ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর—প্রিমিয়ার লিগে যুদ্ধাহত সেনাদের স্মরণ


জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর—প্রিমিয়ার লিগে যুদ্ধাহত সেনাদের স্মরণ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ মানে গ্যালারিতে দর্শকদের ভিড়, দুই দলের সমর্থকদের উল্লাস এবং মাঠের উত্তেজনা। তবে সম্প্রতি ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় মাঠে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য।

কিছু জায়গায় রাখা হচ্ছে পুষ্পস্তবক, ফুটবলারদের এবং রেফারির জার্সিতে দেখা যাচ্ছে লাল ফুলের প্রতীক। আবার বেজে উঠছে একটি বিশেষ বাঁশির সুর। এরপর নেমে আসে নীরবতা। প্রিমিয়ার লিগের পরিচিত মঞ্চে কেন এমন আয়োজন?

এর পেছনে রয়েছে ব্রিটেনের দীর্ঘকালীন একটি ঐতিহ্য। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো সেনাসদস্যদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার লিগে এই আয়োজন করা হয়। এই আয়োজনের নাম রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস।

আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ ২৫ জন নিহত

লাল ফুলের গল্প

প্রিমিয়ার লিগের মাঠে যে লাল ফুল দেখা যায়, সেটির নাম রেড পপি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে নিহত সেনাসদস্যদের স্মরণে এই ফুল ব্যবহৃত হয়। বিশেষ করে যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পপি ফুল যুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও বেলজিয়ামের যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রচুর পপি ফুল ফুটে উঠেছিল। সেই দৃশ্য থেকেই যুদ্ধাহত ও নিহত সেনাদের স্মরণে ফুলটি প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

খেলোয়াড়দের জার্সিতেও থাকে রেড পপি। ছবি: রয়টার্স

আরও পড়ুন: সোনিয়া গান্ধী: মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার

নভেম্বর মাসে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের জার্সিতে পপি ফুলের প্রতীক দেখা যায়। মাঠে রাখা হয় পুষ্পস্তবকও।

বাঁশির সুরে কেন নীরবতা

মাঠে যে বিশেষ সুরটি বাজানো হয়, সেটির নাম দ্য লাস্ট পোস্ট। এটি সামরিক ঐতিহ্যের একটি বিশেষ বাগল বা তূর্যধ্বনি। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে এবং তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই সুর বাজানো হয়।

যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের স্মরণে বাগল বাজানো হয়। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা

সুরটি বাজানোর পর সাধারণত এক বা দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও দর্শকেরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

শুধু স্মরণ নয়, সহায়তারও উদ্যোগ

এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে মানবিক একটি উদ্যোগও। যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান সেনাসদস্য এবং তাদের পরিবারের পাশে দাঁড়ায় রয়্যাল ব্রিটিশ লিজিয়ন নামের একটি দাতব্য সংস্থা।

পপি ফুলের প্রতীকসংবলিত জার্সি অনেক সময় ম্যাচের পর নিলামে তোলা হয়। সেখান থেকে পাওয়া অর্থের একটি অংশ সেনাসদস্য ও তাদের পরিবারকে সহায়তার কাজে ব্যয় করা হয়।

আরও পড়ুন: আবদুল আল-সাইয়েদ গড়লেন ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি

১১ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ

প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় রিমেমব্র্যান্স ডে বা স্মরণ দিবস। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতি কার্যকর হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণেই ব্রিটেনে দিনটি পালন করা হয়। ১১ নভেম্বর বা এর কাছাকাছি তারিখে অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলোতে তাই বিশেষ আয়োজন থাকে।

ফলে প্রিমিয়ার লিগের মাঠে লাল ফুল কেবল একটি প্রতীক নয়। এর সঙ্গে মিশে আছে যুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ, শ্রদ্ধা ও মানবিকতার গল্প। ৯০ মিনিটের ফুটবল লড়াইয়ের বাইরেও যে খেলাটির সমাজ ও ইতিহাসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, এই আয়োজন সেটিই মনে করিয়ে দেয়।

আরও পড়ুন: ক্রাকুউতে বন্দুকধারীর হামলা, নিহত ৫, আহত ১০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর আটক মাদক কারবারি ইয়াসিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ফটিকছড়িতে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর আটক মাদক কারবারি ইয়াসিন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চার ঘণ্টা পর ফের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান মাদক কারবারি ইয়াসিন। পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে ফের আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নায়লা নাঈম: আমি পরীর রাজ্য চাই, কেন বললেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


নায়লা নাঈম: আমি পরীর রাজ্য চাই, কেন বললেন?

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি বিভিন্ন কারণে প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসেন। তার ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা এবং সামাজিক মাধ্যমে নেটিজেনদের সক্রিয় উপস্থিতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

সম্প্রতি, বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে পরীমনি আলোচনা সৃষ্টি করেন। এ সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে কিছু মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন, আবার অন্যরা কঠোর সমালোচনা করছেন।

একটি ভিডিওবার্তায়, পরীমনির পাশে দাঁড়িয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়। সেই সঙ্গে বিবেকের কাছে ছোট হয়ে যাই।’

এরপর, পরীমনির ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করান প্রভা। তিনি বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’

এদিকে, পরীমনিকে নিয়ে চলমান বিতর্কের মাঝে আলোচিত মডেল ও চিকিৎসক নায়লা নাঈম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি পরীমনির সাহসিকতার প্রশংসা করে লেখেন, ‘East or west Pori Moni is best!’

পরীমনি কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে, এবং নায়লা নাঈমের এই প্রকাশ্য সমর্থন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নারীদের দৈনন্দিন হয়রানি ও ইভটিজিংয়ের বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন নায়লা নাঈম। তিনি বলেন, রাস্তাঘাটে হাঁটার সময় বা পাবলিক বাসে নারীদের মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হয়। ভিড়ের মধ্যে বা বাসের সিটে বখাটেদের অশালীন আচরণ এবং লোকাল বাসে নারীদের সম্মান না দেখানোর সংস্কৃতির তীব্র সমালোচনা করেন তিনি।

এ ধরনের পরিস্থিতিতে প্রতিবাদ জানানো ব্যক্তিদের সাহসিকতার প্রশংসা করেন নায়লা নাঈম। তিনি বলেন, কার দোষ ছিল কি ছিল না সেই বিচারে না গিয়ে চোখের সামনে এমন প্রতিবাদ হতে দেখাটা এক ধরনের মানসিক শান্তি দেয়। তিনি বলেন, ‘মাইয়াডারে দিন দিন আমার এত ভালো লাগে ক্যা? আমি নায়লা নাঈম— এমন একটি পরীর রাজ্য চাই!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে যান চলাচলে নতুন বিধিনিষেধ, রিকশা চলাচল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সিলেটে যান চলাচলে নতুন বিধিনিষেধ, রিকশা চলাচল নিষিদ্ধ

হযরত শাহজালাল (রহ.) সেতুর এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে সিলেট নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। এই নির্দেশনা কার্যকর হবে শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দফায় ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এরপর দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত একই কাজ সম্পন্ন হবে। এই সময়ে মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সকল ধরনের রিকশার চলাচল নিষিদ্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন ব্যবহার করতে পারবে।

সেতুর মাধ্যমে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচল করতে পারবে। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ডভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেরামত কাজের সুবিধার্থে পর্যায়ক্রমে সেতুর একটি লেন বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে। যানজটের সম্ভাবনা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ ২৫ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী একটি গ্রামে বিমান হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

শনিবার (৭ নভেম্বর) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য প্রকাশ করেছেন।

মুখপাত্র আনিস আল-আসবাহি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবকে হামলার জন্য দায়ী করেছেন।

তার অভিযোগ, আল-শারিয়া গ্রামে এই বিমান হামলা পরিচালিত হয়েছে। তবে এপির পক্ষ থেকে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই হতাহতের সংখ্যা ইয়েমেনের গৃহযুদ্ধের ক্রমবর্ধমান অবনতিশীল পরিস্থিতির প্রতিফলন। কয়েক বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে গত গ্রীষ্মে দীর্ঘকালীন যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত প্রতিপক্ষের মধ্যে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সৌদি সমর্থিত বাহিনীগুলোর অবস্থান দক্ষিণ ও পূর্বাঞ্চলে রয়েছে।

এর আগে শুক্রবার দক্ষিণ ইয়েমেনের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই হামলার জন্য হুথি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী পরস্পরকে দায়ী করেছে।

শনিবারের হামলার পর হুথি পরিচালিত আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স থেকে একাধিক শিশুর নিথর দেহ বের করে আনা হচ্ছে। একটি ছোট মেয়ের মাথা গুরুতরভাবে ক্ষতবিক্ষত ছিল। অন্য শিশুরা রক্তাক্ত ও ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় স্ট্রেচারে শুয়ে ছিল। হাসপাতালের কর্মীরা তাদের চিকিৎসা প্রদান করছিলেন।

হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত ওই কৃষিপ্রধান গ্রামটি রাজধানী সানা থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। হামলার পর সেখানকার ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ এবং বাতাসে ধুলার কুণ্ডলী দেখা যায়। হামলা থেকে বাঁচতে স্থানীয়দের আশপাশের কৃষিজমিতে আশ্রয় নিতে দেখা যায়।

আল-আসবাহি আল-মাসিরাকে জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ হয়েছে। এর আগে তিনি এপিকে ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, হামলায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনো বেসামরিক মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানোর সময় পরবর্তী হামলাগুলো তাদের লক্ষ্য করেও চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%