দেবাশীষ মন্ডল আশীষ নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
০২:১৪ পি.এম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘটে গেছে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একটি আট মাসের অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। আহতদের উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত ওই অন্তঃসত্ত্বা নারী এবং তাঁর স্বামীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক ব্যক্তির, যিনি হায়দার নামে পরিচিত, স্ত্রীর সঙ্গে রনি নামের এক স্থানীয় যুবকের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন একটি অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় চলছিল। সম্প্রতি ঘটনাটি উজ্জ্বল নামের এক যুবকসহ কয়েকজনের সামনে প্রকাশ পায়। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এই ঘটনার পর হায়দার ও অভিযুক্ত রনি কথা বলার জন্য উজ্জ্বলের বাড়িতে যান। সেই সময় উজ্জ্বল তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের একটি বাঁশবাগানে কাজ করছিলেন। পরে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে একটি বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে উজ্জ্বল, তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তাঁর মা গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে উজ্জ্বলের মায়ের হাত কেটে যায় এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে আঘাত লাগে, যা তাঁর শারীরিক অবস্থার জন্য আশঙ্কাজনক হয়ে পড়ে।
এদিকে, সংঘর্ষের একপর্যায়ে হায়দার ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হায়দার ও তাঁর স্ত্রী তাঁদের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে কিছু হাতাহাতির ঘটনা ঘটে, তবে কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর করা হয়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, গুরুতর আহত উজ্জ্বল ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে। উজ্জ্বলের মা বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, হায়দার ও তাঁর স্ত্রীও একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনার ফলে বর্তমানে সারেংকাঠি ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে থানায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির খবরও পাওয়া গেছে জানাচ্ছেন স্থানীয় একাধিক সূত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য ২০২৬ বিশ্বকাপ হতাশাজনকভাবে শেষ হয়েছে। গত ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ার কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে এবং এর পাশাপাশি কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়ারও জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেললেন।
এখন ৪০ বছর বয়সি এই গোলরক্ষক ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, 'এভাবে শেষ হওয়াটা ভীষণ তিক্ত।' দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি এমন হতাশার মধ্যে হবে, তা হয়তো নয়ার নিজেও কখনো কল্পনা করেননি।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত নয়ারের জন্য ম্যাচটি আরও হতাশাব্যঞ্জক হয়ে উঠেছে। প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নেমে তিনি বিশ্বকাপ ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিকও হয়ে গেছেন। এ কারণে ব্যক্তিগত ও দলীয়—দুপুর দিকে স্মরণীয় হওয়ার বদলে, দুঃস্বপ্নের একটি রাত কাটাতে হয়েছে জার্মান গোলকিপারকে।
২০১৪ বিশ্বকাপ জিতে জার্মানির হয়ে নয়ার ১২৮টি ম্যাচ খেলেছেন। তবে একটি বিশ্বকাপ ছাড়া জাতীয় দলের হয়ে নয়ারের অন্য কোনো ট্রফি জিততে পারেননি।
এদিকে, জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানও ম্যাচ শেষে দলের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতা যে জার্মান ফুটবলের জন্য একটি বড় সতর্কবার্তা, সেটি স্পষ্ট।
এক সময়ে যাদেরকে প্রতিটি বড় আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মনে করা হতো, সেই জার্মানি এখন টানা হতাশার বৃত্তে আটক আছে। সুতরাং, নতুন দলের গঠন, পরিকল্পনা এবং কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ২৯৪টি মামলা করেছে।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এইসব মামলা করার জন্য অভিযান পরিচালিত হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি এবং ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি এবং ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি এবং ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি এবং ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি এবং ৩২৭টি মোটরসাইকেলসহ মোট ৫২৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি এবং ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি এবং ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা করা হয়েছে।
এছাড়াও, অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৩৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই।
আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর ও মানবিক। বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষের জন্য চরম সংকট সৃষ্টি করে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা (এক্সপার্টিজ) এবং প্রয়োজনীয় ফান্ড রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন।’
প্রকল্পটির ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে জনসাধারণ ও তার নিজস্ব স্বার্থে পদক্ষেপ নেবে। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রকাশ করার অধিকার রাষ্ট্রের রয়েছে। আমাদের এই উন্নয়নমূলক পদক্ষেপে অন্য কোনো দেশের কনসার্ন থাকার কারণ দেখি না। ভারত বা অন্য যেকোনো দেশ বাংলাদেশের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এনগেজ করবে। যদি কারো কোনো সিকিউরিটি বা নিরাপত্তা কনসার্ন থাকে, বাংলাদেশ তা মাথায় রাখবে। এসব সংবেদনশীল বিষয়ে কোনো আপস না করেই কাজ করবে।’
বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত সরকারের সময় জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। আমরা যেকোনো দেশের সঙ্গে পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করেই কাজ করবো।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘এই প্রকল্প বা ব্যারাজ নির্মাণের অর্থ এই নয় যে বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা ছেড়ে দিচ্ছে। আমরা তিস্তা ও গঙ্গাসহ অভিন্ন ৫৩টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তবে নদী শাসন ও সুরক্ষায় অভ্যন্তরীণ ডাউনস্ট্রিম ব্যারাজ প্রকল্পের কাজ নিজেদের স্বার্থে দ্রুত করতে হবে।’
এছাড়া প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আদালতের নির্দেশের ভিত্তিতে শেখ হাসিনার বক্তব্য প্রচার-প্রচারণায় গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, দুর্নীতি প্রতিরোধে দুদকের স্বাধীন ভূমিকা এবং খুব দ্রুতই নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতি সম্পর্কে সরকারের অবস্থান ও নীতির বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে। কিন্তু বিদায়ের বেদনাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে মেক্সিকোর মানুষের ভালোবাসা। রাজনৈতিক টানাপোড়েন, দীর্ঘ ভ্রমণ আর নানা জটিলতার মধ্যে বিশ্বকাপ খেলতে এসে তিহুয়ানায় যে আন্তরিকতা পেয়েছে ইরান, সেটিই এখন দলটির সবচেয়ে বড় প্রাপ্তি।
গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে রাখতে পারেনি ইরান। শেষ মুহূর্তে করা একটি গোল ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। পরে অস্ট্রিয়া আলজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে সমতা ফেরালে সেরা তৃতীয় হওয়ার দৌড় থেকেও ছিটকে যায় ইরান। ফলে নকআউটে ওঠার স্বপ্ন ভেঙে যায় তাদের।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির প্রস্তুতিতেও দেখা দেয় বড় জটিলতা। ভিসা-সংক্রান্ত আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নিজেদের প্রস্তুতি মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় নিয়ে আসে ইরান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ শেষে কয়েক ঘণ্টার মধ্যেই আবার মেক্সিকোতে ফিরতে হতো দলটিকে।
এই কঠিন সময়ে মেক্সিকোর মানুষ ইরানকে আপন করে নেয়। প্রতিটি ম্যাচের আগে ও পরে শত শত সমর্থক দলের হোটেলের বাইরে ভিড় করতেন। খেলোয়াড়দের অটোগ্রাফ নেওয়া, ছবি তোলা এবং শুভকামনা জানানো ছিল তাদের নিত্যদিনের দৃশ্য।
বিশ্বকাপ শেষে বিদায়ের সময়ও সেই ভালোবাসা কমেনি। অনেক সমর্থক এমন টুপি পরে বিদায় জানাতে আসেন, যাতে লেখা ছিল, "ইরান, ভাই, তুমি এখন মেক্সিকান।" এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেক্সিকোর মানুষ ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানায় ইরানের প্রতিনিধি দল। বার্তায় বলা হয়, মেক্সিকোর মানুষের আন্তরিকতা তাদের নিজেদের বাড়িতেই থাকার অনুভূতি দিয়েছে।
তারা আরও লেখে, "তিহুয়ানা ছেড়ে যাওয়া আমাদের জন্য সত্যিই কঠিন। এখানে কাটানো স্মৃতি, গড়ে ওঠা বন্ধুত্ব এবং মানুষের ভালোবাসা ইরান দলের প্রতিটি সদস্যের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। ধন্যবাদ। আশা করি আবারও আমাদের পথ এক হবে।"
ইরানের রাষ্ট্রদূত ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও মেক্সিকোর মানুষের আতিথেয়তার প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে তাদের নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হয়েছে।
বিশ্বকাপে ইরানের যাত্রা হয়তো শেষ হয়েছে হতাশায়, কিন্তু তিহুয়ানার মানুষ যেভাবে দলটিকে আপন করে নিয়েছেন, তা ফুটবলের সীমানা ছাড়িয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে রইল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ