মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩:৩৩ পি.এম
দীর্ঘদিনের তীব্র অনাবৃষ্টি ও খরা থেকে রক্ষা পেতে এবং রহমতের বৃষ্টির আশায় নওগাঁর নিয়ামতপুরে সালাতুল ইস্তিস্কা (বৃষ্টি প্রার্থনার নামাজ) অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের মাকলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৬:৩০ মিনিটে এ বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজে ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাকলাহাট দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ শাইখ আব্দুর রহিম।
উল্লেখ্য, বর্তমানে নিয়ামতপুর উপজেলার অধিকাংশ জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বৃষ্টি না থাকায় খরায় ধান খেত শুকিয়ে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় একমাত্র আল্লাহর রহমতের বৃষ্টিই পারে মাঠের এই ফসল রক্ষা করতে। নামাজ শেষে মুসল্লিরা রব্বুল আলামিনের দরবারে ধান খেত ও প্রকৃতিকে রক্ষা করতে আকুল মনে রহমতের বৃষ্টির জন্য খাস দোয়া প্রার্থনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে। তার ফলাফল পাওয়া যায় সোমবার দুপুরে। এই ফলাফলে আসামিদের ইউরিনে কোন মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।
উপপুলিশ কমিশনার আরও জানান, ১০ দিন পর ডোপ টেস্ট করার কারণে এমনটি হতে পারে। তবে মামলার তদন্ত কাজ চলমান থাকবে।
এর আগে রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করেন। এ সময় ডিবি পুলিশের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী ছিলেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর আসামিদের নমুনা সংগ্রহের জন্য কারাগারে যাওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের কারাগার থেকে বাইরে নিয়ে আসা সম্ভব নয়। এ কারণে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের টেকনোলজিস্টদের কারাগারে নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পরদিন দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানানো হয়। চলতি মাসের ৪ আগস্ট ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন বাসচালক কুলদীপ (৩৯) এবং কন্ডাক্টর সন্দীপ (২৬)। তারা বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান বিশ্বনাথ ট্রাভেলসের হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন বলে প্রতিষ্ঠানটির এক কর্মী জানিয়েছেন।
পুলিশ জানায়, উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে নয়ডায় এক কাজিনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের না জানিয়েই বাড়ি থেকে বের হয় কিশোরীটি। পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর সে বাড়ি ছেড়ে বের হয়েছিল বলে পুলিশের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নয়ডার প্যারী চকে নামার পর প্রচণ্ড বৃষ্টি ও অন্ধকারের মধ্যে কিশোরীটি বুঝতে পারে, এখনও তার গন্তব্যে পৌঁছায়নি। তখন রাত প্রায় ৯টা। তার কাজিনের বাড়ি ছিল সেখান থেকে আরও প্রায় ৩৫ কিলোমিটার দূরে। একা ও বৃষ্টিতে ভেজা অবস্থায় সে একটি যানবাহনের অপেক্ষা করছিল।
একপর্যায়ে একটি যাত্রীবিহীন স্লিপার বাস সেখানে এসে থামে। কন্ডাক্টর কিশোরীকে জানান, বাসটিও নয়ডার সেক্টর-৬৩ এলাকার দিকে যাচ্ছে। এরপর সে বাসটিতে ওঠে। তবে পুলিশের দাবি, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।
কিশোরীর অভিযোগ, বাস চলতে শুরু করার পর কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ করেন এবং যৌন নির্যাতন চালান। বাধা দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের পর অভিযুক্তরা কিশোরীকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে কিশোরী পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তও শুরু হয়।
পুলিশ জানিয়েছে, বাসটি ছিল স্লিপার ধরনের এবং প্রতিটি বার্থ পর্দা দিয়ে ঢাকা ছিল। তদন্তকারীদের ধারণা, এই ব্যবস্থার সুযোগ নিয়েই অভিযুক্তরা অপরাধ সংঘটিত করেছে।
ঘটনার তদন্তে ফরেনসিক দল বাসের ভেতর থেকে কিশোরীর চুলের নমুনা সংগ্রহ করেছে। পুলিশ বাসটি জব্দ করেছে। পাশাপাশি বাসটি যে পথে চলাচল করেছিল, সেই রুটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবন পেছনে ফেলে জীবনের বাকি সময় ধর্মচর্চা ও আত্মশুদ্ধিতে কাটানোর ইচ্ছার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
নব্বই দশকের শেষভাগ থেকে শুরু করে পরবর্তী এক দশকজুড়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন পপি। তবে সময়ের পরিক্রমায় ধীরে ধীরে রূপালী পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে দীর্ঘদিন ধরে তিনি সংবাদমাধ্যম ও চলচ্চিত্রপাড়া থেকেও অনেকটাই বিচ্ছিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ের অধ্যায় পেছনে ফেলে জীবনের বাকি সময় ধ্যান ও ধর্মচর্চার মধ্য দিয়ে কাটাতে চান তিনি। অতীতে জীবনে ‘যত পাপ কামিয়েছেন’, তা থেকে মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী।
পপির এমন বক্তব্যের পর বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যকে অভিনয়জীবনকে ‘পাপ’ হিসেবে দেখার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন ছোট ও বড় পর্দার অভিনেতা এবং সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। সোমবার এক ফেসবুক পোস্টে পপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি মৌসুমীর কথাও উল্লেখ করেন। একসময় মৌসুমীও অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মনোযোগী হওয়া এবং নিজের পুরোনো চলচ্চিত্রগুলো মুছে ফেলার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে তাকে আবার অভিনয়ে দেখা গেছে।
জয় তার পোস্টে ব্যঙ্গাত্মকভাবে লেখেন, মৌসুমী ও পপির পর এখন শাবনূর ও পূর্ণিমাও যদি একই ধরনের কথা বলেন, তাহলে একটি পুরো প্রজন্মের গল্পই যেন পূর্ণতা পায়। অভিনয়কে পরবর্তী সময়ে ‘গুনাহ’ হিসেবে উপলব্ধি করার বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, তারকাদের সেই অভিনয় দেখে এবং ভালোবেসে যেসব দর্শক-ভক্ত বছরের পর বছর তাদের অনুসরণ করেছেন, তাদের অবস্থান কী হবে?
বর্তমানে যারা জনপ্রিয়, তারাও ভবিষ্যতে জীবনের শেষ সময়ে সবকিছু গুছিয়ে নিয়ে হজ বা ধর্মের পথে মনোযোগী হওয়ার একই ধরনের বক্তব্য দেবেন কি না সেই প্রশ্নও তুলেছেন জয়।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে পপির অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি বেশ কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। সিনেমাটির প্রচারণা কিংবা মুক্তির সময়েও কোথাও দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ