ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাজ্য সফরে চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ


যুক্তরাজ্য সফরে চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল মধ্যরাতে ঢাকা ত্যাগ করেছে যুক্তরাজ্যের উদ্দেশ্যে।

রোববার দিবাগত রাত ১টার দিকে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।

আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি

এছাড়া, সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পীকারের একান্ত সচিব এবিএম রওশন কবীর।

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আলোচনা হবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন: জর্ডান সামাজিকমাধ্যম টেলিগ্রাম নিষিদ্ধ করতে যাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরেন্দ্র খাল দখল ও দূষণে সংকটে, স্থানীয়দের পুনর্খননের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


বীরেন্দ্র খাল দখল ও দূষণে সংকটে, স্থানীয়দের পুনর্খননের দাবি

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল বর্তমানে দখল ও দূষণের কারণে ভরাট হয়ে গেছে। খালের ওপর বৈধ ও অবৈধভাবে গড়ে উঠেছে শত শত স্থাপনা। এর ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে তীব্র জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হচ্ছে।

জলাবদ্ধতার কারণে কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খালটি দ্রুত পুনর্খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

তথ্য অনুসন্ধান করে জানা যায়, মোগল আমলে ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন এবং কৃষি ও সেচ সুবিধার জন্য খালটি খনন করা হয়েছিল। নোয়াখালী ও কুমিল্লা জেলার অংশবিশেষজুড়ে বিস্তৃত খালটি চাটখিল ও সোনাইমুড়ীতে সড়ক ও জনপথ বিভাগের রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

সোনাইমুড়ী থেকে দশঘরিয়া বাজার পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকশ বৈধ ও অবৈধ স্থাপনা। এর মধ্যে প্রভাবশালী অনেক ব্যক্তি জেলা পরিষদের ইজারার শর্ত না মেনে দুই থেকে তিনতলা স্থায়ী ভবন নির্মাণ করেছেন। এসব ভবনের পিলার ও দেয়াল খালের ওপর তোলায় খালের প্রবাহ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।

এছাড়া সোনাইমুড়ী থেকে চাটখিল হয়ে রামগঞ্জ পর্যন্ত ৮ থেকে ১০টি ছোট-বড় বাজার রয়েছে। বাজারের সব ময়লা-আবর্জনা ও বর্জ্য নিয়মিত এই খালে ফেলা হচ্ছে। এর ফলে পানি আটকে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশের পরিবেশ আশঙ্কাজনকভাবে দূষিত হচ্ছে।

দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহবুব রব্বানী জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের কিছু অংশ একাধিকবার পরিষ্কার করা হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী পুনরায় খালে ময়লা ফেলছে এবং তা ভরাট করে দখলে নিচ্ছে।

স্থানীয় সোমপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মহিনউদ্দিন বলেন, কৃষি ও মৎস্য খাতের পুনরুজ্জীবন ঘটাতে হলে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে পুরো খাল খনন করে বীরেন্দ্র খালের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বীরেন্দ্র খাল দখলমুক্ত করে এর নাব্য সংকট দূর করতে এবং ঐতিহ্যগত রূপ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, স্থানীয়ভাবে খাল খননের জন্য নির্দিষ্ট কোনো বাজেট বা বরাদ্দ নেই। তবে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ এম


ডিসেম্বরকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেছেন যে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

তিনি উল্লেখ করেন, "গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে পুনরায় নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।"

রোববার (১৫ নভেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, নিষিদ্ধ সংগঠনটি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার জন্যও তিনি সংগঠনটিকে দায়ী করেন। তিনি জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন।

তিনি বলেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।" তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করবে বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা যুবদল নেতা মুন্সী ইসারত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত হাইতি প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী নির্বাচনে প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ এম


নিহত হাইতি প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী নির্বাচনে প্রার্থী

হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী মার্টিন মইস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। দেশটিতে ১০ বছর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দেশটির নির্বাচন কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

২০২১ সালে জোভেনেল মইসের হত্যার পর হাইতির রাজনৈতিক দৃশ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েকটি সরকার ক্ষমতায় এলেও নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে পারেনি। শক্তিশালী ও ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্রের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপত্তার উদ্বেগের কারণে বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী বছরের জুলাই মাসে নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থী হিসেবে নিবন্ধনের বিষয়ে মার্টিন মইস এখনও কোনো মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেছেন, ‘হাইতি আবার নিজের পায়ে দাঁড়াবে। কারণ, রাজনীতি করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।’

নির্বাচনে অংশ নিতে মোট ৩৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন, যার মধ্যে তিনজন নারী। মার্টিন মইস তাদের একজন। প্রার্থীদের তালিকায় আরো রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মিশেল মার্তেলি, জোসেলেরম প্রিভার্ট, সাবেক প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক দুপুই।

মার্তেলি ও প্রিভার্টসহ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী চক্রকে সহায়তা করার অভিযোগ রয়েছে। এই কারণে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে তারা উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, জোভেনেল মইসের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের মিয়ামির আদালতে চলমান মামলায় মার্টিন মইস গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজন বিচারাধীন রয়েছে।

জোভেনেল মইস ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালের জুলাইয়ে তাকে হত্যা করা হয়। কলম্বিয়ার একটি দল ভাড়াটে যোদ্ধা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা পরিচয়ে তার শোবার ঘরে প্রবেশ করে গুলি চালায়, যার ফলে তিনি নিহত হন। এ সময় তার স্ত্রী মার্টিন মইসও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে নেওয়া হয়।

জোভেনেল মইসের মৃত্যুর পর হাইতিতে একের পর এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এই সময় সশস্ত্র অপরাধী চক্রের কার্যক্রম আরও বৃদ্ধি পায়। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সহায়তায় এসব চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় অংশসহ আশপাশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে বলে ধারণা করা হচ্ছে।

২০২২ সাল থেকে এখন পর্যন্ত হাইতিতে প্রায় ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই সময় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে হাইতির পুলিশকে সহায়তা করতে বিভিন্ন দেশের বাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বশেষ এল সালভাদর থেকেও সেনাসদস্য পাঠানো হয়েছে।

তবে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন রাজনীতিক। সাবেক প্রেসিডেন্ট জ্যঁ-বার্ত্রাঁ আরিস্তিদের নেতৃত্বাধীন প্রভাবশালী রাজনৈতিক দল ফানমি লাভালাস শুক্রবার জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে তারা নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। ২০০৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আরিস্তিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রদ্ধাঞ্জলি: নাই নাই কোথাও সে নাই, আছে শুধু হৃৎ-কমলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ এম


শ্রদ্ধাঞ্জলি: নাই নাই কোথাও সে নাই, আছে শুধু হৃৎ-কমলে

মানুষ ও তার পার্থিব অস্তিত্ব কীভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যেতে পারে, এ বিষয়ে পূরবীর সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছিল। পূরবীর মৃত্যুর খবরটি একজন সংবাদকর্মীর ফোনে জানতে পারি। এক বছরেরও বেশি সময় ধরে পূরবী সঠিকভাবে কথা বলতে পারছিল না। আমি তাকে অনুরোধ করেছিলাম, ফোনের দৃশ্যমান পর্দায় কথা বলা সম্ভব নয়? সে শুধু ‘না’ লিখে ফোনটি কেটে দিয়েছিল। আমাদের শেষ যোগাযোগ ছিল একটি ইমেইল। পূরবী লিখেছিল– “উফ্ কী কষ্ট!” এরপর সে আর কখনও ফোন ধরেনি।

১৯৯৩ সালে সরকারি এক আমন্ত্রণে পশ্চিম উপকূল থেকে ১৮টি স্টেট ভ্রমণ শেষে নিউইয়র্কে পৌঁছাই। কাজের পালা শেষে আতিথ্য গ্রহণ করি পূরবী ও জ্যোতিদার বাড়িতে। তখন কথা বলার জন্য মেশিনে ধাতব মুদ্রা ফেলতে হতো। ঢাকা ছাড়ার আগে পূরবী বলেছিল, আমি এলে তারা আমেরিকার বিভিন্ন শহর ও কানাডা ভ্রমণে যাবে। নিউইয়র্ক থেকে টরন্টো, এরপর মন্ট্রিয়ল-কিউবেকের গল্প। কখনও আত্মীয়দের বাড়ি, কখনও কবি ইকবালের বাসায়; এমনকি কখনও আমরা পূরবী এবং জ্যোতিদার গাড়ির ভেতরেও রাতযাপন করেছি।

পূরবী যখন দেশে বেক্সিমকোতে কাজ করছিল, তখন সপ্তাহের অধিকাংশ দিনই আড্ডা জমত। আমি, নির্মলেন্দু গুণ এবং তিন নারী আসতেন। তসলিমা নাসরিন, আরমা গুণ এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর বোন রহিমা। আমি ঠাট্টা করে বলতাম, “এমন সব মা কেমন করে একসঙ্গে জুটে গেল!” আমাদের আড্ডায় তখনই উঠে আসত সমাজের বিভেদপন্থি হয়ে যাওয়ার সংকট প্রসঙ্গ। সেই সময় আজকের কাগজ নামে একটি নতুন সুরুচিসম্পন্ন দৈনিক প্রকাশিত হতে থাকে। এই পত্রিকায় স্বনামধন্য লেখক এবং বুদ্ধিজীবীরা উপসম্পদকীয় লিখতেন। পূরবী এবং আমি ছিলাম নিয়মিত লেখক। পূরবী লিখতেন বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে নারী-পুরুষের বৈষম্য নিয়ে। আমার প্রধান ঝোঁক ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

মনে পড়ে, বহু দিন আমরা দুজনে কী বিষয়ে লেখা যায়, তা নিয়ে চিন্তা করতাম এবং দায়িত্ব ভাগ করে নিতাম। এমন কাজের যোগটাই আমাদের মধ্যে চমৎকার ইতিবাচক সম্পর্ক স্থাপন করেছিল।

পূরবী এখন জীবনমরণের সীমানা অতিক্রম করেছে। বয়সের হিসাবে সে আমার চেয়ে বছর দুয়েকের ছোট। পূরবী যে আক্ষরিক অর্থেই আমার চিরসখা, চিরবান্ধব– সেই সত্যটি আমৃত্যু বুকের পাঁজরে বন্দি থাকবে। কবে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, ঠিক মনে পড়ে না। সম্ভবত সেটা ছিল পুরান ঢাকার গেণ্ডারিয়ায়; আমাদের আরেক পরম বান্ধব হায়াৎ মামুদের বাড়িতে। তারপর কেমন করে আমাদের সম্পর্কটি হৃদয়ে, চিন্তনে, প্রকাশনে মজবুত হলো; তার ইতিহাস দীর্ঘ। পূরবী পড়াশোনা করতে আমেরিকায় গেল এবং সেখানেই স্থায়ী বাস। কিন্তু দুবছর কাটতে না কাটতেই নিউইয়র্ক-ঢাকা বিমানের ভাড়া বিশাল, তবে পূরবী-জ্যোতিদা সন্তানদের নিয়ে চলে আসতেন।

ঢাকাতে আমার মতো অথবা আমার চেয়েও ঘনিষ্ঠ ও আন্তরিক অনেক বন্ধু-বান্ধব ছিল পূরবীর। সদালাপী, মিষ্টভাষী এবং আকর্ষণীয় মুখশ্রীর পূরবী সবার সঙ্গে আন্তরিকভাবে মিশে যেতে পারত। কিন্তু সবকিছু ছাড়িয়ে ওর সঙ্গে আমার যে আন্তরিকতা এবং সঙ্গপ্রিয়তা, তার কেন্দ্রে ছিল দেশভাগ। বিশেষত ১৯৪৭ সালের দেশভাগজনিত মানুষের মধ্যে যে অস্থিরতা, অনিশ্চয়তা ও উদ্বাস্তু জীবনের কষ্ট, যার অনিবার্য পরিণতি ছিল ধর্ম-সাম্প্রদায়িকতার বিস্তার। পূর্ব ও পশ্চিম বাংলার দুই অংশই সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে। বলা যায়, এই ক্ষত এ বিষের আবহ, এই অন্যতার বাড়াবাড়ি অদ্যাবধি আমাদের সমাজকে কলুষিত করে তুলছে। যেহেতু আমি পূর্ববঙ্গের বংশোদ্ভূত, আবার প্রাক-দেশভাগের কালে পিতার কলকাতা বাসের সূত্রে পশ্চিমে থেকেছি; পূরবী আমার কাছ থেকে গভীরভাবে বোঝার চেষ্টা করত ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ এবং তার সামাজিক প্রভাব নিয়ে আমার অভিজ্ঞতা ও মনোভাব সম্পর্কে।

একটি তথ্য অনুল্লিখিত থেকে গেছে; এ বিষয়টি অনেকেই হয়তো জানেন না। দেশে আসার সিদ্ধান্ত গ্রহণ করে পূরবী প্রথম যে সংস্থায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যোগদান করেছিল, তা ছিল সাভারের গণ স্বাস্থ্যকেন্দ্র। পূরবী সেখানে ক্যাম্পাসে থাকত, তার কন্যা জয়ীষাকে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিল। নতুন ছাত্রীকে সেখানে ইসলাম ধর্ম পড়তে হতো, যেটা সম্পর্কে পারিবারিকভাবে ওই ছাত্রীর কোনো যোগ ছিল না, তাই শিক্ষকের বকুনি খেতে হতো।

একদিন ওই শিক্ষক অভিভাবকের সঙ্গে দেখা করতে এলেন এবং যখন জানলেন– এই শিক্ষার্থী মুসলিম নয়, তখন শিক্ষক অত্যন্ত লজ্জিতভাবে দুঃখ প্রকাশ করেন। ভাবতে অবাক লাগে, মাত্র তিন দশক আগে আমাদের সমাজটা এমন সহমর্মী ছিল। এই বাঙালি সমাজ কীভাবে ধর্মের বিভেদ ও বিদ্বেষে সহিংস হয়ে উঠল– আজও বুঝে উঠতে পারিনি। বিশেষত ঠিক এ সময় সমাজটা যেন ভেঙেচুরে যাচ্ছে।

এমন ভাঙনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ১৯৯২ সালের শেষ দিকে বাবরি মসজিদ ভাঙার আন্দোলন বেশ আগুনের তাপ ছড়িয়েছিল। কিন্তু এই ঐতিহাসিক স্থাপনা যে সত্যিই কিছু ব্যক্তি ভেঙে ফেলতে পারে– সে কথা ভারতবর্ষের বিশাল জনসংখ্যাসহ বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতে পারেনি। দুই দেশের প্রগতিশীল ব্যক্তিবর্গ এ ঘটনার প্রবল প্রতিবাদ জানান। বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলোয় বিভিন্ন খবর ছাড়াও প্রায় প্রতিদিন এ ঘটনার নিন্দা জানিয়ে এবং একটি অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের সপক্ষে উপসম্পাদকীয় ও অতিথি কলাম প্রকাশিত হতে থাকে।

হৃদয়বিদারক ও অস্থির সেই সময়ে পূরবী এবং আমি সিদ্ধান্ত গ্রহণ করি, এসব লেখার সংকলন প্রকাশ করতে হবে। বিপুল লেখা, প্রকাশকের অভাব সত্ত্বেও, আমরা সেসব লেখা সংগ্রহ ও সম্পাদনায় ব্যাপৃত হয়ে গেলাম। প্রধান সংবাদপত্রগুলোর এতৎসংক্রান্ত লেখা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে বিন্যস্ত করতে আমরা প্রায় প্রতি রাত নির্ঘুম কাটিয়ে ১৭ দিনে এই সংকলন প্রকাশ করি; যার নাম ‘এখনো গেল না আঁধার’। পূরবী ও আমার যৌথ সম্পাদনায় আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। পূরবী বাস্তব কারণে বাংলাদেশে অনেক দিন থাকলেও ফিরে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু যে সময়টা সে বাংলাদেশে কাটিয়েছিল, আমি মনে করি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে থেকে পূরবী তার অন্তর্গত সাহিত্য প্রতিভা প্রকাশের রসদ পেত। তাই পূরবী ফিরে ফিরে আসত নিজের জল-মাটি-হাওয়ার কাছে।

শফি আহমেদ: শিক্ষক ও সংস্কৃতিকর্মী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%