০১:০০ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ১১টি ট্রাক আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছে বালুভর্তি ট্রাক এবং খালি ট্রাক। একই সাথে, সড়ক পরিবহন আইন ও বালুমহাল ব্যবস্থাপনা আইনের আওতায় ট্রাকগুলোকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়।
মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতভর চলা অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ৬টি ট্রাক এবং বালু আনার উদ্দেশ্যে গমনরত ৫টি খালি ট্রাক আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিভিন্ন ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ মোর্শেদ অপু জানান, অনুমোদিত পরিমাণের অতিরিক্ত বা অবৈধ উপায়ে এই সড়ক দিয়ে কোনোভাবেই বালু পরিবহন করা যাবে না। জনস্বার্থে এবং গ্রামীণ অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন