ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নীলফামারীর ডোমারে যৌনকর্মী নিয়ে দ্বন্দ্বে রাতে ‘তুলকালাম কাণ্ড’


নীলফামারীর ডোমারে যৌনকর্মী নিয়ে দ্বন্দ্বে রাতে ‘তুলকালাম কাণ্ড’

নীলফামারীর ডোমারে এক নারীর সঙ্গে যৌনকর্মী নিয়ে দ্বন্দ্ব ও মারধরের ঘটনায় শ্যামল শর্মা (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবার কর্তৃক দায়ের করা মামলায় পুলিশ শাহনাজ বেগম (৩০) ও আব্দুর রশীদ (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দিরাই বিএনপির প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ সংগঠক আব্দুর শহিদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

নিহত শ্যামল শর্মা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং পেশায় তিনি নাপিত ছিলেন। আটককৃতদের মধ্যে শাহনাজ বেগম (৩০) রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী এবং আব্দুর রশীদ (৪৫) ডোমারে হরিনচড়া ইউনিয়নের শালমারা শেওটগাড়ী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাতে আব্দুর রশীদসহ কয়েকজন রাজশাহী থেকে শাহনাজ বেগম নামের ওই নারীকে ডোমারের নীলাহাটিতে কলন্দর নদীর পাড়ে অনৈতিক কাজের জন্য নিয়ে যান।

পরে তাকে নীলাহাটি শ্মশানঘাটের পাশের কলন্দর নদীর এলাকায় নেওয়া হয়। সেখানে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা দাবি করেছেন।

নিহতের ভাই কৃষ্ণ শর্মার অভিযোগ, সোমবার রাতে নীলাহাটি শ্মশানঘাটে শ্যামল ও হাফিজ নামের দুই ব্যক্তি তার বড় ভাই শ্যামল শর্মাকে ফোন করে ডেকে নেন। সেখানে যাওয়ার পর একপর্যায়ে তার ভাইয়ের অন্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর ফলস্বরূপ আব্দুর রশীদ, শ্যামল, হাফিজসহ কয়েকজন তার ভাইকে মারধর করেন। এতে শ্যামল অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুন: কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা

কৃষ্ণ শর্মা আরও জানান, পরে শাহজাহান নামের এক ব্যক্তির মোবাইল ফোন থেকে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্যামলকে আহত অবস্থায় দেখতে পান। তার নাভির নিচের অংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় বাইরে থেকে নারী এনে রাতের আঁধারে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে।

তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ক্ষেত্রে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার শ্যামল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৯০ টাকা নিয়ে বিরোধে রডের আঘাতে দর্জির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে শিল্প কারখানাসহ দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


নারায়ণগঞ্জে শিল্প কারখানাসহ দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে, যার মধ্যে তিনটি শিল্প কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। এই অভিযানের সময় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জালকুঁড়ি, আমতলা, মিজমিজি ও বাতেনপাড়া এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় জালকুঁড়ি এলাকায় আবির ওয়াশিং প্লান্ট, আমতলা এলাকায় জিসান জিন্স ফ্যাক্টরি এবং মিজমিজি এলাকায় অনুমোদনহীন একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

আবির ওয়াশিং প্লান্টের মালিকপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অন্য দুটি কারখানার মালিকপক্ষের কাউকে উপস্থিত না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। পরে মিজমিজি বাতেনপাড়া এলাকায় ১০ তলা একটি বহুতল ভবনসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ির দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানান, বিকেল পর্যন্ত অভিযানে ৩০০ ফুট অবৈধ পাইপ, তিনটি বুস্টার এবং বেশ কয়েকটি রাইজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাছাড়া, বিচ্ছিন্ন করা অবৈধ সংযোগ স্থলগুলো তিতাসের মূল বিতরণ সংযোগ স্থল থেকে গ্র্যান্ডিং মেশিন দিয়ে নিষ্ক্রিয় করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক রাজস্ব শাখা ব্যবস্থাপক পার্থ বিশ্বাস সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে দেলাওয়ার আসন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি, জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে দেলাওয়ার আসন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি, জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। বিগত সংসদ নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতা লক্ষ করা যাচ্ছে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন নতুন ঠাকুরগাঁও গড়ে তোলার প্রত্যাশা।

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনের মাঠে একাধিক প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৬৬ হাজার ১৩৮ জন।

দেলাওয়ার হোসেনকে ঘিরে জামায়াতের প্রত্যাশা,
আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন। তরুণ এই প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। পাশাপাশি তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন রিমান্ডে ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিতি লাভ করেন।

আসন্ন উপনির্বাচনে বিএনপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনে দেলাওয়ার হোসেনকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর থেকেই জামায়াতসহ জোটের নেতাকর্মী ও সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন।

প্রথমবারের মতো এ আসনে বিজয় অর্জনের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন জামায়াতসহ ১১ দলের নেতাকর্মীরা। দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে তাঁরা মিছিল, সভা-সমাবেশ, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শহর থেকে গ্রাম, হাটবাজার থেকে মাঠ-ঘাট—বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় সাধারণ মানুষের সাড়া পাওয়ার দাবি করছেন দলটির নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচনে ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।

বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্ব দিচ্ছে জামায়াত। এসব ভোটারের সমর্থন নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটের ফলাফলে।

ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় দেলাওয়ারের,
জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এ প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, “একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। থাকবে না সন্ত্রাস, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব।”

তিনি নির্বাচনে সবার দোয়া কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার, সর্বনিম্ন দাম ১ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


সাফের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার, সর্বনিম্ন দাম ১ হাজার টাকা

বাংলাদেশে দীর্ঘ আট বছর পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ফিরে আসছে। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে, যা নির্ধারিত রয়েছে ৫ থেকে ১৭ নভেম্বর। টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে। টিকিটের বিক্রির দায়িত্ব পালন করবে ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই।

আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে সাফের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। সাধারণ গ্যালারির জন্য এই মূল্য প্রযোজ্য। ক্লাব হাউসের টিকিটের দাম ৪ হাজার, ভিআইপি গ্যালারির জন্য ৭ হাজার, রেড বক্সের টিকিট ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। এক দিনের টিকিটে দর্শক দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন। ফাইনালের টিকিটের মূল্য পরিবর্তন হতে পারে।

পূর্ববর্তী ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় টিকিফাইয়ের ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিয়েছিল। দর্শকরা টাকা দিয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছিলেন। তাই এবার সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি এড়ানো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে।

সাফে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অপর গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ রয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর এবং ফাইনাল হবে ১৭ নভেম্বর। বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে, সেটিও ঘরের মাঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, বাদীকে হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, বাদীকে হুমকির অভিযোগ

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগের পর এবার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন মামলায় জড়ালেন অভিনেত্রী তানজিন তিশা।

ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি দাখিল করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন বাদী।

বাদীর দাবি, সেই মামলার প্রত্যাহারের জন্য তাকে হুমকি ও ক্ষতির ভয় দেখানো হয়েছে। ২০২৫ সালের ৭ নভেম্বর মুঠোফোনের মাধ্যমে হুমকি প্রদান করেন তানজিন তিশা। তবে এসব অভিযোগ আদালতে এখনও প্রমাণিত হয়নি।

এদিকে, সোমবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন তানজিন তিশা। তিনি অভিযোগ করেন যে, পরিকল্পিতভাবে তার বক্তব্যের কিছু অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে তার সম্মান ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। তিনি জানান, তার কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

আইনি বিতর্কের পাশাপাশি তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও ২০২৫ সালের অক্টোবরে শুটিং শুরু হওয়ার পর সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির বাকি রয়েছে নয় দিনের শুটিং। শিল্পী ও কলাকুশলীদের সম্মানী এবং খাবার সরবরাহকারীর পাওনা নিয়েও অভিযোগ উঠেছে। তবে নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রথমে সিনেমাটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা ছিল, পরে সম্ভাব্য মুক্তির সময় ২০২৬ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়।

কিন্তু শুটিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি। ফলে আইনি জটিলতার পাশাপাশি তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%