০২:২৪ পি.এম
অনলাইন শপিং পেজ, উপহার হিসেবে পাওয়া পণ্য এবং সেগুলোর প্রচার—এসব বিষয় নিয়ে সম্প্রতি মিডিয়াপাড়ায় চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। অভিনেত্রী তানজিন তিশাকে কেন্দ্র করে শাড়ির প্রচার ও মূল্য পরিশোধ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই এবার একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী দীপা খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে দীপা বিষয়টি নিয়ে বেশ রসিকতার ছলে নিজের অস্বস্তির কথা তুলে ধরেছেন। এমনকি তিনি মজা করে তানজিন তিশার কাছ থেকে সাহায্যও চেয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে তিনি প্রথমে বেশ খুশি ছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
উপহার দেওয়ার কিছুক্ষণ পরেই ওই বান্ধবী তাকে মেসেজ করে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য অনুরোধ করেন। দীপা জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও তিনি শাড়িটি পরে ছবি তুলে ওই বান্ধবীকে পাঠিয়ে দেন, যাতে তারা নিজেদের ইচ্ছামতো সেটি ব্যবহার বা পোস্ট করতে পারেন। কিন্তু এখানেই শেষ হয়নি অনুরোধের পালা।
পরে নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে পোস্ট দেওয়ার অনুরোধ করা হলে কিছুটা বিরক্তি থেকেই বিষয়টি নিয়ে মজার ছলে পোস্ট করেন এই অভিনেত্রী।
দীপা লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’
দীপা খন্দকারের এমন পোস্টে মন্তব্য করতে দেরি করেননি তানজিন তিশাও। অভিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য।
আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক
সম্প্রতি একটি অনলাইন শপিং পেজ থেকে শাড়ি নেওয়া, সেটির প্রচার এবং মূল্য পরিশোধ নিয়ে বিরোধের কারণে তানজিন তিশাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই অনলাইন শপিং পেজের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।
তিশার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হলে গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দীপা খন্দকারের এই রসিকতাপূর্ণ পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উপহার পাওয়া কোনো পণ্য প্রচারের অনুরোধ কতটা স্বাভাবিক, আর সম্পর্কের জায়গায় এমন প্রত্যাশার সীমারেখাই বা কোথায়—দীপার পোস্ট ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে উঠছে এমন প্রশ্নও।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন