০২:০৬ পি.এম
ঠাকুরগাঁওয়ের কৃষক ও কৃষাণীরা আমন ধান কাটার ব্যস্ত সময় পার করছেন। ঠাকুরগাঁও জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে পাকা ধান কাটার দৃশ্য দেখা যাচ্ছে। সোনালি ধান ঘরে তুলতে কৃষকেরা দিন-রাত পরিশ্রম করছেন।
মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা ছড়িয়ে রয়েছে। কোথাও কৃষক কাস্তে হাতে ধান কাটছেন, আবার কোথাও চলছে ধান মাড়াইয়ের কাজ। কেউ ধান শুকাচ্ছেন, কেউ খড়কুটো আলাদা করতে ব্যস্ত রয়েছেন, ফসল ঘরে তোলার কাজে। কৃষকরা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।
আমন ধান কাটা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে। কৃষি বিভাগ জানাচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় এবার ফলন নিয়ে আশাবাদী তারা।
আরও পড়ুন: মাতামুহুরীর চরে বদলাচ্ছে দৃশ্যপট, তামাকের বদলে শুরু হচ্ছে সবজি চাষ
চলতি মৌসুমে জেলায় কৃষকেরা বিনা ধান-১৭, ব্রি ধান-৭৫ ও ব্রি ধান-১০৩ সহ বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের আমন ধান চাষ করেছেন। ভালো ফলন ও স্থানীয় আবহাওয়ার উপযোগিতার কারণে এসব জাতের ধান চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উন্নত জাতের ধান চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা লাভের আশা করছেন।
সরেজমিনে দেখা গেছে, মাঠে মাঠে ধান কাটার ব্যস্ততা চলছে। কোথাও ধান মাড়াই হচ্ছে, কোথাও শুকানোর কাজ চলছে। আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত রয়েছেন।
মাঠে কাজ করা স্বামীর জন্য খাবার পৌঁছে দেওয়া এই এলাকার গ্রামীণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতিতে নারীদের এই অবদানের কথা তুলে ধরে গৃহবধূরা গৃহস্থালি কাজের পাশাপাশি কৃষিকাজের ভরা মৌসুমে মাঠেও সমানতালে শ্রম দেন। প্রিয় মানুষটি যেন অভুক্ত অবস্থায় পরিশ্রম না করেন, সেই মমতা ও দায়িত্ববোধ থেকেই তারা এই রীতি ধরে রেখেছেন।
রহিমানপুর এলাকার কৃষক মো. শরিফ জানিয়েছেন, "এবার প্রায় দুই একর জমিতে আমন ধান চাষ করেছি। ধান কাটার পরপরই এসব ফসল ঘরে তোলায় ব্যস্ত হয়ে পড়েছি। আশা করছি এবার বেশ লাভবান হবো।"
আরও পড়ুন: চাটমোহরে কৃষকরা বিনা হালে রসুন আবাদের কাজে ব্যস্ত
বাড়তি আবাদ ও ভালো ফলনের প্রত্যাশার পাশাপাশি কৃষকদের বড় দাবি হলো উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। তাদের মতে, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বেড়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন।
জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামের বাসিন্দা মোঃ আবু হেলাল জানিয়েছেন, "সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারলে কৃষকের মুখে হাসি ফুটবে।" উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত মৌসুম শুরু হয় নভেম্বর মাস থেকেই এবং শীত শুরু হতেই হালকা বৃষ্টি হয়। কিন্তু প্রায় প্রতি বছরেই হয়। তাই এই বৃষ্টি হওয়ার আগেই যদি সকল কৃষক তার জমির ধান ঘরে তুলে নিতে পারে, তাহলে কৃষকদের কোন ঝামেলা থাকে না।
জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামের কৃষক মো. হামিদ আলী উদ্বেগ প্রকাশ করেছেন ধানের যথাযথ দাম পাওয়ার বিষয়ে। তিনি বলেছেন, "কারণ যেভাবে সবকিছুর দাম বেড়েছে, সেভাবে ধানের দাম না পেলে সবই হারাবেন। লাভের পাল্লা বাড়া তো দূরের কথা, বিনিয়োগটাই মাটি হবে।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন উৎপাদন হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।
আরও পড়ুন: পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা
এদিকে, খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
ঠাকুরগাঁও জেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি আমন মৌসুমে জেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৩৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। এ পর্যন্ত ১ লক্ষ ২৫ হাজার ১৩৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে কাটা ধানের মধ্যে ৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে হাইব্রিড এবং ৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে উফশী জাতের ধান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জমির ধানও পাকতে শুরু করেছে।
আমন ধান কাটা ও মাড়াই নির্বিগ্নে সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফকিরহাটে ২৫ বিঘা জমিতে সুপারির বিশাল বাগান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন