ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নিয়মিত টহল জোরদার করা হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে র‍্যাব সদস্যদের সংখ্যা পর্যাপ্ত রাখা হবে এবং ঝুঁকি বিবেচনায় পূর্ব থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন থাকবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

নিরাপত্তা বজায় রাখার জন্য স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সার্বিক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

কোনও স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যেন হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ এবং ‘ডগ স্কোয়াড’কে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর উসকানিমূলক পোস্ট নজরদারিতে সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি গঠিত মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সমন্বয়ে এই শক্তিশালী সামরিক জোট গঠিত হয়। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মেয়াদিন সম্প্রতি তাদের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

তবে জোটভুক্ত তিন দেশের সরকার বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের সত্যতা নিশ্চিত করা হয়নি। তারপরও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

ইরানের পার্লামেন্টের নিজস্ব সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদী রহিমি সংবাদমাধ্যমটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইরান এরই মধ্যে একটি নিমন্ত্রণপত্র হাতে পেয়েছে।

বর্তমানে ইরানের শীর্ষ নেতারা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা করছেন। মেহেদী রহিমি মনে করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের মধ্যে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দিকে প্রবলভাবে ঝুঁকছে।

ইরানের জন্য এই আমন্ত্রণকে একটি বিশাল কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। কারণ তেহরান দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে বাইরের হস্তক্ষেপ ছাড়া নিজস্ব একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ের দাবি জানিয়ে আসছিল।

এর আগে গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে তিন দেশ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন। এই জোটের মূল ভিত্তি হলো পারস্পরিক প্রতিরক্ষা ও গভীর সামরিক সহযোগিতা।

চুক্তির শর্ত অনুযায়ী জোটের যেকোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা তিন দেশের ওপরই সম্মিলিত হামলা হিসেবে গণ্য করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই নীতিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিখ্যাত অনুচ্ছেদ ৫ এর সঙ্গে তুলনা করেছেন।

তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই জোট নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ পরিচালনার জন্য তৈরি হয়নি। এটি মূলত সদস্য দেশগুলোর নিজস্ব সুরক্ষার জন্য একটি মজবুত প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে।

চুক্তি স্বাক্ষরের পর থেকেই জোটের দেশগুলো অত্যন্ত দ্রুতগতিতে নিজেদের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে নিয়মিত বৈঠকের রূপরেখা চূড়ান্ত করেছে।

এর পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও শিল্পের ক্ষেত্রেও তারা একে অপরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বলে চুক্তিতে বলা হয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই জোটের পরিধি আরও অনেক বাড়তে পারে। মিশরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশ আগামীতে এই জোটে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ইরান শুরু থেকেই এই নতুন জোট গঠনের বিষয়ে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। গত ১০ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেন।

তিনি জানান, এই জোট গঠন নিয়ে তেহরানের উদ্বিগ্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। বরং এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে যে কতটা জরুরি তারই একটি বড় প্রমাণ।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই অন্তর্ভুক্তির দাবিটি যদি শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয় তবে এই অঞ্চলের পুরো চিত্র বদলে যাবে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তিন দেশের তৈরি এই জোটের চরিত্র তখন আমূল পরিবর্তিত হবে।

দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে যে চরম বৈরী সম্পর্ক ছিল তা সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই কমে এসেছে। এখন তারা যদি একই সামরিক জোটে অবস্থান করে তবে তা গোটা বিশ্বের জন্যই একটি বড় চমক হবে।

বিশেষ করে তুরস্কের মতো শক্তিশালী দেশ এবং পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে ইরানের সামরিক সখ্য নতুন এক যুগের সূচনা করবে। এটি নিছক একটি চুক্তি থেকে বেরিয়ে এসে এক বিশাল এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তথ্য উপদেষ্টা

দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার গত দুই বছরে গ্যাস উত্তোলনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, ‘দেশের স্থলভাগের গ্যাস অনুসন্ধান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের সমস্যার প্রতি সমব্যথী, কিন্তু এই সংকটটি বহু বছরের পুঞ্জীভূত। অন্তর্বর্তী সরকারের হাতে দুই বছরের মতো সময় ছিল, কিন্তু তারা স্থলভাগে গ্যাস খোঁজার চেষ্টা করেনি।’

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।’ তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।

গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, সেটি ঠিক করা হয়েছে। তবে বর্তমানে গ্যাসের যে কার্গো রয়েছে, সেই কার্গো সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। যদি এটি সমাধান হয়, তবে সংকট অনেকটা ঠিক হয়ে যাবে।

এ সময় উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, ভোলার নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে ৫০০ কোটি টাকা একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাবনা যাচাই সম্পন্ন হয়েছে। তিনি আশ্বাস দেন, এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

দেশে সারের সংকট নেই জানিয়ে তিনি বলেন, ‘সারের সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সারও রক্ষিত আছে। কিছু কিছু স্থানে সার বিতরণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, সরকার সেই অনিয়মগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।’

সরকার সার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এই পরিবর্তন কৃষক এবং জনগণের স্বার্থে। তবে নতুন প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা অস্থিরতা তৈরি হচ্ছে।’

এ সার নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, সারের ঘাটতি না হয় সেজন্য প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরো ১ লাখ ১৫ হাজার টন অনুমোদন দেওয়া হয়েছিল।

দেশে ইউরিয়ার মজুদ ৪ দশমিক ৮২২ লাখ মেট্রিক টন, টিএসপি ৩ দশমিক ৬৯, ডিএপি ৩ দশমিক ৬৮, এমওপি ১ দশমিক ৪৬ অর্থাৎ মোট ১৩ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন মজুদ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানার এলাকা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের সদস্যরা ৪০ জনকে গ্রেফতার করেছেন, যারা বিভিন্ন অপরাধে জড়িত। গত ২৪ ঘণ্টার মধ্যে এসব থানার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রাবাড়ী থানার পুলিশ ১৬ জন, তুরাগ থানার পুলিশ ১৪ জন এবং হাজারীবাগ থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. কামরুল হাসান (৫০), মিঠু (২০), মো. ইমন (১৯), শফিকুল ইসলাম ওরফে মামুন (২৫), মো. সাব্বির (২০), মো. ইমন (২০), মো. বাদশা (১৮), মো. ইমন (২৭), মো. মুসা (২৭), মো. মেহেদী হাসান মনির, অপু গাজী (২০), মামুন (২৮), মো. রিপন (২৭), সুহিন (১৯), ফয়সাল আহমেদ জয় (২৩) এবং আইনগত সংঘাতে জড়িত একজন শিশু।

হাজারীবাগ থানায় গ্রেফতারকৃতদের তালিকায় আছেন- মো. কাশেম (৩৫), মো. হান্নান (১৯), রোয়েদ (২৬), মো. ইয়াসিন ইসলাম (২০), মো. বিল্লাল সরদার (২৬), মো. নাছের, মো. রাসুল খান, মনির হোসেন (৩২), মো. কামরুল হাসান (২৩) এবং দীপ (২৩)।

তুরাগ থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. মফিজুল ইসলাম (৪০), মো. দিল মোহাম্মদ (২৬), মো. নয়ন মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম জিতু (২২), মো. সাইদুল ইসলাম রবিন (২৪), মো. রোমান মিয়া (১৯), মো. আজাহারুল ইসলাম (২৫), মো. শাহাজাহান মিয়া (৩৬), মো. নয়ন মিয়া (১৯), আ. মালেক (২০), মো. সাইফুল্লাহ আল মুর্শীদ (৫০), মো. আবু সাঈদ (১৯) এবং মেহেদী হাসান পাভেল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, সহায়তা চাইলেন তিশার কাছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, সহায়তা চাইলেন তিশার কাছে

অনলাইন শপিং পেজ, উপহার হিসেবে পাওয়া পণ্য এবং সেগুলোর প্রচার—এসব বিষয় নিয়ে সম্প্রতি মিডিয়াপাড়ায় চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। অভিনেত্রী তানজিন তিশাকে কেন্দ্র করে শাড়ির প্রচার ও মূল্য পরিশোধ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই এবার একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী দীপা খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে দীপা বিষয়টি নিয়ে বেশ রসিকতার ছলে নিজের অস্বস্তির কথা তুলে ধরেছেন। এমনকি তিনি মজা করে তানজিন তিশার কাছ থেকে সাহায্যও চেয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে তিনি প্রথমে বেশ খুশি ছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

উপহার দেওয়ার কিছুক্ষণ পরেই ওই বান্ধবী তাকে মেসেজ করে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য অনুরোধ করেন। দীপা জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও তিনি শাড়িটি পরে ছবি তুলে ওই বান্ধবীকে পাঠিয়ে দেন, যাতে তারা নিজেদের ইচ্ছামতো সেটি ব্যবহার বা পোস্ট করতে পারেন। কিন্তু এখানেই শেষ হয়নি অনুরোধের পালা।

পরে নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে পোস্ট দেওয়ার অনুরোধ করা হলে কিছুটা বিরক্তি থেকেই বিষয়টি নিয়ে মজার ছলে পোস্ট করেন এই অভিনেত্রী।

দীপা লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

দীপা খন্দকারের এমন পোস্টে মন্তব্য করতে দেরি করেননি তানজিন তিশাও। অভিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য।

সম্প্রতি একটি অনলাইন শপিং পেজ থেকে শাড়ি নেওয়া, সেটির প্রচার এবং মূল্য পরিশোধ নিয়ে বিরোধের কারণে তানজিন তিশাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই অনলাইন শপিং পেজের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।

তিশার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হলে গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দীপা খন্দকারের এই রসিকতাপূর্ণ পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উপহার পাওয়া কোনো পণ্য প্রচারের অনুরোধ কতটা স্বাভাবিক, আর সম্পর্কের জায়গায় এমন প্রত্যাশার সীমারেখাই বা কোথায়—দীপার পোস্ট ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে উঠছে এমন প্রশ্নও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%