০১:০১ পি.এম
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি ১১ নভেম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি তল্লাশিচৌকিতে হামলার সঙ্গে জড়িত ছিলেন।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লতিফ একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিলেন। নিরাপত্তা বাহিনী তাকে আত্মসমর্পণ করার জন্য বললে তিনি গুলি চালান। ১১ নভেম্বর লতিফ এবং তার সহযোগী উমর নিসার দার আখরানে সিআরপিএফের একটি তল্লাশিচৌকিতে হামলা চালান, যাতে বাহিনীর তিন সদস্য আহত হন। সোমবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে উমর নিসার দার নিহত হন।
এদিকে, ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলা ও তল্লাশি অভিযান চালাচ্ছিল। এ সময় ৫০০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়। এর কিছুক্ষণ আগে পুলিশ ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণ করতে অনুরোধ করে।
আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে
ভিডিও কলে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমরা তোমার সঙ্গে আছি।’ তবে লতিফ আত্মসমর্পণে রাজি হননি। তিনি বলেন, ‘আমাকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আমি খুব খুশি।’ জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) আনায়াত আলী জানান, লতিফকে বারবার আত্মসমর্পণের জন্য বলা হয়েছিল। তিনি ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন।
আলী সাংবাদিকদের জানান, লতিফের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, তার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে। তিনি তরুণ, চাইলে নতুন করে জীবন শুরু করতে পারেন। কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি।
তিনি আরও জানান, মসজিদের বাইরেও মাইক ব্যবহার করে লতিফকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। আলী বলেন, রাত ২টা ৪৫ মিনিটের দিকে লতিফ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়। তিনি জানান, লতিফ মসজিদের ভিতর থেকে গুলি চালাচ্ছিলেন। এ কারণে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখিয়ে অভিযান চালায়।
লতিফ নিহত হওয়ার পর সিআরপিএফপ্রধান জিপি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্সে একটি পোস্টে তিনি লেখেন, ‘অভিনন্দন বন্ধুরা। কিছু প্রতিশোধ ঠান্ডা আবহাওয়াতেও ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।’ বন্দুকযুদ্ধের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে। এতে লেখা হয়েছে, ‘তুমি পালাতে পারো, কিন্তু লুকাতে পারবে না।’
আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল
গত মঙ্গলবার পুলিশ সিসিটিভি ক্যামেরার কয়েকটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, সিআরপিএফের তল্লাশিচৌকিতে হামলার আগে উমর নিসার দার ও লতিফ ভাট ওই এলাকা ঘুরে দেখছেন। পুলিশ জানায়, ১১ নভেম্বরের হামলার আগে তারা একসঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিলেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ১০ নভেম্বর লস্কর কমান্ডার লতিফ ভাটকে সঙ্গে নিয়ে উমর নিসার দার মির বাজার, আখরান, হাবলিশ ও কিলামসহ বিভিন্ন এলাকায় যান। নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান ও লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং হামলার পরিকল্পনা করাই ছিল তাঁদের উদ্দেশ্য। পরদিন ১১ নভেম্বর তারা আখরানে সিআরপিএফের তল্লাশিচৌকিতে হামলা চালিয়ে পালিয়ে যান।
সিসিটিভির ভিডিও পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। ভিডিওতে হামলার আগে বিভিন্ন এলাকায় তাদের চলাচল এবং হামলার পর পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এদিকে উমর নিসার দার আত্মগোপনে যাওয়ার পর তার পরিবার কুলগামের একটি থানায় নিখোঁজের অভিযোগ করেছিল। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গত পাঁচ থেকে ছয় মাস ধরে দার লতিফকে থাকার জায়গা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন।
লতিফ ভাট স্থানীয় বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয়ভাবে লস্কর-ই-তৈয়বায় যোগ দেন। তার বিরুদ্ধে একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর চালানো একটি হামলায়ও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হন।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন