে বলেন, "নতুন সুবিধা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে।" তাঁর মতে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও বৃদ্ধি পাবে।
সৌদি আরবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচও নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "এর ফলে সার্বিয়ার নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে।" পাশাপাশি, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে নতুন ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। ভিসায় উল্লেখ করা মেয়াদের মধ্যে দর্শনার্থীদের সৌদি আরব ত্যাগ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ নেই। একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে অবস্থানের সময় প্রতিবারের হিসাবে অথবা সম্মিলিতভাবে গণনা করা হবে।
এ ভিসায় বেতন বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও হজের নির্ধারিত মৌসুমে ওমরাহ পালন করা যাবে না। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক জটিলতায় ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন