মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)
০২:৩৪ পি.এম
চক্ষু পরীক্ষা, চিকিৎসা, ছানি অপারেশন ও চশমা প্রদানের উদ্যোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কৈজুরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জগতলা বিএনপি কার্যলয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি আই হসপিটাল, সিরাজগঞ্জের সহযোগিতায় এবং জামিরতা ভিশন সেন্টার, জামিরতা বাজার, শাহজাদপুরের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও কম্পিউটারাইজড চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি চোখের ছানি অপারেশন ও প্রয়োজন অনুযায়ী কৃত্রিম লেন্স সংযোজনের ব্যবস্থা রাখা হয়।
এছাড়া প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য রেফারেল সুবিধাও দেওয়া হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চক্ষু রোগীরা উপস্থিত হয়ে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সার্বিক সহযোগিতায় ছিলেন এস.এম. নাজমুল হক, চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, কৈজুরী ইউনিয়ন বিএনপি।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন আরো দ্রুত হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় আইসিটি বিভাগের কার্যালয়ে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, এক নাগরিক এক পরিচয়, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য বিপুল জনগণের জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। তিনি উল্লেখ করেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।
এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এস্তোনিয়া সফরে কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।
এ সময় মন্ত্রী রাষ্ট্রদূতকে অনুরোধ জানান যে, প্রকল্পটি বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখা হোক।
এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন জানান, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। তিনি বলেন, ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে দেশটি আগ্রহী। চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে এবং এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ করার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হতে পারে।
সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হোটেল পলাশে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষে অবস্থান করা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে। ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, হোটেল থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে হোটেলের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাতে হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা থেকে এবার গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এসআরবির একটি সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। পরে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন রানা তাজউদ্দিন খান। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
রানা তাজউদ্দিন খানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশ থেকে আসা ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। এই প্রতিনিধিদলটি পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডরের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
প্রতিনিধিদলটি ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছে।
ইসহাক দার প্রতিনিধিদলের সঙ্গে বক্তব্যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সাংস্কৃতিক সাদৃশ্যের বিষয়টি তুলে ধরেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
নলেজ করিডরের এই কর্মসূচি শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসহাক দার বলেন, এর মাধ্যমে সুশাসন ও জনপ্রশাসন বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তাঁদের মধ্যে দীর্ঘস্থায়ী পেশাগত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
তিনি প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানে অবস্থানকে ফলপ্রসূ ও স্মরণীয় করার জন্য কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ