০৮:৪৭ এম
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুলাল মিয়া নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার সময় উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গুদামে অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তার গুদাম থেকে ৬৪ বস্তা ডিএপি এবং ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারগুলো পরবর্তীতে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন