০৩:৫৪ পি.এম
ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ফলে নিহতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে। শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়িটিতে অবৈধভাবে বাজি তৈরি করা হচ্ছিল। নিহত পাঁচজনের মধ্যে দুজন শিশু রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন আমরুদ্দিন আহমেদ (৭০), মুশকাল সিদ্দিকি (২০), খুশবু সিদ্দিকি (১০), আরশাদ সিদ্দিকি (৮) এবং রাজকুমার ওরফে ভোলা (৩৫)। বিস্ফোরণের পর তাদের মরদেহ সিওয়ান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে।
সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে এ ঘটনায় আহত কেউ ভর্তি নেই। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণে সামান্য আহত কয়েকজন পুলিশের কাছে বা সংশ্লিষ্ট দপ্তরে খবর দেননি। তাদের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অবৈধ বাজি তৈরির কাজে ব্যবহৃত বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তিনি উল্লেখ করেন, বাড়িটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল, সেখানে কতটা বিস্ফোরক মজুত ছিল এবং কারা অবৈধভাবে বাজি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক সরবরাহের উৎস শনাক্ত করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন