মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
১১:০২ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি পূর্বপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপির সদস্যরা। তাঁদের উদ্যোগে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি মেরামতের কাজ করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বন্যা-পরবর্তী সময়ে সড়কটি ব্যবহারে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থা সচল করতে হিল ভিডিপির সদস্যরা নিজেদের শ্রম দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন।
এ উদ্যোগে অংশ নেওয়া সদস্যরা হলেন—এপিসি মো. খোরশেদ আলম, ল্যান্স নায়েক আব্দুস ছামাদ, সদস্য জহুর উদ্দিন, সুলতান আহম্মেদ, আব্দুস ছালাম, হেকিম আলী, তারা মিয়া ও হেলাল উদ্দিন।
স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে হিল ভিডিপির সদস্যদের এ উদ্যোগে তাঁদের চলাচলের দুর্ভোগ কমবে। দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করায় তাঁরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ মানে গ্যালারিতে দর্শকদের ভিড়, দুই দলের সমর্থকদের উল্লাস এবং মাঠের উত্তেজনা। তবে সম্প্রতি ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় মাঠে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য।
কিছু জায়গায় রাখা হচ্ছে পুষ্পস্তবক, ফুটবলারদের এবং রেফারির জার্সিতে দেখা যাচ্ছে লাল ফুলের প্রতীক। আবার বেজে উঠছে একটি বিশেষ বাঁশির সুর। এরপর নেমে আসে নীরবতা। প্রিমিয়ার লিগের পরিচিত মঞ্চে কেন এমন আয়োজন?
এর পেছনে রয়েছে ব্রিটেনের দীর্ঘকালীন একটি ঐতিহ্য। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো সেনাসদস্যদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার লিগে এই আয়োজন করা হয়। এই আয়োজনের নাম রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস।
লাল ফুলের গল্প
প্রিমিয়ার লিগের মাঠে যে লাল ফুল দেখা যায়, সেটির নাম রেড পপি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে নিহত সেনাসদস্যদের স্মরণে এই ফুল ব্যবহৃত হয়। বিশেষ করে যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পপি ফুল যুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও বেলজিয়ামের যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রচুর পপি ফুল ফুটে উঠেছিল। সেই দৃশ্য থেকেই যুদ্ধাহত ও নিহত সেনাদের স্মরণে ফুলটি প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।
খেলোয়াড়দের জার্সিতেও থাকে রেড পপি। ছবি: রয়টার্স
নভেম্বর মাসে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের জার্সিতে পপি ফুলের প্রতীক দেখা যায়। মাঠে রাখা হয় পুষ্পস্তবকও।
বাঁশির সুরে কেন নীরবতা
মাঠে যে বিশেষ সুরটি বাজানো হয়, সেটির নাম দ্য লাস্ট পোস্ট। এটি সামরিক ঐতিহ্যের একটি বিশেষ বাগল বা তূর্যধ্বনি। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে এবং তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই সুর বাজানো হয়।
যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে বাগল বাজানো হয়। ছবি: সংগৃহীত
সুরটি বাজানোর পর সাধারণত এক বা দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও দর্শকেরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
শুধু স্মরণ নয়, সহায়তারও উদ্যোগ
এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে মানবিক একটি উদ্যোগও। যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান সেনাসদস্য এবং তাদের পরিবারের পাশে দাঁড়ায় রয়্যাল ব্রিটিশ লিজিয়ন নামের একটি দাতব্য সংস্থা।
পপি ফুলের প্রতীকসংবলিত জার্সি অনেক সময় ম্যাচের পর নিলামে তোলা হয়। সেখান থেকে পাওয়া অর্থের একটি অংশ সেনাসদস্য ও তাদের পরিবারকে সহায়তার কাজে ব্যয় করা হয়।
১১ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ
প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতি কার্যকর হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণেই ব্রিটেনে দিনটি পালন করা হয়। ১১ নভেম্বর বা এর কাছাকাছি তারিখে অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলোতে তাই বিশেষ আয়োজন থাকে।
ফলে প্রিমিয়ার লিগের মাঠে লাল ফুল কেবল একটি প্রতীক নয়। এর সঙ্গে মিশে আছে যুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ, শ্রদ্ধা ও মানবিকতার গল্প। ৯০ মিনিটের ফুটবল লড়াইয়ের বাইরেও যে খেলাটির সমাজ ও ইতিহাসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, এই আয়োজন সেটিই মনে করিয়ে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চার ঘণ্টা পর ফের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান মাদক কারবারি ইয়াসিন। পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে ফের আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি বিভিন্ন কারণে প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসেন। তার ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা এবং সামাজিক মাধ্যমে নেটিজেনদের সক্রিয় উপস্থিতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
সম্প্রতি, বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে পরীমনি আলোচনা সৃষ্টি করেন। এ সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে কিছু মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন, আবার অন্যরা কঠোর সমালোচনা করছেন।
একটি ভিডিওবার্তায়, পরীমনির পাশে দাঁড়িয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়। সেই সঙ্গে বিবেকের কাছে ছোট হয়ে যাই।’
এরপর, পরীমনির ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করান প্রভা। তিনি বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’
এদিকে, পরীমনিকে নিয়ে চলমান বিতর্কের মাঝে আলোচিত মডেল ও চিকিৎসক নায়লা নাঈম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি পরীমনির সাহসিকতার প্রশংসা করে লেখেন, ‘East or west Pori Moni is best!’
পরীমনি কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে, এবং নায়লা নাঈমের এই প্রকাশ্য সমর্থন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
নারীদের দৈনন্দিন হয়রানি ও ইভটিজিংয়ের বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন নায়লা নাঈম। তিনি বলেন, রাস্তাঘাটে হাঁটার সময় বা পাবলিক বাসে নারীদের মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হয়। ভিড়ের মধ্যে বা বাসের সিটে বখাটেদের অশালীন আচরণ এবং লোকাল বাসে নারীদের সম্মান না দেখানোর সংস্কৃতির তীব্র সমালোচনা করেন তিনি।
এ ধরনের পরিস্থিতিতে প্রতিবাদ জানানো ব্যক্তিদের সাহসিকতার প্রশংসা করেন নায়লা নাঈম। তিনি বলেন, কার দোষ ছিল কি ছিল না সেই বিচারে না গিয়ে চোখের সামনে এমন প্রতিবাদ হতে দেখাটা এক ধরনের মানসিক শান্তি দেয়। তিনি বলেন, ‘মাইয়াডারে দিন দিন আমার এত ভালো লাগে ক্যা? আমি নায়লা নাঈম— এমন একটি পরীর রাজ্য চাই!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল (রহ.) সেতুর এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে সিলেট নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। এই নির্দেশনা কার্যকর হবে শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দফায় ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এরপর দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত একই কাজ সম্পন্ন হবে। এই সময়ে মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সকল ধরনের রিকশার চলাচল নিষিদ্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন ব্যবহার করতে পারবে।
সেতুর মাধ্যমে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচল করতে পারবে। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ডভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেরামত কাজের সুবিধার্থে পর্যায়ক্রমে সেতুর একটি লেন বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে। যানজটের সম্ভাবনা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ