ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে হবে রাবির ভর্তি পরীক্ষা


প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে হবে রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। 

আজ মঙ্গলবার সকালে রাবি’র উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে। 

রাবি’র জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অধ্যাপক কামরুজ্জামান বাসসকে বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানগুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ২৩০৬টি মামলা দায়ের করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় এবং এসব মামলা রুজু করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস ও ৪টি ট্রাকসহ মোট ৩২২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি সহ মোট ৪১৫টি মামলা রুজু হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা রুজু হয়েছে। অভিযান চলাকালীন মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল দুজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল দুজনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩৬ জন হিসেবে চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৭ জন। ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৬ হাজার ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৯ হাজার ৮৩৫ জন।

১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৮৫০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৯ জন শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সদস্য অ্যাডভোকেট মাইনুউল আহসান পান্নাসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

তেজগাঁও সিএসডিতে বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে খাদ্যমন্ত্রী দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন।

তিনি এসব গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করেন এবং দায়িত্বপ্রাপ্ত গুদাম রক্ষকদের সঙ্গে কথা বলেন। চাল ও আটা কতদিন ধরে গুদামে সংরক্ষিত রয়েছে, তা রেজিস্টার পর্যালোচনা করে দেখেন।

একইসঙ্গে প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুদ ও বিতরণ সংক্রান্ত সার্বিক তথ্য সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। বর্তমানে চালু ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে।

পরিদর্শনের সময় কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন।

প্রয়োজন হলে এ বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান।

এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা খাদ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।

মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। যেসব সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।’

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%