ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী


বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।’

আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক জনসমাবেশে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

উপস্থিত জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তাই আপনাদেরকে বলতে চাই, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে দলের ওপর আস্থা রেখেছেন, সেই আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সাথে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।’

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে, ইনশাআল্লাহ। দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে সরকার আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবে।

বিশৃঙ্খলাকারীদের সস্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী।’

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

তিনি বলেন, ‘আজকে সবাই প্রতিজ্ঞা করি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’

দেশের মানুষ এখন শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন আইনের শাসন চায়, কর্মসংস্থান চায়, সন্তানদের জন্য শিক্ষা চায়, পরিবারের জন্য স্বাস্থ্যব্যবস্থা চায়। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। একই সাথে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।’

পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে হাজার হাজার নেতাকর্মী তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: নৌবাহিনীর সদস্যরা প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নয়, নিজের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত ট্রাম্পের: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হরমুজ নয়, নিজের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত ট্রাম্পের: ইরান

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক মন্তব্যের মাধ্যমে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি নিয়ে ‘অবিরাম হুমকি’ না দিয়ে, বরং নিজের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে, ট্রাম্পের নিজের নিরাপত্তার বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং হরমুজ প্রণালি নিয়ে বিভিন্ন হুমকি অব্যাহত রাখার পরিবর্তে অন্য পথে চলা উচিত। আজিজি পূর্বাভাস দিয়েছেন, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যখন ট্রাম্পকে নিরাপদে থাকতে খাদ্য পরিবহনকারী একটি ট্রাকে আশ্রয় নিতে হতে পারে। এই মন্তব্য ইরানের একাধিক সতর্কবার্তার মধ্যে এসেছে। উল্লেখ্য, ইরানের নিয়ন্ত্রণে থাকা প্রণালিটি বর্তমানে জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। তেহরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিটি পুনরায় খুলবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান

রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান।

চলতি বছরে এটি চতুর্থবারের মতো রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী কোনও ড্রোনকে ভূপাতিত করা হলো।

রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ন্যাটোর বিমান নজরদারি ও নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা স্পেনের এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেটিকে ধ্বংস করার অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেয়নি রোমানিয়া। দেশটির রাডারে দেখা যায়, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরের এলাকাটি দিয়ে দেশে ঢোকে।

রাশিয়ার ড্রোন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনের সঙ্গে ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে রোমানিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির আকাশসীমায় একাধিকবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে।

বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রোমানিয়ার সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ভাসমান মাইনও রোমানিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় ওই অঞ্চলে এ ধরনের ঘটনায় নৌ ও বাণিজ্যিক চলাচলও ঝুঁকির মুখে পড়ছে।

রবিবারের ঘটনায় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটির সম্ভাব্য উৎস সম্পর্কে কোনও মন্তব্য না করায় এটি রাশিয়ার ড্রোন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

চলতি বছর চতুর্থ ড্রোন ভূপাতিত হওয়া কোন নতুন ঘটনা নয়। তবে চলতি বছর দেশটির আকাশসীমা রক্ষায় সরাসরি ড্রোন ভূপাতিত করার ঘটনা বাড়ছে।

এর আগে জুলাই মাসে, রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময়ে এ ধরনের বহু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কিন্তু জুলাইয়ের ঘটনাটিই রোমানিয়ার পক্ষ থেকে রুশ ড্রোন ভূপাতিত করার প্রথম নজির।

সাম্প্রতিক ঘটনাটি সেই ধারাবাহিকতায় চলতি বছরের চতুর্থ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা।

গালাতিতে ড্রোন বিধ্বস্ত হওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের ওপর রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দু’জন আহত হন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় রুশ ড্রোন হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার অঞ্চলগুলোতে সতর্কতা জারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ন্যাটো সদস্য হিসেবে রোমানিয়া জোটের বিমান নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আকাশসীমায় ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের যুদ্ধবিমান নিয়মিত টহল দেওয়া হয়ে থাকে। সর্বশেষ ঘটনাতেও স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেই ন্যাটো বিমান টহল মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের সর্বশেষ ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশটির সীমান্ত পেরিয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় কতটা চাপ তৈরি করছে, তা আবারও সামনে এনে দিয়েছে। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করার আয়োজন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়, যা গাংনী শহর প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।

আলোচনা সভার শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কড়া বার্তা আলবার্টার প্রিমিয়ারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


কানাডায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কড়া বার্তা আলবার্টার প্রিমিয়ারের

কানাডায় স্টুডেন্ট ভিসা মূলত একটি অস্থায়ী অনুমতিপত্র হিসেবে কাজ করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি বিদেশি শিক্ষার্থীর কাছে স্থায়ীভাবে বসবাসের (পিআর) বৈধ অনুমতি না থাকে, তাহলে তাকে দেশে ফিরতে হবে, জানালেন কানাডার আলবার্টা প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি এই তথ্য জানান। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বললেন, কানাডায় পড়াশোনার উদ্দেশ্যে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া স্টুডেন্ট ভিসা সবসময় একটি সাময়িক নথি হিসেবে গণ্য হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন শেষ করে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিয়ে দেশে ফিরে যাবেন—এটাই ভিসা নীতির মূল লক্ষ্য।

সম্প্রতি কানাডার পোর্টাজ কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) না পাওয়ার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে আলবার্টার প্রিমিয়ার বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ীভাবে থাকবার সুযোগ নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়ে থাকতে পারে।

কিছু অসাধু চক্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে ভুয়া বা নিম্নমানের ‘ডিপ্লোমা মিল’ পরিচালনা করেছে, যদিও স্মিথ পোর্টাজ কলেজকে এরকম একটি প্রতিষ্ঠান বলতে নারাজ। তিনি বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না—আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বাস্তবতা বুঝতে হবে।

একই সুরে কানাডার কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা প্রদান করেছে। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোর্সে ভর্তি হওয়ার আগে ছাত্রদের ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে যে, ওই প্রোগ্রামের আওতায় পড়াশোনা শেষে কাজের অনুমতি (পিজিডব্লিউপি) পাওয়া যাবে কি না। স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়া ভুয়া ব্যক্তি বা পরামর্শক প্রতিষ্ঠান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%