ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর নির্দেশে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করা হবে


প্রধানমন্ত্রীর নির্দেশে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করা হবে

সরকার পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উপদেষ্টা বা দায়িত্বপূর্ণ পদে রাখা হবে এবং তরুণদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

অন্যদিকে, সরকারি কোয়ার্টারে বসবাসকারী ব্যক্তিরা যদি ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিলের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিগুলোর কাজের অগ্রগতি, বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে

সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব সিদ্ধান্ত ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বর্তমান সরকার ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটিগুলো মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। পরিদর্শনের পর এসব এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়, যার মধ্যে বিশেষ কমিটি গঠনের সুপারিশটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। তাঁরা রাষ্ট্রের অত্যন্ত অভিজ্ঞতাসমূহ সম্পন্ন নাগরিক। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেবেন এবং তরুণ প্রজন্মকেও এই কার্যক্রমে যুক্ত করা হবে। খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

পরিচ্ছন্নতার ক্ষেত্রে ঢাকার সরকারি কোয়ার্টারগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এসব কোয়ার্টারে বসবাসকারীরা যদি ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় উদ্যোগ না নেন এবং আগের অপরিচ্ছন্ন অবস্থা বজায় রাখেন, তবে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরো বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুর বানানোর অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না; বরং এটিকে একটি প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য শুধু রাষ্ট্র বা ব্যবস্থার ওপর সম্পূর্ণ দায়িত্ব না চাপিয়ে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে দেশের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় ১২ দিনে অন্তত ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮৫ জন।

শনিবার একটি বিবৃতিতে তাইজ মানবাধিকার কেন্দ্র জানায়, নিহতদের মধ্যে ৪৩ শিশু ও ১৯ নারী অন্তর্ভুক্ত রয়েছে। নিহতদের মধ্যে ১৩ শিশু ও তিন নারী রয়েছেন। ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসব হামলায় আহত ৮৫ জনের মধ্যে ৩০ শিশু ও ১৬ নারী। হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, গোলাবর্ষণ, স্নাইপারের গুলিবর্ষণ, সরাসরি গুলি এবং স্থলমাইনের বিস্ফোরণের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, তিনটি বড় হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা স্থানীয় বাজারে হামলায় মোট ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদের অপহরণ, বাড়িঘরে অভিযান ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনাও ঘটেছে। এছাড়া মানুষের ব্যক্তিগত সম্পত্তি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে। এসব অভিযোগের বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযানের লক্ষ্য অর্জনে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।

প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির মতে, গত ৫ অক্টোবর শুরু হওয়া এ অভিযানের উদ্দেশ্য হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং রাজধানী সানা পুনর্দখল করা।

গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছের তাইজ প্রদেশে লড়াই তীব্র আকার ধারণ করেছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল থেকে চলা আপেক্ষিক শান্তির অবসান ঘটেছে এবং দেশটির মানবিক সংকট আরো গভীর হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, হুতিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা ও দেশের বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে। ফলে দীর্ঘদিন ধরে দেশটিতে সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ মিলবে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ মিলবে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

যুক্তরাষ্ট্র ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় মার্কিন প্রতিনিধিরা এই প্রস্তাব উত্থাপন করেছেন।

সম্প্রতি মস্কো ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফর করেন মার্কিন প্রতিনিধিরা, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ। ইউক্রেনের নেতার মন্তব্যের পর এই প্রস্তাব সামনে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্নটি তোলা হয়েছিল—ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এই বিষয়টি উত্থাপন করা হলো।”

তিনি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামরিক বাহিনীর সক্ষমতার ওপর বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তা গণভোটে তোলার বিষয়টি বিবেচনা করবেন।

দনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। মস্কো এ অঞ্চল ছেড়ে দেয়ার দাবি জানিয়ে আসছে, কিন্তু ইউক্রেন বরাবরই তাদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেয়ার কথা অস্বীকার করেছে।

যুদ্ধ বন্ধে ন্যাটোর সদস্যপদকে কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখছে। অপরদিকে, নিজেদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশ মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে মস্কো।

গত বৃহস্পতিবার মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে তারা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।

ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে মস্কো। ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে বলছে, এতে ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি আলোচনার টেবিলেই নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর মনে হয়েছে, ন্যাটোর সদস্যপদের বিষয়টি আবারও আলোচনায় ফিরেছে। যদিও পুতিনের বক্তব্য বিবেচনায় নিয়ে এ আলোচনা অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর বিরুদ্ধে ৭ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দাবি করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

আলবুদাইউই জানান, গত আট মাসে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে জিসিসির ছয় সদস্য দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লবণমুক্তকরণ কেন্দ্র এবং আবাসিক এলাকা। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরব উপসাগরের পানির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ আমরা উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’ তার বক্তব্য অনুযায়ী, এসব হামলা জিসিসির সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। হামলা বন্ধ করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করার জন্য বাহরাইন এ বৈঠকের আয়োজন করেছে। চলতি মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে লাটভিয়া।

আলবুদাইউই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব এখন শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুতর মানবিক সংকটেও রূপ নিয়েছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে সার ও অ্যামোনিয়ার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য এসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পূর্ববর্তী এক সতর্কবার্তার কথাও উল্লেখ করেন তিনি। গুতেরেস বলেছিলেন, সারের সংকটের কারণে উন্নয়নশীল ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে এবং দুর্ভিক্ষ ও তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে।

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার জন্য তেহরানকে সম্পূর্ণ দায়ী করেন তিনি। তার অভিযোগ, যেসব দেশ যুদ্ধে জড়িত ছিল না, বরং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, ইরান সেসব দেশকেই লক্ষ্যবস্তু করেছে। এ হামলার পক্ষে ইরানের দেওয়া যুক্তি তিনি প্রত্যাখ্যান করেন।

সূত্র: আরব নিউজ

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ , কালিগঞ্জ, সাতক্ষীরা

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জাতীয় নির্বাচনের আমেজে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শেখ মনিরুল ইসলাম সভাপতি এবং সাধারণ পদে আমিনুর রহমান মুন্না নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আমেজে পুরা বাজার এবং উপজেলা এলাকা প্রার্থীদের নানান রঙ্গের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে ওঠে। এ সময় প্রার্থীদের কর্মী, সমর্থকরা নিজ, নিজ প্রার্থীদের পক্ষে নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্রতীক নিয়ে ভোটারদের আকৃষ্ট করার জন্য ছোট ছোট মিছিল স্লোগানে মুখরিত করে তোলে। সকাল থেকেই ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও রাত ৯ টা পর্যন্ত গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমান ও প্রিসাইডিং ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ সরকার ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন। বাজার ব্যবসায়ী ও ঘর মালিক মিলে ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের ৯৪.৯৭% ভোটাররা ভোট দিয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জনাব শেখ মনিরুল ইসলাম মনি আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান রুমি ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে পরাজিত হন। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে শেখ আহাদুজ্জামান চশমা প্রতীকে ৫৩২ ভোট এবং অপর প্রার্থী আবু তাহের মাছ প্রতীকে ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,। যুগ্ম সম্পাদক পদে নুরুন্নবী তরবারি প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর রবিউল ইসলাম চাকা প্রতীকে ২৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খান হাতুড়ি প্রতিকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শের আলী আপেল প্রতীকে ৩০২ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধাক্ষ পদে রজব আলী দোয়াত কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল্লাহ কলস প্রতীকে ৪১৪ ভোট পেয়ে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১১ ভোট পেয়ে পরাজিত হন। প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাহী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচিতরা হলো তামজীদ হোসেন (হাঁস), নুরুজ্জামান (ঘড়ি) আবুল হোসেন (আম) হাফিজুল ইসলাম ভুট্ট (কাঁঠাল)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%