মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:৫৫ পি.এম
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু, ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন যে, মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়ে জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদি গ্রামের বড় খান বাড়ীর মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জেলেরা যদি মা ইলিশ ধরা থেকে বিরত থাকার বিষয়ে সচেতন না হন, তাহলে ২৫ কেজি কিংবা ১০০ কেজি চাল দিলেও ইলিশ সংরক্ষণের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে আগামী বছরের ইলিশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তাই ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
জেলেদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সরাসরি ইলিশ আহরণের সঙ্গে জড়িত। ফলে ইলিশের জীবনচক্র, প্রজনন ও সংরক্ষণ সম্পর্কে আপনাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে আগামী বছরও ইলিশ পাওয়া যাবে। তাই মা ইলিশ রক্ষার দায়িত্ব আপনাদেরই সবচেয়ে বেশি।
মন্ত্রী বলেন, জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ও জেলেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এই ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি জেলেদের নিজেদের ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের স্বার্থের সঙ্গেও জড়িত। ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা গেলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে, যার সুফল জেলে পরিবারসহ দেশের মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভোগ করবেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সেলিম উল্যা সেলিম। এ সময় স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সকল অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিকদের কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা এবং বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ || ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রবিন জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। তরুণ সমাজকে সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে খেলাধুলার মাধ্যমে উদ্বুদ্ধ ও সচেতন করে গড়ে তুলতে হবে। সুস্থ তরুণ-তরুণীরাই আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করবে।"—এমন মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
এ সময় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুল বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণেরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তার পেছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা ও ইভ টিজিং কঠোরভাবে দমন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি হাটবাজার ও ব্যাংক এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব ছড়ানো বন্ধেও কঠোর নজরদারি রাখতে হবে।
এমপি সান্টু বলেন, পুলিশ একা সব অপরাধ দমন করতে পারবে না। এ জন্য জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে থানায় গিয়ে হয়রানির শিকার না হন এবং পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ