ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান, জোরদার গোয়েন্দা নজরদারি


বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান, জোরদার গোয়েন্দা নজরদারি

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরজুড়ে ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান ও ডমিনেশন পেট্রোলিং পরিচালিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর নির্দেশনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ ও অপতৎপরতা প্রতিরোধে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে।

পুলিশের এ বিশেষ কার্যক্রমের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক, জনসমাগমস্থল ও বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে।

আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর

নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ তৎপরতা পরিচালিত হচ্ছে। অপরাধীদের শনাক্ত করা, অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত ও বিশেষ পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে।

ডমিনেশন পেট্রোলিংয়ের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এতে অপরাধপ্রবণ এলাকায় অপরাধীদের অপতৎপরতা প্রতিহত করার পাশাপাশি জনমনে নিরাপত্তাবোধ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ অভিযান ও টহলের মাধ্যমে নগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুলিশি তৎপরতা পরিচালনা করা হচ্ছে।

বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ও ডমিনেশন পেট্রোলিং অব্যাহত থাকবে। অপরাধ ও নাশকতা প্রতিরোধে পুলিশের গোয়েন্দা নজরদারি, টহল এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ উদ্যোগের ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএমপি।

আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ

কক্সবাজারে জেলা যুবদল কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এবং সাংগঠনিক সম্পাদক আমির আলীর নেতৃত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়।

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন উপজেলার যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা একত্রিত। তাঁরা দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে ৫ বছরের শিশুর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে ৫ বছরের শিশুর প্রাণ গেল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়, বাড়ির পাশে অবস্থিত ডোবায় শালুক তুলতে গিয়ে মো. রাশেদ (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে শিশু রাশেদ বাড়ির পাশে একটি ডোবায় শালুক তুলতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত সে ডোবার গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটেছে।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবকদের আরো সতর্ক থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সমাপ্ত, উদ্বুদ্ধ করলেন নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সমাপ্ত, উদ্বুদ্ধ করলেন নেতারা

সংসদ ভবন, ১৮ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, যা গত ৯ নভেম্বর শুরু হয়েছিল, আজ সমাপ্ত হয়েছে।

অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। এর আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের পূর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্পিকার উল্লেখ করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশবিরোধী অপশক্তি পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যে, তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।

স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় স্পিকার সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান।

স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি।

পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।

আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আজকের বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ২০২৬ সালের ৯ নভেম্বর শুরু হয়ে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ৪টি বিল উত্থাপন করা হয় এবং ৪টি বিল পাস হয়।

আইন প্রণয়নের পাশাপাশি এই অধিবেশনে ৩টি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।

সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ অন্তর্ভুক্ত ছিল; অধিকাংশ নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দানের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেলযোগে সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোঃ শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%