০৯:৪৯ এম
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল বর্তমানে দখল ও দূষণের কারণে ভরাট হয়ে গেছে। খালের ওপর বৈধ ও অবৈধভাবে গড়ে উঠেছে শত শত স্থাপনা। এর ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে তীব্র জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হচ্ছে।
জলাবদ্ধতার কারণে কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খালটি দ্রুত পুনর্খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
তথ্য অনুসন্ধান করে জানা যায়, মোগল আমলে ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন এবং কৃষি ও সেচ সুবিধার জন্য খালটি খনন করা হয়েছিল। নোয়াখালী ও কুমিল্লা জেলার অংশবিশেষজুড়ে বিস্তৃত খালটি চাটখিল ও সোনাইমুড়ীতে সড়ক ও জনপথ বিভাগের রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
আরও পড়ুন: ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ
সোনাইমুড়ী থেকে দশঘরিয়া বাজার পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকশ বৈধ ও অবৈধ স্থাপনা। এর মধ্যে প্রভাবশালী অনেক ব্যক্তি জেলা পরিষদের ইজারার শর্ত না মেনে দুই থেকে তিনতলা স্থায়ী ভবন নির্মাণ করেছেন। এসব ভবনের পিলার ও দেয়াল খালের ওপর তোলায় খালের প্রবাহ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।
এছাড়া সোনাইমুড়ী থেকে চাটখিল হয়ে রামগঞ্জ পর্যন্ত ৮ থেকে ১০টি ছোট-বড় বাজার রয়েছে। বাজারের সব ময়লা-আবর্জনা ও বর্জ্য নিয়মিত এই খালে ফেলা হচ্ছে। এর ফলে পানি আটকে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশের পরিবেশ আশঙ্কাজনকভাবে দূষিত হচ্ছে।
দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহবুব রব্বানী জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের কিছু অংশ একাধিকবার পরিষ্কার করা হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী পুনরায় খালে ময়লা ফেলছে এবং তা ভরাট করে দখলে নিচ্ছে।
স্থানীয় সোমপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মহিনউদ্দিন বলেন, কৃষি ও মৎস্য খাতের পুনরুজ্জীবন ঘটাতে হলে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে পুরো খাল খনন করে বীরেন্দ্র খালের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বীরেন্দ্র খাল দখলমুক্ত করে এর নাব্য সংকট দূর করতে এবং ঐতিহ্যগত রূপ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, স্থানীয়ভাবে খাল খননের জন্য নির্দিষ্ট কোনো বাজেট বা বরাদ্দ নেই। তবে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন