ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার


ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন,দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অপরাধে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা ক্লাবের উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন যাবত বাধার সৃষ্টি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতার পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানাবিধ ষড়যন্ত্র করে আসছেন। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বহিষ্কৃত তিন সদস্যের নেতৃত্বে কাঠালিয়া প্রেসক্লাব নামে পৃথক একটি সংগঠন গঠন করেন।
বহিষ্কৃতরা হলেন—দৈনিক ইত্তেফাকের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।
আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কাঠালিয়া প্রেসক্লাবের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,ক্লাবের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে জরুরি সভায় আলোচনা শেষে ওই তিন সদস্যের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের প্রতি সরকারের কোনো পক্ষপাত নেই: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ড. ইউনূসের প্রতি সরকারের কোনো পক্ষপাত নেই: তথ্য উপদেষ্টা

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই। তিনি উল্লেখ করেছেন, বিষয়টি আদালতের অধীনে এবং মামলা নিজস্ব গতিতে চলবে। সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি কোনো অনুরাগ কিংবা বিরাগের প্রশ্নও নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের বিষয়ে হাইকোর্টের আদেশ এবং এ নিয়ে করা দুটি রিটের প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, এ পরিস্থিতিতে গ্রামীণ কল্যাণের পেছনে থাকা ব্যক্তিদের বিষয়ে সরকারের কোনো বিশেষ বার্তা আছে কি না।

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘খেয়াল করবেন, এটা আদালতের ব্যাপার এবং একটু মিসপারসেপশন ছিল। এটা এখন ডিটেইলড অনেকের সামনে এসেছে যে, এই কর মওকুফের ব্যাপারে রায় কী হয়েছিল, সেই রায়টা কেন তখন কার্যকর হয় নাই, ইন্টারিমের সময় ছিল, এখন তাদেরকে দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও তিনি জানান। ‘আদালতের রায় হয়েছে, তাদেরকে ওই করটা দিতে হবে। তারা নিজেরাই বাদী হয়ে এই করটা দিতে চান নাই। সরকারের এখানে আসলে কিছু করার নেই।’

মামলার পরবর্তী কার্যক্রমও আদালতের নিয়মেই চলবে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সরকারের কিছু করার নেই, কারণ এখন যে মামলা তার গতিতে চলবে। তারা হয়তো এটা নিয়ে আবার আপিল বিভাগে যেতে পারেন। যদি সেটা তারা সাসটেইন করতে না পারেন, তাহলে তাদেরকে এটা দিতে হবে।’

এ বিষয়ে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘সরকারের কোনো রকম ইনভলভমেন্ট নেই, কারণ ড. ইউনূস বা আর কেউ কারো প্রতি কোনো অনুরাগ-বিরাগের প্রশ্ন নাই।’

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এটা যেহেতু বিচার বিভাগের ব্যাপার, আমরা বিশ্বাস করি এবং আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে বিচার বিভাগ তার স্বাধীনভাবে যে দায়িত্ব পালন করার কথা, সেটা তারা করছেন।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতের ফাঁসির রায় নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের আলাদা করে কিছু বলার নেই। মামলায় সরকারের প্রসিকিউশন টিম কাজ করছে।

কোনো ব্যক্তির ফাঁসির রায় দেখে আনন্দিত হওয়ার চেয়ে সমাজে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যেটা দেখতে চাই অনেকে আমরা বলি না যে, ফাঁসির রায় দেখে আমরা ভীষণ খুশি হয়ে গেছি। কারো ফাঁসির রায় দেখে আসলে ভীষণ খুশি হওয়ার চাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে আমরা আমাদের সমাজের ন্যায়বিচারটা নিশ্চিত করতে পারছি কি না।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে বলেছিলাম—আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে চাই, সেটা নিশ্চিত হচ্ছে, সেটা আমরা দেখতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউ’র সঙ্গে তাল মেলাতে হাঙ্গেরির এলজিবিটিকিউ বিরোধী আইন সংশোধনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ইইউ’র সঙ্গে তাল মেলাতে হাঙ্গেরির এলজিবিটিকিউ বিরোধী আইন সংশোধনের উদ্যোগ

হাঙ্গেরি সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানদণ্ডের সাথে সঙ্গতি বজায় রাখতে এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিতর্কিত এলজিবিটিকিউ বিরোধী আইন সংশোধনের জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে। এই আইনটি সাবেক জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানের শাসনামলে প্রণীত হয় এবং এটি আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন সরকার সংশ্লিষ্ট বিলটি পার্লামেন্টে জমা দেয়। বিলে ২০২১ সালের বিতর্কিত আইন থেকে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামিতা বা লিঙ্গ পরিবর্তনের "প্রচার" ও "প্রদর্শন" নিষিদ্ধ করার অংশগুলো বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরিবর্তে, নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, অপ্রাপ্তবয়স্কদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক বা নৈতিক বিকাশে মারাত্মক ক্ষতি সাধন করতে পারে—এমন উপাদানের ক্ষেত্রে সর্বজনীন নিয়ম প্রযোজ্য হবে।

বর্তমান রক্ষণশীল প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার জানান, এই নিয়মগুলো "যেকোনো যৌন পরিচয়ের ঊর্ধ্বেই প্রযোজ্য হবে" এবং এটি দেশকে ইইউ-এর মানদণ্ডের সাথে মানিয়ে নিতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, অপ্রাপ্তবয়স্কদের সামনে যৌন সহিংসতা, ম্যানিপুলেশন ও শোষণের প্রচার বরদাশত করা হবে না।

উল্লেখ্য, ২০২১ সালে ভিক্টর অরবানের সরকার শিশু সুরক্ষার অজুহাতে এই আইনটি পাস করে, যার মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের মাঝে সমকামিতা সম্পর্কিত তথ্য প্রচার নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে এই আইনের অজুহাতে প্রাইড মার্চও নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০২৬ সালের এপ্রিলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত (ইসিজে) এক রায়ে জানায়, এই আইনটি ব্লকের মূল নীতি ও মানবাধিকারের পরিপন্থী।

এরপর, এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা অরবানকে পরাজিত করে পিটার ম্যাগিয়ার ক্ষমতায় আসেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই আইনি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, সমলিঙ্গের দম্পতিদের সন্তান দত্তক নেওয়ার ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার বিষয়টিও হাঙ্গেরি সরকার বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ২০২৭ সালের মধ্যে অনলাইনে পরিচালিত হবে: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ২০২৭ সালের মধ্যে অনলাইনে পরিচালিত হবে: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল অটোমেশনের মাধ্যমে পেপারলেস ও ক্যাশলেস প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

উপাচার্য উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইতিমধ্যে ক্যাশলেস হয়ে গেছে। কিছু ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার এখনও রয়েছে, তবে সেটিও খুব শীঘ্রই সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। এর ফলে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করার একটি বড় লক্ষ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। এতে কোনো প্রিন্ট আউটের প্রয়োজন হবে না।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে প্রতিদিন বিপুল পরিমাণ কাগজ ব্যবহার ও নষ্ট হয়। ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার মাধ্যমে কাগজের ব্যবহার কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস করা সম্ভব হবে।

পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, যদি কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়, তবে ১০টা ১৫ মিনিটের মধ্যেই কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত রয়েছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসে ১৬ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের দিকে এগোচ্ছে। আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে আসবে। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে দুই সপ্তাহের মধ্যে যেকোনো পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি, সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি, সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ পল্লিচিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকীর দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনের ওপর এই নারাজি আবেদনটি গ্রহণ করা হয়েছে।

শুনানি শেষে মামলাটি অধিকতর ও নিরপেক্ষ পুনঃতদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেট্রোপলিটন আদালতের কৌঁসুলি আব্দুল হাদি বেলাল জানান, মামলাটি তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার শাহজাহান আলী এবং কোতোয়ালি থানার ওসি মোস্তাইম বিল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে দায়ের করা হয়েছে।

আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থাও (পিবিআই) পুলিশ বাহিনীর সদস্য। তাই তদন্তের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। বিচারক সার্বিক বিচার বিবেচনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে নারাজি আবেদন গ্রহণ করে সিআইডিকে পুনঃতদন্তের দায়িত্ব দেন।

একই সঙ্গে সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের আড়াই বছর অতিবাহিত হলেও অনেক স্পর্শকাতর মামলায় দৃশ্যমান অগ্রগতি নেই এবং অনেক ক্ষেত্রে আসামি পুলিশ কর্মকর্তাদের রক্ষার চেষ্টা করা হচ্ছে।

গুলির ঘটনায় গুরুতর আহত রংপুর সিটি বাজার এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী নিজের করুণ পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নিজের চেম্বারে আহত আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় পুলিশ শাটার ভেঙে ভেতরে ঢুকে তার পা লক্ষ্য করে সরাসরি গুলি চালায়।

বর্তমানে যন্ত্রণাদায়ক অবস্থায় জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর কষ্ট করে হাঁটতে হয়। সবসময় তীব্র ব্যথা থাকে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।’

শারীরিক সক্ষমতা ফিরে পেতে জরুরি ভিত্তিতে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন জানিয়ে সরকারের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই পল্লিচিকিৎসক।

পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখানের পর সিআইডির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ও দোষী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা আদালতের সামনে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাদী ও তার আইনজীবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%