মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১৬ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং নিত্যপণ্য আমদানিকারক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, যদি সরবরাহ স্বাভাবিক থাকে, তাহলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
তবে, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত জ্বালানি সংকট সমাধান করা, সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা দূরীকরণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে, নিত্যপণ্যের বাজারের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।
আজ (মঙ্গলবার) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক।
ব্যবসায়ীরা জানান, চিনি, ভোজ্যতেল, ডাল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা গেলে, এসব পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই। তারা উৎপাদন স্বাভাবিক রাখতে উৎপাদনমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য আহ্বান জানান।
মিল মালিকদের প্রতিনিধিরা বলেন, বিদ্যমান জ্বালানি সংকটের মধ্যেও তারা স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। তারা দাবি করেন যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি পেলেও, দেশে চিনির দাম অপরিবর্তিত রয়েছে।
মুক্ত আলোচনায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, আমদানি ও মিল পর্যায়ে উৎপাদন সচল রাখা না গেলে, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে না। তিনি জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি এলসি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবি জানান।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফুটপাতের হকার ও অনিবন্ধিত ব্যবসায়ীদের তদারকির আওতায় আনার আহ্বান জানান কাওরান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন।
বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্যের হাতবদল কমিয়ে আনার পরামর্শ দেন।
সভায় বিভিন্ন বণিক সমিতির নেতারা সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে হয়রানি বন্ধে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। তারা খুচরা ও পাইকারি বাজার এবং মিলগেটে পণ্যের মূল্য তদারকি আরও জোরদারের দাবি জানান।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকার ও বেসরকারি খাতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিল মালিকদের প্রতিনিধিরা সভায় জানান, সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তারা এলসি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথাও তুলে ধরে এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিনিধি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে।
খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হচ্ছে। তারা উল্লেখ করেন যে, এসব উদ্যোগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে।
তবে ব্যবসায়ীরা বলেন, দেশীয় কোম্পানির কাছ থেকে পণ্য সংগ্রহ করে স্বল্পমূল্যে বিক্রির পাশাপাশি টিসিবির সরাসরি পণ্য আমদানি এবং বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
সভায় এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের দেওয়া মূল্যবান মতামত ও পরামর্শ লিপিবদ্ধ করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে।
তিনি নিত্যপণ্যের বাজারে সরকার ঘোষিত নতুন পে-স্কেলের প্রভাব যাতে অযৌক্তিকভাবে না পড়ে, সে বিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
সভায় এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাণিজ্য, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়, টিসিবি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মশার লার্ভা নিধন অভিযান শুরু করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রশাসক উল্লেখ করেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেসিসি সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। তিনি বলেন, ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধ করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে যে ঘরের ভেতর, ছাদ, বারান্দা এবং আশপাশে কোথাও ৩ দিনের বেশি পানি জমে না থাকে। প্রশাসক আরও বলেন, এই লড়াইয়ে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন।
মশার লার্ভা নিধন অভিযান সফল করার জন্য বিদ্যমান লোকবলের পাশাপাশি ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত ৫ জন স্প্রেম্যান নিযুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেনসহ সকল জলাবদ্ধ পানিতে এবং বাড়ির অভ্যন্তরীণ ড্রেনসমূহে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানোর কাজ করবে। আজ থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।
ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশাসক। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা অপসারণসহ নিজ নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিষ্কার রাখতে। একইসাথে এই উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে কর্মরত সকলকে কাজ করার নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, মো. ইসহাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসি’র সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প একটি চিঠিতে উল্লেখ করেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’
সোমবার, হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
চিঠির মধ্যে ট্রাম্প উল্লেখ করেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফিরে আসছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৬-১৭ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। বিগ ব্যাশে সর্বশেষ তিনি ২০১৭-১৮ মৌসুমে অংশগ্রহণ করেছিলেন।
সেভেন নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টোকসকে দলে নেওয়ার জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার) খরচ করেছে।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। পেইনের অধীনে এবার খেলতে যাচ্ছেন স্টোকস, যিনি একসময় অ্যাশেজে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছিলেন।
দলে যোগ দেওয়া নিয়ে স্টোকস মন্তব্য করেন, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। অ্যাডিলেড ওভাল ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা। নতুন সতীর্থদের সঙ্গে মিলে দলের সাফল্যের জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’
স্টোকসকে পেয়ে উচ্ছ্বসিত কোচ টিম পেইনও বলেন, ‘বেন স্টোকস এই খেলার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং চাপ সামলে ম্যাচ জেতানোর এক অনন্য কারিগর। আমাদের স্কোয়াডে তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
২০১৭-১৮ মৌসুমের পর থেকে অ্যাডিলেড স্ট্রাইকার্স আর বিগ ব্যাশের শিরোপা জিততে পারেনি। স্টোকসের অন্তর্ভুক্তিতে দীর্ঘ শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : হাইকোর্ট জানায়, শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না।
গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে পেশায় পুনর্বহালের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করে। সম্প্রতি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে।
২০১৫ সালের ৩১ জানুয়ারি গভর্নিং বডির সভায় গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হয়। পরবর্তীতে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদনের জন্য ১৬ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটিতে পাঠানো হলে, ২০ এপ্রিলের সভায় তা নামঞ্জুর করে ওই শিক্ষককে বকেয়া বেতন-ভাতাসহ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। তবে, বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, গভর্নিং বডি শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না, তারা কেবল প্রস্তাব দিতে পারে। বরখাস্ত কার্যকরের জন্য আপিল ও সালিশ কমিটির মাধ্যমে বোর্ডের অনুমোদন অপরিহার্য। স্বীকৃত বেসরকারি কলেজের শিক্ষককে বরখাস্ত করার ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করা বাধ্যতামূলক।
হাইকোর্ট আরও উল্লেখ করে, টেলিফোনে তদন্ত কমিটি গঠন বেআইনি। তদন্ত কমিটি গঠন করতে হবে যথাযথভাবে ডাকা গভর্নিং বডির সভায় আনুষ্ঠানিক রেজ্যুলেশনের মাধ্যমে। গভর্নিং বডির সভাপতি বা অন্য কারো মৌখিক কিংবা টেলিফোনিক নির্দেশ আনুষ্ঠানিক রেজ্যুলেশনের বিকল্প হতে পারে না।
এই রায়ে হাইকোর্ট ঘোষণা করে, গচিহাটা কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত বাতিল করে শিক্ষককে স্বপদে পুনর্বহাল এবং বকেয়া পাওনা বুঝিয়ে দিতে ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির সিদ্ধান্ত সম্পূর্ণ যথাযথ ও আইনসম্মত। তবে, মামলার বিচারাধীন অবস্থায় শিক্ষক আবুল মনসুর অবসরের বয়সে পৌঁছে যাওয়ায় তাকে আগের পদে পুনর্বহালের সুযোগ নেই বলে রায়ে উল্লেখ করা হয়। তবে, অবসরের বয়সে পৌঁছানোর তারিখ পর্যন্ত তার বকেয়া বেতন, চাকরিসংক্রান্ত সুবিধা এবং প্রযোজ্য পেনশন সুবিধা পাওয়ার অধিকার রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুজ্জামান। শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনিসুর রহমান খান ও সুলতান মাহমুদ বান্না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ