ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার একটি ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, এদের মধ্যে শিশু রোগীও রয়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে মাওয়ামুখী লেনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। বেপরোয়া গতির কারণে অ্যাম্বুলেন্সটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স থেকে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের সুস্থ করার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে এক শিশু রোগীকে নিয়ে খুলনার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- শিশু রোগী মানহা (১০ মাস), জ্যোতি (২৮), লাকী আক্তার (৪৫), মশিউর রহমান (৪৫) এবং অ্যাম্বুলেন্স চালক হিরা (৪০)।

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ওপর ক্ষোভ থেকে ৯ বছরের মেয়েকে নদীতে ফেলে দিলেন সৎ বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


স্ত্রীর ওপর ক্ষোভ থেকে ৯ বছরের মেয়েকে নদীতে ফেলে দিলেন সৎ বাবা

‘মাদরাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছে’, ৯ বছরের শিশু তাসফিয়ার এমন কথাই হয়ে রইল তার জীবনের শেষ কথা। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে ক্ষুব্ধ হয়ে মাদরাসায় ভর্তির কথা বলে শিশুটিকে করতোয়া নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত সৎ বাবা সাফিউল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে ২০ আগস্ট গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাফিউল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভর্ণাপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। শিশু তাসফিয়ার মৃত্যুর পর সে আত্মগোপনে চলে গিয়েছিল।

পুলিশের তথ্যমতে, রাতের অন্ধকারে রাণীগঞ্জ বাজার থেকে ভ্যানে করে কবিরপুর, তার পর গোবিন্দপুর হয়ে মুসিপাড়ার ঘাট পর্যন্ত যায় সাফিউল। এরপর নদীর বাঁধ ধরে ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদীতে নৌকা নিয়ে প্রবেশ করে। সে সময় রাত ১২টা থেকে ১টার মধ্যে ছিল। নৌকা নদীর মাঝামাঝি পৌঁছালে তাসফিয়াকে পানিতে ফেলে দেয় সাফিউল। কিছুক্ষণ পর শিশুটির প্রতি মায়া অনুভব হলে সে তাকে নিয়ে আবার নৌকায় উঠায় এবং বুকে জড়িয়ে ধরে। এরপর নৌকা নিয়ে তীরে ফিরে আসে।

কিন্তু তীরে ফেরার পর মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে সাফিউলের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার মধ্যে ক্ষুব্ধ হয়ে তাসফিয়াকে তীরের কাছে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। এরপর করতোয়ার কালো পানিতে শিশুটি হারিয়ে যায়।

পরদিন সোমবার সন্ধ্যায় ১৭ আগস্ট করতোয়া নদীতে তাসফিয়ার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশের ভাষ্য হলো, ঢাকায় থাকা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ৯ আগস্ট ঢাকা থেকে বাড়িতে ফেরেন সাফিউল। এরপর ১৪ আগস্ট শুক্রবার সে তাসফিয়াকে মাদরাসায় ভর্তি করানোর জন্য বিন্যাগাড়ি রোডের জোবাইদা মহিলা মাদরাসায় রেখে আসে। পরে রোববার বিকেলে ভর্তি-সংক্রান্ত ছবি তোলার নাম করে তাসফিয়াকে সেখান থেকে নিয়ে আসে সাফিউল। ওই দিন রাত ৯টা ১৬ মিনিটে তাসফিয়া নিজেই ফোন করে আগের মাদরাসায় জানায়, তাকে অন্য একটি মাদরাসায় রাখা হয়েছে। কিন্তু এরপর মাদরাসার পথে না গিয়ে শিশুটিকে একের পর এক জায়গা বদলাতে থাকে সাফিউল।

তাসফিয়ার জীবন ছিল ভাঙা সংসারের গল্পে মোড়া। তার মা লিজার সঙ্গে আপন বাবা মমিনুলের বিচ্ছেদ ঘটে ২০২২ সালে। এরপর তাসফিয়া বাবার কাছে থাকত। পরে লিজা সাফিউল ইসলামকে বিয়ে করেন। ২০২৫ সালের দিকে পরিবারের অগোচরে তাসফিয়াকে দ্বিতীয় স্বামীর কাছে নিয়ে আসেন তিনি।

তারপর শিশুটিকে সৎ দাদা-দাদির কাছে রেখে জীবিকার তাগিদে ঢাকায় চলে যান লিজা ও সাফিউল। লিজা পোশাক কারখানায় কাজ করতেন এবং সাফিউল রিকশা চালাতেন। অভাবের সংসারে ধীরে ধীরে দাম্পত্য কলহ বাড়তে থাকে, যার নির্মম শিকার হয়ে যায় ছোট্ট তাসফিয়া।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শিশু তাসফিয়া হত্যার ঘটনায় তার সৎ বাবা সাফিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির নিজের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা, আটক ২

বাজারে যেখানে প্রতি কেজি ইলিশের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা, সেখানে মাত্র আটশ টাকায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির জন্য লোভনীয় বিজ্ঞাপন অনলাইনে দেয়া হতো।

এমন চটকদার প্রচারণার ফাঁদে পড়ে অনেকেই আগাম টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে নড়াইল থেকে দুই প্রতারককে আটক করেছে চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার নোয়াগ্রামের হাবিবুর রহমান (৪১) ও নয়ন মৃধা (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের সঙ্গে সরাসরি যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধিত। তারা কেবলমাত্র ‘ক্যাশ অন ডেলিভারি’ বা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের শর্তে ক্রেতাদের কাছে ইলিশ সরবরাহ করে থাকে। আর যারা প্রতারক, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সস্তায় ইলিশ বিক্রির নামে লোভনীয় ফাঁদ তৈরি করে। সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিলে তারা আগাম টাকা হাতিয়ে নেয়, যা প্রকৃত ব্যবসায়ীরা কখনো করেন না।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনার সুস্বাদু ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির জন্য একটি প্রতারক চক্র লোভনীয় ফাঁদ তৈরি করেছে। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে বেছে নেয়। এতে অনেকেই প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে বিভিন্ন স্থান থেকে অভিযোগ করেন।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রকে ধরতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তারই ধারাবাহিকতায় নড়াইল থেকে এই দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সস্তায় ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই দুজন প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রের তথ্য দেয়ার নির্দেশ কারিগরি বোর্ডের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ এম


ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রের তথ্য দেয়ার নির্দেশ কারিগরি বোর্ডের

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর তথ্য চেয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের ভোকেশনাল শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র অনলাইনে পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কেন্দ্র কোড, কেন্দ্রের নাম, ইআইআইএন নম্বর, কেন্দ্রের ধরন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম, কেন্দ্রের ই-মেইল ঠিকানা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে।

এছাড়া কেন্দ্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রয়েছে কি না, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, ফটোকপিয়ার মেশিন, প্রিন্টার, সিসি ক্যামেরাসহ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধার তথ্যও দিতে হবে।

বোর্ড জানিয়েছে, এসব তথ্য আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রবেশ করে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তথ্য পাঠানোর ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত গুগল ফরমের লিংক ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী নেতার বাড়িতে অভিযানে সাবেক জাম্বিয়ান মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ এম


বিরোধী নেতার বাড়িতে অভিযানে সাবেক জাম্বিয়ান মন্ত্রী নিহত

জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর, বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান চলাকালে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া নিহত হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দেশটির রাজধানী লুসাকায় এই অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি বন্দুকযুদ্ধে কাফওয়ায়া গুলিবিদ্ধ হন।

পরে, তিনি মারা গেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাম্বিয়ার কর্তৃপক্ষের অভিযোগ, মুন্ডুবিলের দল এনআরপিইউপি ‘বিদ্রোহী তৎপরতা’ এবং ‘মিলিশিয়া কার্যক্রমের’ সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র মজুদ রয়েছে।

তবে, মুন্ডুবিল এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বর্তমানে আত্মগোপনে থাকছেন।

সরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। মুন্ডুবিল ৩৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

তবে, ভোট গণনায় কারসাজির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার কাফওয়ায়ার সম্পর্কে কথা বলার সময়, মুন্ডুবিলে জানান যে অভিযানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর সাবেক এই মন্ত্রীর অবস্থান সম্পর্কে তিনি আর কোনো তথ্য পাননি। তার দাবি, অভিযানের সময় তার বাড়িতেই অভিযান চালানো হয়েছিল।

বুধবার রাতে কাফওয়ায়ার মৃত্যুর বিষয়ে পুলিশ নিশ্চিত করে জানান, যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে তারা পাল্টা গুলি চালায়। এর ফলে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন এবং ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে, পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিকে ৪৯ বছর বয়সী কাফওয়ায়াকে শনাক্ত করেন।

কাফওয়ায়া ২০১৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট এডগার লুঙ্গু তাকে গণপূর্তমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরের বছর তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০২১ সালে লুঙ্গু নির্বাচনে হিচিলেমার কাছে পরাজিত হওয়ার পরও কাফওয়ায়া বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এদিকে, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বিভিন্ন উদ্বেগের কথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন জানায়, নির্বাচনের আগে বিরোধীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ একটি ‘অসম প্রতিযোগিতা’র পরিবেশ তৈরি করতে পারে।

ইইউর বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টা বিরতির পর ভোট গণনা পুনরায় শুরু হলে ফলাফল সংকলনের প্রক্রিয়া ‘উল্লেখযোগ্যভাবে অবনতি’ ঘটে। নির্বাচন কমিশন তাদের কর্মীদের ওপর সহিংসতা ও ব্যালট বাক্স চুরির অভিযোগ তুলে গণনা স্থগিত করেছিল।

 

পর্যবেক্ষকেরা আরও জানান, অনেক গণনা কেন্দ্রে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তা ট্যালি শিটে লিপিবদ্ধ করা হয়নি। ডিজিটাল তথ্যের সঙ্গে কাগজের রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রেও দুর্বলতা দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে কর্মকর্তারা নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্দেশনার অপেক্ষায় কার্যক্রম স্থগিত রাখেন।

নির্বাচনকেন্দ্রগুলোতে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিকেও পর্যবেক্ষকেরা উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। কিছু গণনা কেন্দ্রে হামলার খবর পাওয়ার কথাও জানিয়েছেন তারা।

 

নির্বাচনের ফলাফলের ওপর সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে, নির্বাচনের সময় গ্রেপ্তার ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর যেসব ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাম্বিয়ার মানবাধিকার কমিশন।

আইনগত সময়সীমার বেশি কাউকে আটক রাখা হলে তাদের আদালতে হাজির করা অথবা মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কমিশন। পাশাপাশি, বেআইনি আটক ও নিখোঁজ হওয়ার অভিযোগের স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%