০৩:৩৯ পি.এম
গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল্যান্ডস। কিন্তু শেষ বত্রিশের প্রতিপক্ষ মোটেও তাদের জন্য সহজ নয়, খেলতে হবে গত আসরের সেমি-ফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। ডাচ কোচ রোনাল্ড কুমান নিশ্চিত, নকআউট পর্বের শুরুতে তার দলকে ভীষণ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ সেরা হয়েছে নেদারল্যান্ডস। আগামী মঙ্গলবার মন্তেরেইয়ে ‘সি’ গ্রুপ রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে তারা। এই লড়াই নিয়ে নেদারল্যান্ডস কোচ বেশ সাবধানী।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, মরক্কোর বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট কিনা। আমাদের মরক্কের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ, এটা হবে একটি বড় ম্যাচ। তারা মানসম্পন্ন একটি ভালো দল, এবং তারা সহজেই গোল করতে পারে।’
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
এখনই রাউন্ড অব ৩২ বাদ দিয়ে পরের সম্ভাব্য ম্যাচগুলো নিয়ে ভাবতে চান না কুমান। তিনি জানান, ‘আমার মনে হয় না, আমরা এমন পরিস্থিতিতে আছি যে, সেটা নিয়ে এখনই ভাবতে পারি। আমরা সত্যিকার পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
সহজেই নকআউটে খেলা নিশ্চিত হলেও, তিনি রক্ষণ নিয়ে ভাবনায় আছেন। কারণ টানা সাত ম্যাচ গোল হজম করেছে তার দল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারটায় মনোযোগ দিয়েছি। এক বা দুই জন খেলোয়াড় সঠিক জায়গায় নেই। প্রতিপক্ষকে থামানো হচ্ছে না। আর এই বিষয়গুলো নিয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। গোল পাওয়া খেলারই অংশ। আমরা তিন ম্যাচে ১০ গোল করেছি।’
গ্রুপ পর্ব শেষ, এখন দলকে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেছেন কুমান। তিনি জানান, ‘যদি আমরা ভালো খেলি, ম্যাচ জিতব। কারণ, এখন যদি আপনি ম্যাচ হারেন, তাতে বাড়ি ফিরে যাবেন। আর যদি জয় পান, তাহলে টুর্নামেন্টে টিকে থাকবেন। অবশ্যই এই টুর্নামেন্টে আমরা অনেক দূর যেতে চাই।’
আরও পড়ুন: রোনালদোর ৭ নম্বর জার্সি অবসরে পাঠাবে পর্তুগাল?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন