সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১০:০৫ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণ এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।’
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সভায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, অ্যাকাডেমিক পরিসর সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইতোমধ্যে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি অনুমোদিত হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্রের টার্মস অব রেফারেন্স (ToR) অনুমোদন পেয়েছে। প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভাগ সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, দীর্ঘ ১০ বছর ধরে মাত্র পাঁচটি বিভাগ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষা ও গবেষণার পরিসর বাড়াতে বর্তমান প্রশাসনের উদ্যোগে নতুন ৩০টি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন দিয়েছে। এর মধ্যে চলতি বছর আটটি বিভাগের অনুমোদন পাওয়া গেছে। বিভাগগুলো হলো—ইংরেজি, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, আইন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি ও পশুপালন।
তিনি আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, নবীন শিক্ষার্থীদের হাতে বাংলা একাডেমি প্রকাশিত অভিধান ও নিজ নিজ বিভাগের কারিকুলাম তুলে দিয়ে নবীনবরণ আয়োজন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠকক্ষ সম্প্রসারণ এবং লাইব্রেরি অটোমেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য পৃথক কক্ষ, কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, আগামী ১০ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছে। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও অ্যাকাডেমিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীনের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় বর্তমান সরকারের বিশেষ সহযোগিতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সমালোচনা ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ প্রসঙ্গে উপাচার্য বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ভুলত্রুটির ঊর্ধ্বে নন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেকোনো যৌক্তিক পরামর্শ ও গঠনমূলক সমালোচনা তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। তবে সমালোচনা হতে হবে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও শালীন ভাষায়।
তিনি বলেন, যারা অর্থ, ভিউ কিংবা রাজনৈতিক স্বার্থে মিথ্যা তথ্য প্রচার করে সমাজকে বিভ্রান্ত করেছেন, তারা দেশ ও সমাজের শত্রু এবং গুণীজনের খুনি; তাদের কখনো ক্ষমা করা হবে না। এ ছাড়া অনুমোদনহীন বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে অরুচিকর এবং বিকৃত তথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান বলেন, নতুন আটটি বিভাগের শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় স্থান নিশ্চিত করা জরুরি। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ভবন ভাড়া নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবন নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা ও ব্যবহারিক উপযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গঠনমূলক সমালোচনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন।
ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এ পরিবারের সবার স্বপ্ন বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও নতুন বিভাগ সম্প্রসারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন বিভাগগুলোর শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা বা অসন্তোষ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকভাবে উপস্থাপন না করে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি, নতুন আটটি বিভাগ চালুর প্রস্তুতি, স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ এবং গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা নতুন বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভবন ভাড়া নেওয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা তথ্য-প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মহাদেবপুরে মেসার্স সোহাগ আয়রন স্টোরের ভাঙারি মাল বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার কম সময়ে রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এক ঝটিকা অভিযানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোট টাকার একটি বড় অংশসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মুন্না (২৪), পিতা: সিরাজুল ইসলাম, গ্রাম: রামচন্দ্রপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ; ২. রবিন (২৫), পিতা: মৃত ইয়াদ আলী, গ্রাম: ঈশ্বর লক্ষ্মীপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ এবং ৩. ভুক্তভোগী সাজানো পিকআপ চালক সোহেল রানা (২৫), পিতা: আমজাদ হোসেন, গ্রাম: ডিম জাওন, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিম (৩৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিকআপে করে বগুড়ায় লোহালক্কড় ও ভাঙারি মাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন।
গত ৩ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পিকআপটি মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশের ফাঁকা রাস্তায় পৌঁছালে আকস্মিকভাবে বিকল হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুষ্কৃতকারীরা পিকআপের ড্রাইভার সোহেল রানাকে হালকা এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব জয় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে একটি চৌকস টিম এবং মহাদেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
তথ্যপ্রযুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও ডাটা বিশ্লেষণ করে ডিবি পুলিশ দ্রুত আসামিদের শনাক্ত করে। এরপর সারারাতব্যাপী চলা সাঁড়াশি অভিযানে প্রথমে রামচন্দ্রপুরের নিজ বাড়ি থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মুন্নার দেওয়া তথ্যে মহাদেবপুরের একটি ভাড়া বাসা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। রবিনের হেফাজত থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে এই দুই আসামির দেওয়া তথ্য ও অধিকতর জিজ্ঞাসাবাদে থলের বেড়াল বেরিয়ে আসে। জানা যায়, পুরো ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন পিকআপের ড্রাইভার সোহেল রানা ও মুন্না এবং প্রধান ভূমিকায় ছিলেন রবিন। গত এক সপ্তাহ ধরে তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। পুলিশ নাটকীয়ভাবে নওগাঁ সদর হাসপাতাল থেকে ড্রাইভার সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই এবং ডাকাতির মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অনুযায়ী কঠোর হস্তে এসব অপরাধ দমন করা হবে।”
ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও টাকা উদ্ধারে জেলা পুলিশের এই পেশাদারিত্বকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মানবিক উদ্যোগে তার অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার প্রকাশিত একটি প্রেসিডেনশিয়াল ডিক্রিতে মেলানিয়ার এই সম্মাননার বিষয়টি উল্লেখ করা হয়। ডিক্রিতে ইউক্রেনের মানবিক সহায়তায় তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদান’ এবং রাশিয়া দখলকৃত এলাকা থেকে নির্বাসিত বা জোরপূর্বক সরিয়ে নেওয়া শিশুদের সহায়তায় তার ভূমিকার কথা বলা হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মেলানিয়াকে ‘অর্ডার অব প্রিন্সেস ওলগা’ সম্মাননার প্রথম শ্রেণি প্রদান করা হয়েছে। এই সম্মাননা বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং দাতব্য কাজসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা নারীদের জন্য দেওয়া হয়।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ছয় দিনের যুদ্ধবিরতি আয়োজনের ক্ষেত্রে মেলানিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত রোববার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি ছিল স্থানীয় পর্যায়ে সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি। মেলানিয়া ট্রাম্পের ভাষ্যমতে, এই সময়ে প্রায় ৮০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার পর ভারতের আমদানির উৎসকে বহুমুখী করার অনুরোধ বিবেচনায় নিতে রাজি হয়েছে কাতার। নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের প্রস্তাব কাতার পর্যালোচনা করছে।
ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল জানান, ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কিছু এলএনজি সংগ্রহের জন্য কাতারের সঙ্গে আলোচনা চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী কাতারের সঙ্গে পেট্রোনেটের ৭৫ লাখ মেট্রিক টন গ্যাস সরবরাহের চুক্তি রয়েছে। ২০২৮ সালের এপ্রিল মাসে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তা আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে, অর্থাৎ ২০৪৮ সাল পর্যন্ত।
মিত্তাল আরও বলেন, নবায়ন করা চুক্তির আওতায় সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের অনুরোধের প্রেক্ষিতে কাতার তাদের অন্য উৎস থেকে সংগ্রহ করা গ্যাসের একটি নির্দিষ্ট অংশ সরবরাহ করতে পারে।
গত মাসে কাতারএনার্জি যুক্তরাষ্ট্রের উডসাইডের স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে। ২০৩০ সাল থেকে এ সরবরাহ শুরু হওয়ার কথা। এছাড়া, চেনিয়ার এনার্জির সঙ্গে ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার দুটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়া এবং রাস লাফান স্থাপনায় হামলার পর গত মার্চে এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে কাতারএনার্জি। আপাতত এ স্থগিতাদেশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রয়েছে।
মধ্যপ্রাচ্যের সংকটের পর ভারত যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কাতারের সরবরাহ স্থগিত থাকায় পেট্রোনেট তিনটি এলএনজি ট্যাংকারের সময়ভিত্তিক ভাড়া চুক্তিও স্থগিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ, যিনি দখলদার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, নির্বাচনের প্রেক্ষাপটে দেশটির সংখ্যালঘু আরব নাগরিকদের বিরুদ্ধে করা ‘বর্ণবাদী’ মন্তব্যের প্রতি কঠোর সমালোচনা ও নিন্দা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ উত্থাপনের পর প্রেসিডেন্ট হারজোগ এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর প্রেসিডেন্ট হারজোগ মন্তব্য করেন, "ইসরায়েলের আরব সমাজকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশের প্রতি তাদের অবদান এবং মূলধারায় অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছাকে আমি মূল্যায়ন করি।
এটি এমন একটি বিষয় যাকে স্বাগত জানানো উচিত। সম্প্রতি আমরা যে ধরনের অশালীন আচরণ এবং বর্ণবাদী মন্তব্য শুনেছি, আমি তার তীব্র নিন্দা জানাই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ