বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
১০:৫২ পি.এম
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। নাবিলা ইয়াসমিন জানান, গোপন খবরের ভিত্তিতে দোকান ঘরে মজুত করা নিষিদ্ধ মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল বিক্রির অভিযোগ গ্রহন করে থানাপুলিশকে সঙ্গে নিয়ে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দোকান ঘরটি তল্লাশি করে লক্ষাধিক টাকার ৩৫ পিস চায়না দুয়ারী রিং জাল এবং ২৫ পিস কারেন্ট জাল জব্দ করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এই ব্যাপারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানিয়ে রাখা প্রয়োজন, ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া এলাকার বাসিন্দা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের উত্তরাঞ্চলে চীন ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইরান দাবি করেছে।
দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকালে গোলেস্তান প্রদেশের ওগতাই খান রেলসেতুতে যুক্তরাষ্ট্র একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেতুটি হামলার ফলে লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ফার্স নিউজ এজেন্সির দাবি, সেতুটি ইরানের উত্তরাঞ্চলের একটি কৌশলগত রেল করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি তুর্কমেনিস্তানের মাধ্যমে চীন এবং উত্তরমুখী রেলপথের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও পণ্য পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও বিবেচিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, সেতুটি ইরানের আন্তর্জাতিক রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ‘চোকপয়েন্ট’ বা সংকীর্ণ কৌশলগত অংশ, যার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহন পরিচালিত হয়।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, রেল চলাচল ব্যাহত হয়েছে কি না বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে আন্তর্জাতিক কোনও স্বাধীন সূত্র থেকেও ফার্স নিউজ এজেন্সির এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও লটারি মাধ্যমে শ্রমিক বাছাই করা হয়, ঘনিয়ে আসা অভিযোগ অনুযায়ী, আবেদনকারীদের উপস্থিতি ছাড়া গোপনে প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ রয়েছে।
এদিকে এলসিএস শ্রমিক বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আবেদনকারীদের উপস্থিতি নিশ্চিত না করা এবং পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে বহু সমালোচনার জন্ম দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা কিংবা তদন্তের দাবি জানিয়ে স্থানীয় কয়েকজন আবেদনকারী বিবৃতিও দিয়েছেন।
উপজেলা এলজিইডি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল গত ৭ জুলাই, যার মধ্যে ৫৪ জনের আবেদনপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) এক সভায় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু আবেদনকারী অভিযোগ করেছেন যে, লটারির সময় তাঁদের কাউকে উপস্থিত থাকার জন্য জানানো হয়নি। এই সঙ্কটকে গোপন রেখে অত্যন্ত কৌশলে লটারি সম্পন্ন করা হয়েছে। অভিযোগকারী পক্ষ আরও বলেন, কর্মকর্তার পছন্দের মানুষদের জন্য সুযোগ তৈরি করতে টাকার বিনিময়ে কথা হয়েছে। লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও উপস্থিত না থাকার বিষয়টি লক্ষণীয়।
তবে এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেছেন, 'নোটিশ বোর্ডে লটারির তারিখ ও সময় উল্লেখ করা হয়েছিল। তবে কোনও আবেদনকারীকে মৌখিকভাবে জানানো হয়নি। আবহাওয়ার কারণে আবেদনকারীরা উপস্থিত হতে পারেননি এবং তাদের অনুপস্থিতিতেই লটারির সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, 'আমি লটারির অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলাম, পরে ফিরে গেছি। যদি লটারির বিষয়বস্তু বা নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে জামায়াতের দলীয় মেয়র প্রার্থী হিসেবে ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহাবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তানোর থানা মোড়ের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তানোর পৌর সভায় জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলীর সভাপতিত্বে এবং তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।
অনুষ্ঠানে সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিনিয়র জামায়াত নেতা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী, মুন্ডমালা পৌর সভার জামায়াতের দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পাশাপাশি তানোর পৌর সভার ৩ জন সংরক্ষিত নারী ও ৯ জন পুরুষ কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
প্রার্থীরা হলেন, ১নং মোঃ নুরুল ইসলাম, ২নং মোঃ জুয়েল উদ্দিন, ৩নং মিজানুর রহমান, ৫নং আফজাল হোসাইন, ৬নং আনোয়ার হোসাইন, ৭নং আবুল হাসান, ৯নং মিনারুল ইসলাম। সংরক্ষিত নারী প্রার্থীদের মধ্যে ১, ২, ৩ নং ওয়ার্ডের ১ নাম্বার সংরক্ষিত নারী প্রার্থী মোসাঃ রোকেয়া, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ২ নাম্বার সংরক্ষিত মোসাঃ নিলুফা এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডের ৩ নাম্বার সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে মোসাঃ মাহফুজারের নাম ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে রাস্তার পাশে রাখা ভ্যান ও ইজিবাইক সরানোকে কেন্দ্র করে যাত্রীবাহী বাসে হামলা, ভাংচুর, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। হামলার ফলে বাসের সুপারভাইজার ও চালক আহত হয়েছেন। এ ঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটে।
লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-জ-১১-১০৭১ নামের যাত্রীবাহী মিনি বাসটি সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে বড়দলের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ১২টার সময় বাসটি গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তার মোড়ে পৌঁছালে রাস্তার দুই পাশে রাখা ভ্যান ও ইজিবাইকের কারণে যানজট সৃষ্টি হয়। হর্ন বাজিয়েও রাস্তা ফাঁকা না হওয়ায় বাসের সুপারভাইজার রবিউল ইসলাম কিছু ভ্যান সরিয়ে রাস্তার পাশে রাখেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে সুপারভাইজারের ওপর হামলা চালায়, যার ফলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত আসে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময়ে তার কাছে থাকা যাত্রী ভাড়ার ৩ হাজার ৭০০ টাকা, বাস মালিকের ৭ হাজার টাকা এবং প্রায় ১৭ হাজার ৯৯৯ টাকা মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। সুপারভাইজারকে রক্ষা করতে আসা বাসচালক মোজাম্মেল হোসেন এগিয়ে এলে, ইটের আঘাতে তাকে আহত করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি বাসের গ্লাস ভাঙচুরের কারণে প্রায় ৩ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত চালক ও সুপারভাইজারকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮-২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, আমরা এজাহার পেয়েছি, প্রাথমিক অনুসন্ধানের জন্য অফিসার পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ