ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী


দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতি বর্তমানে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে রয়েছে জিডিপির তুলনায় কম কর আদায়, ব্যাংক খাতে আস্থার সংকট, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত জাতীয় আন্ত বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের ভেতরেও আমরা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে; জিডিপির অনুপাতে কর আদায় আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম; ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি; আর বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।’

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হয়ে এসেছে। গত দশকের তুলনায় অর্থায়নের ব্যয় বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্ক-বাধা বৃদ্ধি পাচ্ছে। ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন ব্যয়ও অস্থির রয়েছে। জলবায়ু পরিবর্তন প্রতিবছর অর্থনীতিতে নতুন ক্ষতির বোঝা যোগ করছে।

বাংলাদেশের অর্থনীতিতে এসব বৈশ্বিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতি হওয়ায় বৈশ্বিক ধাক্কাগুলো বাজারে পণ্যের দাম, টাকার বিনিময় হার এবং দেশের কারখানাগুলোর রপ্তানি আদেশে প্রভাব ফেলছে।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে আমাদের প্রতিটি দিনই সারপ্রাইজ এলিমেন্টের দিন। বাজেট তৈরি হয় এক অনুমানের ওপর—তারপর আসে জ্বালানির দামের ধাক্কা, বৈদেশিক মুদ্রার চাপ, বন্যা কিংবা বিশ্ববাজারের অনিশ্চয়তা।’

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখি, অনিশ্চয়তাই এখন স্বাভাবিক অবস্থা।’

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

অভ্যন্তরীণ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্থিতি ফিরিয়ে আনা, করব্যবস্থাকে ন্যায্য, সহজ ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করা জরুরি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির বিষয়ে আমির খসরু বলেন, সময়সূচি যাই হোক, পরিবর্তিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনীতিকে প্রস্তুত করতে হবে। রপ্তানিকে শুধু বাণিজ্য-সুবিধার ওপর নির্ভর না করে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।

নীতিনির্ধারণের ক্ষেত্রে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অসম্পূর্ণ তথ্য ও সীমিত সময়ের মধ্যেই জনগণের কাছে জবাবদিহি রেখে সিদ্ধান্ত নিতে হয়। সমস্যা লুকিয়ে রাখলে সমাধান হয় না; সমস্যা স্বীকার করার মধ্য দিয়েই সমাধানের প্রক্রিয়া শুরু হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চাপের মধ্যে চিন্তা করা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান তুলে ধরার সক্ষমতা নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ দক্ষতা।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি কায়সারের ভাই সানজিদ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


সাবেক এমপি কায়সারের ভাই সানজিদ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আব্দুল্লাহর ছোট ভাই সানজিদ হাসনাত (৪৪) পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে আটক করে।

সানজিদ হাসনাত, মৃত আব্দুল হাসনাতের পুত্র এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশের সূত্র অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের টিম মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের রাজপথে আবাসন সংকটের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


স্পেনের রাজপথে আবাসন সংকটের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের পদক্ষেপের দাবিতে দেশটির বিভিন্ন শহরে, বিশেষ করে রাজধানী মাদ্রিদে, হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। শনিবার, পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত পদক্ষেপ বিরোধীদের বাধার মুখে আটকে যাওয়ার পর তারা নতুন করে বিক্ষোভে নামেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাদ্রিদে বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ সাধারণ ধর্মঘটের দাবিতে পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীতে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদসহ আবাসন সংকটের কারণে জনঅসন্তোষ বৃদ্ধি পাওয়ার পর সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সেগুলো শুক্রবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়।

২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো, যিনি বিক্ষোভে অংশ নিয়েছেন, রয়টার্সকে বলেন, বিষয়টি ‘লজ্জাজনক’। তার মতে, এটি প্রমাণ করে যে জনগণকেই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, অথচ রাজনীতিকদের জনগণের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।

এদিকে, শুক্রবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রস্তাবিত আইন পার্লামেন্টে পাস না হওয়ায় তিনি নভেম্বরে আগাম নির্বাচন ডাকতে পারেন। শনিবারের বিক্ষোভে জনসমাগমের মাত্রাও তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সানচেজের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ ভবনে প্রবেশ করলেও পুলিশ পরে তাদের বের করে দেয়। তবে স্পেনের আরও প্রায় ৫০টি শহরে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

মাদ্রিদে ভাড়াটিয়া ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু সাংবাদিকদের জানান, শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা শেষে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।

স্পেন সরকারের হিসাব অনুযায়ী, শনিবার মাদ্রিদের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। অন্যদিকে, ভারি বৃষ্টির কারণে বার্সেলোনা ও পাশের শহর হসপিতালেত দে লোব্রেগাতের নির্ধারিত বিক্ষোভ বাতিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বাগেরহাটে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং শিক্ষক মোহাম্মদ জামালের ছেলে মুহিব (১৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ডাববোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মুহিবের মৃত্যু ঘটে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু ঘটে। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৩ বছর পূর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৩ বছর পূর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেস ক্লাব প্রতিষ্ঠার মূলমন্ত্র হিসেবে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে ধারণ করে। সংগঠনটি গৌরবময় পথচলার এক যুগ পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে, সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, দাবি-দাওয়া ও সমস্যাগুলো তুলে ধরার কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডকে দেশ-জাতির সামনে তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর, একদল তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে, দীর্ঘ পথচলায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট, শিক্ষার্থীদের অধিকার ও গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামের সংবাদ তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় নিজেদের অবস্থান তৈরি করেছে।

শিক্ষার্থীদের আবাসন সংকট, টিউশন ফি, প্রশাসনিক বিভিন্ন অনিয়ম, হল আন্দোলন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে জবি প্রেস ক্লাব। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষার্থীদের অর্জন ও সাফল্যের সংবাদ জাতীয় গণমাধ্যমে তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কাজেও ভূমিকা রেখেছে সংগঠনটি।

ক্যাম্পাস সাংবাদিকতার বিকাশের পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, আলোচনাসভা ও অন্যান্য কার্যক্রম আয়োজন করে আসছে সংগঠনটি। সময়ের সঙ্গে সঙ্গে, প্রেস ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে নিজেদের সাংবাদিকতা দক্ষতার পরিচয় দিয়েছেন।

জবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, "ক্যাম্পাস সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন অনিয়ম-অসংগতির বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব। তবে এই পথ সব সময় সহজ নয়। তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছ থেকে সময়মতো তথ্য পাওয়া, নানা চাপ ও প্রতিবন্ধকতার মধ্যেও নিরপেক্ষতা বজায় রাখা এসবই ক্যাম্পাস সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ।"

তিনি আরো বলেন, "ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীলতা ও পেশাদারির সঙ্গে কাজ করতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, বরং সত্য ও শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।" একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

জবি প্রেস ক্লাবের সভাপতি মুসফিকুর রহমান বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দীর্ঘ ১৩ বছরের পথচলায় এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সংবাদ, শিক্ষার্থীদের অধিকার, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।"

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশ নয়, এটি সত্য ও ন্যায়ের প্রতি দায়বদ্ধতার জায়গা। এ জন্য আমাদের প্রত্যেক সদস্যকে বস্তুনিষ্ঠতা, সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রযুক্তির এই সময়ে গুজব ও অপতথ্য থেকে দূরে থেকে যাচাই করা তথ্য পরিবেশন করাই আমাদের অঙ্গীকার। জবি প্রেস ক্লাব আরো সমৃদ্ধ ও পেশাদার হয়ে উঠুক এই প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%