০৫:০৩ পি.এম
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং এডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
আরও পড়ুন: খুলনায় আলোচিত জোড়া হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
মামলার বিবরণে দেখা যায়, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের কারণে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আইনি প্রতিকার চেয়ে শাহজালাল রুমী গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার শুনানির পর আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন