১০:৫৯ এম
মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে “আলিনগর ফুটবল লীগ-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
তরুণ যুবদল নেতা নুশান আহম্মেদ উজ্জ্বল-এর উদ্যোগ ও আয়োজনে শুরু হওয়া এ ফুটবল লীগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার চায় ক্রিকেটের মতো ফুটবল খেলাতেও বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করুক এবং একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করুক।”
তিনি আরও বলেন, “যেসব খেলোয়াড় জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে, তাদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। এতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং তারা দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
আয়োজক নুশান আহম্মেদ উজ্জ্বল বলেন, “তরুণদের মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করাই আমাদের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের দাবি জানান।
আরও পড়ুন: মেহেরপুরে শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যস্ততা
আলিনগর ফুটবল লীগ-২০২৬ এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়ানুরাগীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন