ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে আগৈলঝাড়া থানায় হামলা মামলা: পুলিশি পরিচয়ে বিকাশে টাকা লেনদেন, ‘মামলা বাণিজ্যে’র চাঞ্চল্যকর তথ্য!


বরিশালে আগৈলঝাড়া থানায় হামলা মামলা: পুলিশি পরিচয়ে বিকাশে টাকা লেনদেন, ‘মামলা বাণিজ্যে’র চাঞ্চল্যকর তথ্য!

বরিশালের আগৈলঝাড়া থানায় দেশব্যাপী আলোচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। মামলায় দুই সাংবাদিক নেতাকে আসামি করার বিতর্ক চলাকালীন এবার সামনে এসেছে চাঞ্চল্যকর 'মামলা বাণিজ্যে'র অভিযোগ। ৪০ হাজার টাকা দাবি করা হয় মামলায় আসামি না করার প্রতিশ্রুতি দিয়ে। পরে অনুনয়-বিনয় করে বিকাশের মাধ্যমে ১৯ হাজার ১০ টাকা পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতার; তাকে মামলার ২৪ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় আরও এক যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে। টাকা লেনদেনের প্রমাণ ইতিমধ্যে সাংবাদিকদের হাতে এসেছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানাচ্ছে, থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। যে দুটি নম্বর থেকে ফোন করে টাকা দাবি ও বিকাশ লেনদেন করা হয়েছে, বর্তমানে সে দুটিই বন্ধ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বন্ধ থাকা নম্বরগুলোর লোকেশন নীলফামারী এলাকায় শনাক্ত করা গেছে। গত ৯ জুলাই মাদক ও চুরি মামলায় গ্রেপ্তারকৃত এক সন্দেহভাজন আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালানো হয়। ফুলশ্রী গ্রামের বাসিন্দা গ্রেপ্তারকৃত রিয়াজ ফকিরের স্বজনরা মিছিল করে এসে থানায় ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও দায়ের করা মামলায় উসকানিদাতা হিসেবে নাম দেওয়া হয়েছে—আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, বরিশাল জেলা যুবলীগ সদস্য মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত। থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় তিনশজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার ২৪ নম্বর আসামি ও জেলা যুবলীগ সদস্য মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত অভিযোগ করেন, থানায় ভাঙচুরের মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। ৯ জুলাই এজাহারে ওসির স্বাক্ষরের আগেই একটি অচেনা নম্বর থেকে কল আসে। কলদাতা মামলার বাদী এসআই ওমর ফারুক পরিচয় দিয়ে বলেন, মামলায় তাকে আসামি করা হচ্ছে। নাম কাটাতে হলে ১০ মিনিটের মধ্যে ওসি (তদন্ত)-র কাছে ৪০ হাজার টাকা পাঠাতে হবে। তিনি বলেন, বিষয়টিকে প্রথমে ভুয়া মনে হয়েছিল, কিন্তু পরে অন্য একটি নম্বর থেকে কল আসে। সন্দেহ দূর করতে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ ও সাবেক ইউপি সদস্য বাদল সেরনিয়াবাতের নাম টেনে ফোনে কথাবার্তা হয়। দরকষাকষির মাধ্যমে ১৯ হাজার টাকায় সমঝোতা হয়। একটি নাম্বারে দুইবারে ১৫ হাজার ৫ টাকা ও ৪ হাজার ৫ টাকা মোট ১৯ হাজার ১০ টাকা বিকাশ করা হয়। তবে ১০ জুলাই মামলা এজাহারভুক্ত হলে সাগর দেখতে পান তাকে আসামি করা হয়েছে। এরপর ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। সাগর সেরনিয়াবাত জানান, "মামলা এজাহারভুক্ত হওয়ার আগে সেই তথ্য পুলিশের লোক ছাড়া বাইরের কারো জানার কথা নয়। আমি এই প্রতারণা ও মামলা বাণিজ্যের সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।" প্রতারণায় ব্যবহৃত নম্বরগুলো যাচাই করে জানা গেছে, একটি ট্রু-কলার অ্যাপে সার্চ করলে 'এসআই চরফ্যাশন' নামটি প্রদর্শিত হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এসআই ওমর ফারুক তা অস্বীকার করেন। তিনি বলেন, "আমার নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করে থাকতে পারে। ওই ব্যক্তির (সাগর) সাথে আমার কোনো দিন কথা হয়নি।" আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, "আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জেনেছি। কোন নম্বরগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর লোকেশন নীলফামারী পাওয়া গেছে। তবে নম্বর দুটি বন্ধ। কোনো প্রতারক চক্র আমাদের নাম ব্যবহার করে এটা করতে পারে। তবে এজাহারভুক্ত হওয়ার আগে নথি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি কীভাবে হলো তা বুঝতে পারছি না।" বিষয়টি সম্পর্কে জানতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এমন কোনো লিখিত অভিযোগ এখনও পুলিশের কাছে আসেনি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দেশে ব্যাপী আলোচিত মামলায় পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত প্রধান আসামিসহ ২৯ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাব আল-মানদেব সংকট

হুথিদের সঙ্গে উত্তেজনায় বিশ্ববাজারে সৌদি তেল সরবরাহ ঝুঁকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


হুথিদের সঙ্গে উত্তেজনায় বিশ্ববাজারে সৌদি তেল সরবরাহ ঝুঁকির মুখে

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ব বাজারে সৌদি আরবের তেল সরবরাহ বর্তমানে চরম ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগরে হুথিদের নৌ-অবরোধ এবং হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতা আচমকা এশিয়া সহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালি কার্যত বাধাগ্রস্ত হয়ে পড়ায় সৌদি আরবের রফতানি কমে গেছে।

এদিকে, বাব আল-মানদেব প্রণালি মুক্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত সম্ভবত বোমা হামলা হুথি ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতের সমাধান আনতে পারবে না বলে মনে করছেন একজন বিশ্লেষক।

রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেনস বলেন, ‘আপনি কি বোমা মেরে বাব আল-মানদেবকে মুক্ত করতে পারবেন? আমি মনে করি না। আর যদি তা করা যেত, তবে আমরা হরমুজে এখন যে অবস্থায় আছি, সেই অচলাবস্থার সৃষ্টি হতো না-ঠিক একইভাবে বাব আল-মানদেবেও হতো না, যা আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’

বাব আল-মানদেব দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা মূলত সৌদি আরবের ব্যবহৃত ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’কে অকার্যকর করে দেবে। এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু টার্মিনাল হয়ে বিশ্ব বাজারে তেল সরবরাহ করা হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের কাছ থেকে তেল পেতে ব্যাকুল পশ্চিমা ও এশীয় দেশগুলোর চাপের মাত্রা আরও বাড়বে বলছেন স্টিফেনস।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে তিনি আরও বলেন, ‘আপনি যদি ডোনাল্ড ট্রাম্প হন এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারে নামিয়ে আনতে চান, তবে তা আপাতত ঘটছে না।’

স্টিফেনস আরও উল্লেখ করেছেন, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বহু দেশের অর্থনীতি তাদের তেলের মজুত প্রশাসিত করে ফেলেছে। এই কারণে বিশ্ব অর্থনীতিতে আরও বড় ধরনের অর্থনৈতিক সংকটের মেঘ ঘনিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ভিসা জালিয়াতি ও মানবপাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


রাজধানীতে ভিসা জালিয়াতি ও মানবপাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার

রাজধানী ঢাকায় ভিসা জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠানোর চেষ্টা এবং মানবপাচারের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে। চক্রটির বিরুদ্ধে ইতালিতে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি দল রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এই ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বেলায়েত হোসেন (৪০), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪), কাওসার হোসেন (৪২) এবং আরও একজন, যার পরিচয় মামলার তদন্তের অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযানে যারা গ্রেফতার হয়েছেন, তাদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার এম্বোস সিল এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক নারীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার আশায় সেই নারী ইতালির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। পরে পাসপোর্টের মেয়াদ শেষ হলে দূতাবাস থেকে নবায়নের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়।

পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত নাজমুল হাসানের সঙ্গে তার পরিচয় ঘটে। নাজমুল নিজেকে দ্রুত পাসপোর্ট নবায়ন এবং ইতালির ভিসা করিয়ে দিতে সক্ষম বলে পরিচয় দেন। পরে তিনি ওই নারীকে গুলশান-১ এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান এবং প্রতিষ্ঠানের প্রধান বেলায়েত হোসেনের সঙ্গে পরিচয় করান।

সিআইডি জানিয়েছে, চক্রটি ভিসা জালিয়াতি, প্রতারণা এবং মানবপাচারের সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির নতুন রুটিন নিয়ে ফেসবুকের তথ্য, যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


এইচএসসির নতুন রুটিন নিয়ে ফেসবুকের তথ্য, যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যেখানে বলা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এই তথ্যটি সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সম্পর্কিত পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করার বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে।

এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%