ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামশেদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪


জামশেদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের কন্যা তৃষা সিংও রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানার মেরিন ড্রাইভ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি এতটাই দুমড়েমুচড়ে যায় যে ভেতরে আটকে থাকা চারজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়াল। ভোররাতে চারজন একটি সাদা রঙের গাড়িতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাত এত ভয়াবহ ছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং গাড়িটি ট্রাকের নিচে ঢুকে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি রাত প্রায় তিনটার দিকে ঘটে। ট্রাকটি আগের রাত থেকেই বিকল হয়ে সড়কের ডান পাশে ডিভাইডারের কাছাকাছি দাঁড়িয়ে ছিল। ট্রাকটি সরানো সম্ভব হয়নি এবং সেটিকে অন্য যানবাহনের চালকদের জানান দেওয়ার জন্য পেছনে একটি গাছের ডাল রাখা হয়েছিল বলে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়। তবে সেখানে কোনো প্রতিফলক চিহ্ন বা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

দুর্ঘটনার পর গাড়ির ভেতরে চারজন আটকে পড়েন। গাড়িটি এতটাই চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল যে উদ্ধারকারীদের গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির অংশ কেটে তাদের বের করতে হয়। পরে নিহতদের লাশ জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানিয়েছেন, গাড়িতে থাকা চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ এবং কীভাবে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর ঝাড়খণ্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়েসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মন্তব্য করেন, "সন্তান হারানোর কষ্ট কোনো বাবা-মায়ের পক্ষেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।" ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চার লেনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে গাড়িটি প্রায় সম্পূর্ণ চূর্ণ হয়ে রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনা রাতের বেলায় বিকল যানবাহন সড়কে পড়ে থাকলে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা কতটা জরুরি, সেই প্রশ্নও সামনে এনেছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরলে সাইফুল মৎস্য আড়তে দুপুর পর্যন্ত তিন ধাপে নিলামে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।  

জানা যায়, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন তারা। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে কিনে নেন। একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

স্থানীয় জেলেরা জানায়, একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা উৎসাহিত হয়েছেন। সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা দরকার।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী

জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিকল্পিত ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। এরপর মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “যারা সন্ত্রাসী, যারা আগুন লাগাচ্ছে, যারা বোমাবাজি করছে, তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সজাগ থাকবেন, সবাই প্রস্তুত থাকবেন।”

তিনি আরও বলেন, “এই যে পরিকল্পিত ঘটনা, আজকে পত্রিকায় এসেছে বিদেশি নম্বর থেকে নির্দেশনা আসছে। টেলিফোন নম্বরটি কার? কে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছে? ফোন নম্বরটি হচ্ছে পার্শ্ববর্তী দেশের। তাহলে বুঝুন ষড়যন্ত্রের গভীরতা কত দূরে।”

রিজভী বলেন, “যখন প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখছেন এবং সেখানেও দেশের রোহিঙ্গাদের শান্তিপূর্ণ এবং মর্যাদাপূর্ণভাবে তাদের প্রত্যাবাসনের কথা, সেখানে আরও নানা বিষয় আন্তর্জাতিকভাবে আজকে জ্বালানি সংকট, গ্যাসের সংকট, সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। যদি গ্যাস অ্যাভেইলেবল হয়, যদি জ্বালানি তেলের জাহাজগুলো আসা শুরু করে, তাহলে আবারও মূল্য সমন্বয় করা হবে।”

তিনি উল্লেখ করেন, “জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার জনগণকে কখনো কষ্ট দিতে চায় না, চায়নি। ক্ষমতায় আসার পর যুদ্ধ শুরু হয়েছে। অনেক আগেই জ্বালানি তেলের দাম বাড়ার কথা, কিন্তু সেটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আমরা জাতীয় স্বার্থের সরকার, জনগণের পক্ষের সরকার, দেশের স্বাধীনতার পক্ষের সরকার, তারেক রহমানের সরকার।”

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা আওয়ামী লীগের নৈরাজ্য দেখেছি, আমরা তাদের ফ্যাসিস্ট ভূমিকা দেখেছি। আজকে এই সংগঠন সম্পূর্ণভাবে বাংলাদেশে নিষিদ্ধ। তাদের দুর্নীতি-দুঃশাসন আমরা দেখেছি।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের দেশের জন্য কাজ করছি, লড়াই করছি। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা নিয়ে উন্নয়ন এবং পাশাপাশি আমাদের রাজপথের কর্মকাণ্ডও আমরা ঠিক রেখে এই যে আমাদের লড়াই, এই যে আমাদের সংগ্রাম এটা চালিয়ে যাচ্ছি।”

এ্যানি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন- কিছুদিন যাবত ওই নিষিদ্ধ সংগঠন আরেকটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি ও সন্ত্রাসের মাধ্যমে কায়েম করতে চায়। তারা পালিয়েছে পাঁচ আগস্ট। দেশের বাইরেও ষড়যন্ত্রে লিপ্ত। দেশের ভেতরে থেকেও অনেকেই আরেকটা অপশক্তিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

তিনি জানান, “দুইটা অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই-সংগ্রাম চলছে।”

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, “দেশনায়ক তারেক রহমান যখন এই বিধ্বস্ত অর্থনীতিকে সচল করার জন্য নতুন বাংলায় যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই আট মাসের সরকারকে বিপদে ফেলার জন্য প্রতিষ্ঠিত একটি মহল এবং দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “বেশ কয়েকদিন যাবত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে। মানুষের স্বাভাবিক জীবনকে ভয়ভীতি দেখিয়ে উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।”

বকুল বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী দল ও বিভিন্ন অঙ্গসংগঠন বিগত ১৭ বছরে বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এই দীর্ঘ যাত্রাপথে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে। দেশের স্বার্থে কখনো তারা পিছু হটেনি এবং হতে জানেও না।”

তিনি আরও বলেন, “যখনই ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, তখনই বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং তাদের নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। জনগণ যখন সুযোগ পেয়েছে, বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে দেশ গঠনের, দেশ রক্ষার সুযোগ দান করেছে।”

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বাংলাদেশে আমরা যেভাবে ফ্যাসিস্টদের কোনো আস্তানা রাখতে দেব না, ঠিক একইভাবে আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করছি যারা কালচারাল ফ্যাসিস্ট, যারা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদেরকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়, আমরা তাদেরকে সরাসরি প্রতিহত করব। কোনো কালচারের ফ্যাসিস্টকে এই বাংলাদেশে আস্তানা করতে দেব না। এটি আজকের দিনের প্রতি আমাদের প্রতিজ্ঞা।”

রাকিব বলেন, “সেই সঙ্গে বিরোধী দলকে শুধু বলতে চাই- ১৯৯৬ সালের ভূমিকায় অবতীর্ণ হবেন না। আমরা ইতোমধ্যে সংশয় প্রকাশ করছি আপনাদের ভূমিকা নিয়ে। সে ধরনের আওয়ামী লীগের বিষয়ে আপনারা ১৯৯৬ এবং ১৯৮৬ সালের ভূমিকা পালন করছেন। সংশোধন হবেন। তা না হলে ছাত্র-জনতা প্রতিহত করবে।”

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গাচড়ায় বাবুপাড়ায় উদ্ধার হলো দেশি ওয়ান শ্যুটার পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


গঙ্গাচড়ায় বাবুপাড়ায় উদ্ধার হলো দেশি ওয়ান শ্যুটার পিস্তল

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়।

এসআরবি-১৩ জানায়, রংপুরের সিপিএসসি-এর একটি আভিযানিক দল গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের গজঘন্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হক (৬০)-এর বাড়ির পেছনের রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, জব্দকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিভিন্ন অভিযানে উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন এসব প্রত্নসম্পদ জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগে হস্তান্তর করে।
রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী প্রত্নসম্পদগুলো জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদলের কাছে তুলে দেন।
বৃহস্পতিবার বিকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে উদ্ধার হওয়া প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, প্রত্নসম্পদ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এর অবৈধ পাচার ও ধ্বংস রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।

উদ্ধার করা মূর্তি ও মুদ্রাগুলো জাতীয় জাদুঘরে হস্তান্তরের ফলে এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। সীমান্তে প্রত্নসম্পদ পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%