০৬:৩৩ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা চালানোর সময় পুলিশ পরিচয় দিয়েই ২ জন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা এবং পুলিশে সোপর্দ করেছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সুজাত মিয়া এবং সিজন মিয়া। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং এক জোড়া হ্যান্ডকাফ (হ্যান্ডকাপ) জব্দ করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুজাত ও সিজনসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তিকে 'আসামি' হিসেবে তুলে নিয়ে যান। পরে, তারা কলমাকান্দার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় পৌঁছালে, তাদের আচরণ এবং পরিচয় নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ সৃষ্টি হয়।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
একপর্যায়ে স্থানীয় লোকজন খোঁজখবর নিয়ে দুপুরের দিকে ওই দুজনকে আটকে ফেলেন। তারা তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন। এ সময় বেগতিক দেখে পুলিশ পরিচয় দেওয়া তাদের অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ দ্রুত আমবাড়ী বাজার এলাকায় পৌঁছে জনতার হাতে আটক ২ জন ভুয়া পুলিশ সদস্য এবং অপহৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেল ও হ্যান্ডকাফের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন