ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ডেসকোর প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ


ডেসকোর প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) প্রি-পেইড বিদ্যুৎ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।

এ কারণে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই মিটারে যথেষ্ট ব্যালেন্স রিচার্জ করে রাখার জন্য বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা প্রকাশ করে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে যে সাময়িক অসুবিধা সৃষ্টি হচ্ছে, তার জন্য ডেসকো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

তবে, রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সকল প্রি-পেইড মিটার ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডেসকোর বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তারাই এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

এদিকে, রিচার্জ সংক্রান্ত সাময়িক অসুবিধা অথবা অন্য কোনো প্রয়োজনে গ্রাহকদের ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: পোশাক শ্রমিক আন্দোলনের পেছনে সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার চক্রান্ত ফাঁস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সাক্ষাৎ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এটি জাতীয় সংসদের স্পিকার কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাধীনতা ও সংস্কৃতির একটি অভিন্ন মেলবন্ধন বিদ্যমান। তিনি বলেন, কসোভোর জনগণ তাদের দেশের স্বাধীনতার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। স্পিকার আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সংস্কৃতির নিবিড় সম্পৃক্ততা রয়েছে।

স্পিকার আরও বলেন, বিগত ১৭ বছর ধরে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বিগত সরকারের বর্বরোচিত শাসনামলের চিত্র উঠে এসেছে। তিনি বলেন, ২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারের অবসান ঘটানো হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনরায় সূচিত হয়।

স্পিকার আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্রকে প্রিয় মনে করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছেন।

কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, বাংলাদেশে নতুন একটি গণতান্ত্রিক অধ্যায় শুরু হয়েছে। বর্তমান সংসদের সদস্যদের সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ ও কর্মক্ষম জনগণের সমন্বয়ে গঠিত। তারা মানসম্মত শিক্ষা ও তথ্য-প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম।

রাষ্ট্রদূত এ সময় কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্পিকারকে কসোভো সফরের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সংসদীয় ককাস গ্রুপ গঠন, ব্যবসা ও বিনিয়োগের প্রসার, যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে কসোভোর দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি ইসরাইলে চলে যাবো, সেখানে প্রধানমন্ত্রী হবো’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


‘আমি ইসরাইলে চলে যাবো, সেখানে প্রধানমন্ত্রী হবো’ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যদি তার ওপর ‘বিরক্ত হয়ে যায়’, তাহলে তিনি ইসরাইলে চলে যাবেন এবং সেখানকার প্রধানমন্ত্রী হবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প এই কথা মজার ছলে বলেছেন।

৩ নভেম্বর, মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজের অনুষ্ঠানে ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যদি যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাবো এবং প্রধানমন্ত্রী হবো।’

একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্পের দাবি, ইসরাইলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক ইসরাইলকে দেওয়া এই অর্থকে রিপাবলিকানদের সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এর মধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে তিনি কথা বলেছেন।

ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ তিনি যোগ করেন, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’ এরপর তিনি স্বীকার করেন যে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্পের ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ ‘এটি পছন্দ করেনি’।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প বলেন, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনো ধাক্কা বলে মনে করেন না। যদিও তার দল ইতিমধ্যে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪ প্রকল্প স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪ প্রকল্প স্থগিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, চারটি প্রকল্পের অনুমোদন স্থগিত করা হয়েছে এবং সেগুলোকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।

আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। এ তথ্য বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

স্থগিত হওয়া অন্য দুটি প্রকল্প হলো প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ প্রকল্প এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প। প্রকল্পগুলোকে আরও যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৫ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেকের এ বৈঠকটি স্থগিত করা হয়েছিল।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয় এবং অপারেশনাল যানবাহন ক্রয়ের প্রকল্প। তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পের প্রথম পর্ব।

এছাড়া, ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে অবহিত করা হয়েছে যেসব প্রকল্প

৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দিয়েছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী এসব প্রকল্প সম্পর্কে একনেক বৈঠকে অবহিত করা হয়েছে।

এ ধরনের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন, দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যার রহস্য উদঘাটন, ১১ গ্রেপ্তার ও সোনার বার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যার রহস্য উদঘাটন, ১১ গ্রেপ্তার ও সোনার বার উদ্ধার

মাগুরা জেলা পুলিশ সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উন্মোচন করেছে, যিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় সোনার বার উদ্ধার করা হয়েছে এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন থেকে পুলিশ পরিচয়ে ১২-১৫ জনের একটি দল ১৫০ ভরি সোনা (যার আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা) এবং নগদ ৬০ হাজার টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে লুণ্ঠিত সোনা ও টাকা ভাগাভাগি নিয়ে মারুফ এবং সাকেরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের ফলস্বরূপ মারুফের পরিকল্পনায় গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল কাউন্টারে কর্মরত অবস্থায় যুবদল নেতা সাকেরকে হত্যা করা হয়।

পুলিশ সুপার আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে সোনা ডাকাতির মামলায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৫ পিস পূর্ণ এবং ১ পিস খণ্ডিত সোনার বার, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। সাকের হোসেন হত্যা মামলায় মূল পরিকল্পনাকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছেন- রনি শিকদার (৩৮), শামীমা তাবাসসুম (৩১), অনিমেষ মজুমদার (৫৫), মো. মারুফ হোসেন (৪৪), মো. গোলাম জাহিদ (৪৫) এবং বশির আলী।

পুলিশ জানায়, শুটারকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. জুয়েল হোসেন (৪৭), তৌকির আহমেদ (২৫), মো. ফরিদ মন্ডল (৫৯), মো. মিল্টন মোল্যা (৩৫), মারুফা আক্তার (৩২), মো. গোলাম জাহিদ (৪৫) এবং মো. মারুফ হোসেন (৪৪)।

গত ২১ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল পরিবহনের একটি কাউন্টারে কর্মরত অবস্থায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী শারমিন্নাহার রুমা বাদী হয়ে একই দিনে মাগুরা সদর থানায় হত্যা ও অস্ত্র মামলা করেন। নিহত যুবদল নেতা মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%