০৬:২২ পি.এম
বরিশাল নগরীতে জমিজমা নিয়ে বিরোধের কারণে মামার হাতে খুন হয়েছেন ভাগ্নে কামরুল রাঢ়ী (৫০)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া এলাকার পুরানপাড়ায় এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে নিহতের মামা, মামী এবং এক মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে কামরুল রাঢ়ীর সঙ্গে তাঁর মামা আনোয়ার হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা ও মারামারির ঘটনাও ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরানপাড়া ছোট বটতলা এলাকায় কামরুল নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় তাঁর মামা আনোয়ার হাওলাদার, মামাতো ভাই সুরুজ হাওলাদার, মিরাজ হাওলাদার এবং মামী খাদিজাসহ ৫ থেকে ৭ জন সেখানে গিয়ে তাঁকে কাজে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে ৭ পুলিশ সদস্য এএসআই পদে সুপারিশপ্রাপ্ত
কামরুলের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মনিরুজ্জামান জানান, জমিজমা নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে মামা আনোয়ার হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ফলস্বরূপ আনোয়ার হাওলাদার, তাঁর দুই ছেলে এবং স্ত্রীসহ কয়েকজন মিলে কামরুলকে কুপিয়ে হত্যা করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দেশকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, নিহতের মামী খাদিজা এবং মামাতো ভাই মিরাজকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
Ñএমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন