০৮:৪৫ পি.এম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান সম্প্রতি জানিয়েছেন, খালগুলো যদি পুনরুদ্ধার না করা হয়, তবে নগরের জলাবদ্ধতা কখনোই কমবে না। এছাড়া তিনি উল্লেখ করেন, এভাবে জনদুর্ভোগ দূর করা সম্ভব নয়।
সোমবার (১৩ জুলাই) গুলশান-২ এর ১০৪ নাম্বার রোডে মানারত বিশ্ববিদ্যালয়ের সামনে লেকের পাড় ভাঙন এবং বৃষ্টির পানি জমে থাকা স্থান পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
এসময় ডিএনসিসির প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভবিষ্যতে যেকোনো লেক পারের রাস্তার ভাঙন রোধ এবং বৃষ্টির পানি যাতে আর জমে না থাকে, সেজন্য রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, "আমরা যদি নগরবাসী সবাই সচেতন হই এবং ড্রেন ব্যবস্থা যদি আরো উন্নত করা যায়, তাহলে ভবিষ্যতে বৃষ্টির পানি আর কোনো রাস্তায় জমে থাকবে না।" এছাড়া তিনি নগরবাসীকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলতে এবং ড্রেনগুলো পরিষ্কার রাখার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব খাল বেদখল হয়ে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে নগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে। খালগুলো পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কখনোই কমবে না এবং জনদুর্ভোগ দূরী করা সম্ভব নয়। তাই নগরকে বাঁচাতে হলে এবং ভবিষ্যতে সুন্দর নগর গড়ার জন্য খালগুলো দখলমুক্ত করা জরুরি।
প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যে মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল এবং ড্রেন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার কারণে ঢাকা শহরের মশা অনেকটাই কমে গেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তায় জমে থাকা পানির দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে, সেজন্য সিটি কর্পোরেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তিনি দেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
পরে প্রশাসক খিলক্ষেতের নামাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নামার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে পানি নামার স্থান নামাপাড়া খাল সংস্কার করে পানি নামার উপযোগী করার নির্দেন দেন।
পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন