১০:৪৪ পি.এম
নওগাঁর বদলগাছীকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করে নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদে পরিণত করার প্রত্যয়ে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা।
পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে ‘মাদকমুক্ত বদলগাছী থানা’ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) পিএইচডি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই পারে মাদকমুক্ত সমাজ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি বলেন, "মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; এটি একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে অভিযান যেমন চলবে, তেমনই সচেতনতা ও সামাজিক প্রতিরোধও আরও শক্তিশালী করতে হবে।"
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো হারুন বলেন, "সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে মাদকের বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। সেই সাথে পুলিশ এবং জনতা, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিগণ এক সাথে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।"
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ পুলিশের অবস্থান মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ আপসহীন। বদলগাছী থানার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে। কোনো মাদক কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষকের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও মাদকমুক্ত বদলগাছী থানা গড়ে তোলা হবে।"
এসময় নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মো আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: পাঁচবিবির গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ, সরকারি সহযোগিতার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন