ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়া চাপে, তবু অনড় পুতিন


রাশিয়া চাপে, তবু অনড় পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমানে পঞ্চম বছরে প্রবেশ করেছে এবং এই যুদ্ধ নতুন একটি মোড় নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ৪০ দিনের একটি বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে ইউক্রেন রাশিয়ার লক্ষ্যে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যদিও ক্রেমলিন কিছুটা চাপের মুখে পড়েছে, তথাপি পুতিন যুদ্ধ চালিয়ে যেতে অনড়। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি বসার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের শক্তি আরো সুসংহত করার অঙ্গীকার করেছেন এবং আক্রমণ চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন। ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়াও আকাশ এবং স্থলপথে পাল্টা হামলা চালাচ্ছে।

রাশিয়া যুদ্ধের প্রথম দিকে বেছে বেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন এবং হিটিং প্ল্যান্টগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করার কৌশল নিয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সাধারণ জীবনযাত্রাকে দুর্বিষহ করে করা এবং বেসামরিক নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া। এখন ইউক্রেন পাল্টা সেই কৌশল রাশিয়ার ওপর প্রয়োগ করছে। ইউক্রেন বর্তমানে রাশিয়ার ভূখণ্ডের গভীরে অবস্থিত তেল শোধনাগার, তেল টার্মিনাল, নৌযান, অস্ত্র কারখানা ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের মত কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। নতুন কৌশলে তারা যথেষ্ট সফলও হয়েছে। যুদ্ধের উত্তাপ দ্বারপ্রান্তে এসে রাশিয়ার জনগণ এখন উদ্বিগ্ন ও শঙ্কিত। পঞ্চ বছরের যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপর প্রচলায় চাপ সৃষ্টি করেছে, যা এখন আরো প্রবল হয়েছে। ইউক্রেন চায়, রাশিয়ার যুদ্ধ অর্থনীতির ওপর চাপ আরও বাড়াতে, যেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় অথবা যুদ্ধের জন্য আরো বেশি মূল্য দিতে হয়।

বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি উৎপাদনকারী দেশ রাশিয়ায় এখন তেলের পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। মানুষকে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, যা তাদের বিরক্ত ও উদ্বিগ্ন করছে। ইউক্রেনের দখল করা ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

শুরুতে ইউক্রেনের ড্রোন হামলাকে গুরুত্ব না দিলেও, এখন এমনকি পুতিন নিজেও জ্বালানি সঙ্কটের বিষয়ে স্বীকার করেছেন। জ্বালানি সঙ্কট মোকাবেলার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। পুতিন প্রয়োজন হলে ডিজেল রপ্তানি বন্ধ করার কথাও ভাবছেন। গত সপ্তাহে প্রধান কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে পুতিন স্বীকার করেন, জ্বালানি তেলের মজুদ অস্বস্তিকর মাত্রায় কমে এসেছে। তিনি বলেন, রাশিয়ার কৃষি খাত ঝুঁকির মুখে রয়েছে এবং ‘আমাদের বেসামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোয় সন্ত্রাসী হামলার প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে।’

যুদ্ধের শুরুতে ইউক্রেন রাশিয়ার ওপর এত চাপ সৃষ্টি করতে পারেনি, কারণ তাদের যুদ্ধ সক্ষমতা অনেকটাই পশ্চিমা সমর্থন নির্ভর ছিল। কিন্তু ইউক্রেন এখন ড্রোনের জন্য একটি বিশাল অভ্যন্তরীণ শিল্প গড়ে তুলেছে। তারা বর্তমানে বছরে ৬০ থেকে ৭০ লাখ ড্রোন উৎপাদন করছে। সীমান্ত এলাকায় স্থলযুদ্ধে পারা সম্ভব নয় বুঝতে পেরে, ইউক্রেন দূরপাল্লার ড্রোনের মাধ্যমে রাশিয়ার ভিতরে সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করতে পারছে। সামরিক শক্তিতে পাল্লা দেওয়া সম্ভব নয় জেনে ইউক্রেন মনস্তাত্ত্বিক ও কৌশলগতভাবে যুদ্ধের ময়দানে এগিয়ে থাকতে চাইছে।

যুদ্ধে ইউক্রেনের এই আপাত সাফল্য জেলেনস্কিকে কিছুটা উন্নতি দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এক সময় জেলেনস্কির উপর বিরক্ত ছিলেন, তিনিও এখন তার সাহসের প্রশংসা করছেন। ন্যাটোও ইউক্রেনের পাশে দাঁড়ানোর বিষয়ে আরো দৃঢ়ভাবে কথা বলছে। আত্মবিশ্বাসী জেলেনস্কি বলছেন, ‘সঠিক সমর্থন পেলে ইউক্রেন দ্রুত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে রাশিয়া শান্তি বেছে নিতে বাধ্য হবে।’

কিন্তু ইউক্রেনের ড্রোন কৌশলের কাছে পুতিন নতি স্বীকার করার সম্ভাবনা কম। পুতিনকে যারা চেনেন, তারা জানেন যে চাপ দিয়ে তাকে ভাঙা যাবে না। ইউক্রেনের পাল্টা হামলার মুখে রাশিয়ার অগ্রযাত্রা কিছুটা মন্থর হলেও থেমে নেই। রাশিয়া ইউক্রেনজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গ্লাইড বোমা হামলা অব্যাহত রাখছে, যার ফলে প্রতিনিয়ত ইউক্রেনীয় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সব মিলিয়ে যুদ্ধ নতুন গতি পেলেও তা বন্ধের মত পরিস্থিতি সৃষ্টি হয়নি। গত ২৫ বছর ধরে রাশিয়ার সর্বেসর্বা ভ্লাদিমির পুতিন। কেজিবি থেকে ক্রেমলিন- সর্বত্র তার একাধিপত্য রয়েছে। সামরিক বাহিনী এবং প্রশাসনকে এমনভাবে সাজিয়েছেন, যাতে ভেতর থেকে কোনো ঝুঁকি নেই বললেই চলে। পশ্চিমাদের বিভিন্ন অবরোধ থেকে রাশিয়ার অর্থনীতিকে রক্ষা করার জন্য পুতিন চীন, ভারত, ইরানের সাথে মিলে বিকল্প রাস্তা বের করার চেষ্টা করছেন। তারচেয়ে বড় কথা, পুতিন জানেন, তার হাতে থাকা পারমাণবিক অস্ত্রই তার সবচেয়ে বড় রক্ষাকবচ। পশ্চিমারা দূর থেকে যতই জেলেনস্কিকে উসকানি দেয়, অস্ত্র দেয়; সরাসরি রাশিয়ায় হামলা চালিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধানোর ঝুঁকি কেউ নিতে চাইবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো হলো না লিয়ার, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো হলো না লিয়ার, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিয়া বেগম (১৫) হলেন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে লিয়া যখন চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছান, তখন একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর টমটমটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু জানিয়েছেন, লিয়া বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার বিচার এবং দায়ী চালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও ছয়জন।

এই ছয়জন সাক্ষী হলেন - নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো.আব্দুল হাফিজ, চাঁদপুর হাজীগঞ্জের সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ মহাদেবপুরের সাব-রেজিস্টার মো. রফিকুল ইসলাম, ভোলা চরফ্যাশনের সাব-রেজিস্ট্রার কাওসার খান, বন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, ও বাড্ডার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত পরে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন। বর্তমানে মামলাটির ২৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিলে বেনজীর আহমেদ ২০২৪ সালের ২৭ আগস্ট আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। হিসাব অনুযায়ী, তিনি ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য জানান।

তবে দুদক-এর তদন্তে বেনজীরের নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ, তিনি ১ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৬২২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া, তার নামে ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে, যা তার ঘোষণার তুলনায় ২ কোটি ৪০ লাখ ৪১ হাজার ২৯৮ টাকা বেশি।

দুদক-এর হিসাবে, বেনজীর আহমেদ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সম্পদ বিবরণীতে তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ পাওয়ার কারণে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর বেনজীরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

চার্জশিটে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যানবাহনের মালিকদের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ঢাকার যানবাহনের মালিকদের জন্য বড় দুঃসংবাদ

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করার জন্য সরকার নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়া অনুযায়ী কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক (কনজেশন চার্জ) আরোপের প্রস্তাব করা হয়েছে।

জানা যায়, প্রস্তাব অনুযায়ী এই শুল্ক রাজধানীর সব সড়কে কার্যকর হবে না; বরং এটি মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চলাচলকারী করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরেই এ শুল্ক কার্যকর করা উচিত।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে দেখা যায়, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার ছিল, যা ২০২২ সালে কমে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে দাড়িয়েছে। অর্থাৎ, দেড় দশকের ব্যবধানে রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে, যা নগরের চলাচল ব্যবস্থার উপর ব্যাপক চাপের ইঙ্গিত দেয়।

বিশ্বব্যাংকের অপর একটি গবেষণায় বলা হয়েছে, রাজধানীর ভয়াবহ যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা যানজটের কারণে হারিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর ফলে দেশের অর্থনীতিতে বড় আকারের প্রভাব পড়ছে। দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি) খসড়ায় এও উল্লেখ করা হয়েছে যে, যানজট শুল্ক আদায়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহৃত হবে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক আদায় করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পুরো কার্যক্রম পরিচালনা এবং তদারকির দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ১০ বছর পার হয়ে গেছে। এটি ছিল দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। এমন হামলা যেন আর না ঘটে; সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।

হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার নিহতদের স্মরণে ঢাকাস্থ ইতালি দূতাবাসের স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই শক্ত অবস্থানে রয়েছে। হলি আর্টিজানের ঘটনার পর হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে কার্যক্রম জোরদারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করেছে।

এসময় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, নিহতদের স্বজন এবং হলি আর্টিজানে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিম্মিরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে মর্মান্তিক এ ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%