০৬:৩৪ পি.এম
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাইন্ড (দৃষ্টিপ্রতিবন্ধীদের) এশিয়া কাপ ক্রিকেট।
এই টুর্নামেন্ট আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে আবারও দেশের ক্রীড়াঙ্গনের সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
প্রতিযোগিতাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) যুক্ত হয়েছে। গণমাধ্যম সহযোগী হিসেবে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস থাকবে।
আরও পড়ুন: নেইমারের বাবাকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিল সান্তোস
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সংস্থা ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। ছয় দিনব্যাপী এই আয়োজনের জন্য ইতোমধ্যে আয়োজকেরা প্রস্তুতি শুরু করেছেন।
ব্লাইন্ড এশিয়া কাপের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হতে পেরে এসবিজি গর্বিত। তাদের বিশ্বাস, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং তাদের প্রতিভা ও অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের লক্ষ্য, শুধু আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেওয়াই নয়, খেলাধুলাকে কাজে লাগিয়ে দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সমতার মূল্যবোধও ছড়িয়ে দেওয়া।
বাংলাদেশে প্রথমবারের মতো ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ আয়োজন নিঃসন্দেহে দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এই প্রতিযোগিতা এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়ার ঐক্য আরো সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন