ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে


সৌদিতে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে

সৌদি আরব সরকার পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার এই তথ্যটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারই সন্ত্রাসীমূলক অপরাধের জন্য তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অভিযুক্তরা ‘বিদেশি সন্ত্রাসী সংস্থায় যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, নিজেদের কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলা চালানোর জন্য অর্থায়ন এবং সমর্থনে জড়িত ছিলেন।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচজনের নামও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ অন্তর্ভুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহাত্মা লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছ আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউল পাগলা বাবলু খান ও বাউল নিজাম সাঁই। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।

আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনাদর্শ, মানবতাবাদী দর্শন ও সাহিত্যচিন্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা ফরিদপুরে একটি লালন গবেষণাগার প্রতিষ্ঠা ও নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা উল্লেখ করেন, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক ও বাউল সম্রাট। তাঁর জীবনদর্শন মানুষকে মানবতা, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। বক্তারা বলেন, লালনের সাহিত্য ও দর্শন নিজেদের জীবনে ধারণ করতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে এমন এক সমাজ গঠন করতে হবে, যেখানে মানুষকে যথাযথ মূল্যায়ন করা হয়।

তারা আরও বলেন, লালনের জীবন ও দর্শন নিয়ে নতুন করে গবেষণার সুযোগ সৃষ্টি করা জরুরি। বক্তারা সরকারের প্রতি ধন্যবাদ জানান, যারা দেশের ৬৪টি জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছেন এবং ফরিদপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, লালনের অসাম্প্রদায়িক চেতনা চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পীরা লালন গীতি পরিবেশন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল বিএমসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল বিএমসি

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত বলিউড অভিনেতা অজয় দেবগন এবং তার মায়ের মালিকানাধীন একটি বাংলোর অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। নগর কর্তৃপক্ষ গত ১২ অক্টোবর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, সেখানে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই নির্মাণ কাজ চলছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে বিএমসি কর্তৃপক্ষ মালিকপক্ষকে কাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র দেখানোর নির্দেশ দিয়ে একটি নোটিশ পাঠায়। মালিকপক্ষ জবাব দিলেও, বৈধ নথিপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় বিএমসি ৬ অক্টোবর সেই জবাব খারিজ করে দেয় এবং অবশেষে অবৈধ অংশটুকু ভেঙে ফেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৭,৮০২ বর্গফুটের এই বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। যদিও হাউজিং সোসাইটির পক্ষ থেকে সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছিল, বাড়িটির ভেতরের কাঠামোগত পরিবর্তন বা বাণিজ্যিক রূপ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। চলতি বছরে তার বহুল প্রতীক্ষিত 'দৃশ্যম ৩' বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে এবং সামনে তার আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক রিস জেমস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক রিস জেমস

চোটের কারণে তিন মাসের জন্য চেলসির অধিনায়ক ইংল্যান্ডের তারকা রিস জেমস দল থেকে ছিটকে গেছেন। গত শুক্রবার বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে নামার আগে তিনি অনুশীলনে চোট পান। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে, চোটটি গুরুতর, ফলে তাকে চিকি;সকের ছুরি-কেচির নিচে যেতে হয়েছে। কোচ জাবি আলোনসো জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনের ভিত্তিতে, শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে চেলসি বস এই তথ্য নিশ্চিত করেছেন। জাবি আলোনসো জানিয়েছেন, আজকের ম্যাচের আগে তার দলে অন্য কোনো চোটের সমস্যা নেই।

জেমসের চোট জানুয়ারির দলবদলের পরিকল্পনাকে প্রভাবিত করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন: ‘না, আমি তা মনে করি না, কারণ আমরা আশা করছি যে সে কয়েক সপ্তাহ আগে ফিরবে, বা কয়েক সপ্তাহ পরে, তাই দেখা যাক, তার ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই এটি দলবদলের পরিকল্পনাকে প্রভাবিত করে না।’

এই দীর্ঘ ছুটির কারণে, তিনি লিভারপুল, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারের পর্যটন শিল্পে শারদীয় দুর্গাপূজায় ৩০ কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মৌলভীবাজারের পর্যটন শিল্পে শারদীয় দুর্গাপূজায় ৩০ কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান, স্বচ্ছ জলের লেক এবং সবুজ অরণ্যের আকর্ষণে মৌলভীবাজার জেলা, বিশেষ করে চায়ের রাজধানী শ্রীমঙ্গল, আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত। টানা পাঁচ দিনের ছুটির কারণে পর্যটনকেন্দ্রগুলোতে সাজ সাজ রব চলছে। হোটেল ও রিসোর্টে বুকিং বাড়ছে, এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এবারের পূজার ছুটিতে মৌলভীবাজারের পর্যটন শিল্পে প্রায় ৩০ কোটি টাকার সম্ভাবনাময় বাণিজ্য হতে পারে।

১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটতে পারে এই অঞ্চলে। বিশেষ করে শ্রীমঙ্গলের চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক এবং বাইক্কা বিলসহ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি ভিড়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে, চা-বাগানের মন্দিরে দুর্গাপূজার আয়োজন এই অঞ্চলের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, এই অঞ্চলে পর্যটকদের আগমন কেবল হোটেল ও রিসোর্টের ব্যবসায় সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে রেস্তোরাঁ, পরিবহন, স্থানীয় খাবার, চা-পাতা এবং হস্তশিল্পের বিক্রিসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। ফলে, পর্যটকদের বাড়তি উপস্থিতি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য শ্রীমঙ্গল। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি চা-বাগান, আনারসের বাগান, বনাঞ্চল এবং লেকের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছর দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। শ্রীমঙ্গলকে কেন্দ্র করে পর্যটকেরা মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিল, মাধবপুর লেক, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, চা জাদুঘর, ভাড়াউড়া লেক, জাগছড়া লেক, চা-কন্যা ভাস্কর্য, বধ্যভূমি-৭১, ডিনস্টন সিমেট্রি, হরিণছড়া গলফ মাঠ, খাসিয়া পুঞ্জি এবং মণিপুরি ও ত্রিপুরা জনগোষ্ঠীর গ্রাম। এছাড়া, কমলগঞ্জের হামহাম জলপ্রপাত এবং ধলই চা-বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।

জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর, হাইল হাওর, রাজনগরের কমলা রানির দিঘি, কাউয়াদিঘি হাওর, মৌলভীবাজার সদর উপজেলার খোজার মসজিদ ও বর্ষিজোড়া ইকোপার্ক এবং কুলাউড়ার গগনটিলা, কালাপাহাড় ও মূরইছড়া ইকোপার্ক। পূজার ছুটিতে এসব স্থানে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, কোনো পর্যটক একদিন রাত্রিযাপন করলে আবাসন, খাবার, যাতায়াত ও বিনোদনসহ বিভিন্ন খাতে গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করতে পারেন। ফলে, রাত্রিযাপনকারী পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও তার প্রভাব পড়ে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পূজার ছুটিতে পর্যটকদের বিপুল সমাগম ঘটলে হোটেল ও রিসোর্টের পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং স্থানীয় পণ্য বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হবেন। তবে, ৩০ কোটি টাকার সম্ভাব্য বাণিজ্যের হিসাবটি সংশ্লিষ্টদের প্রত্যাশাভিত্তিক।

শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. নূরুল ইসলাম বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি শুরুর আগেই শ্রীমঙ্গলে পর্যটকদের আগমন শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পর্যটকদের উল্লেখযোগ্য সমাগম হবে বলে আমরা আশা করছি। আগত অতিথিদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নূর ফুডস রেস্টুরেন্টসহ শহরের বেশ কয়েকটি রেস্তোরাঁ ২৪ ঘণ্টা খোলা রাখার প্রস্তুতি রয়েছে।’

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান বলেন, পাহাড়ি অরণ্য ও চা-বাগানের সবুজ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা বরাবরই শ্রীমঙ্গলে আসেন। পূজার ছুটিতেও এর ব্যতিক্রম হবে না। তিনি বলেন, ‘এবার পূজার ছুটি উপলক্ষে ২৩ অক্টোবর পর্যন্ত আমাদের রিসোর্টে শতভাগ বুকিং রয়েছে।’ তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত হলে এবং শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু হলে এ অঞ্চলের পর্যটন শিল্প নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ছোট-বড় সব হোটেল, রিসোর্ট এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান উপকৃত হবে।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, পূজার ছুটিতে মৌলভীবাজারে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। জেলার অধিকাংশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় থাকায় এখানে পর্যটকদের ভিড় বেশি থাকে। তিনি বলেন, ‘আমাদের ধারণা, এবারের পূজার ছুটিতে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার পর্যটকের সমাগম হতে পারে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে জন্য আমাদের টিম সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, যানজট নিরসন, জনসমাগম ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। শ্রীমঙ্গলকে নিরাপদ, সম্প্রীতিপূর্ণ এবং পর্যটকবান্ধব রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী দৈনিক ইনকিলাব’কে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকদের আগমন ক্রমেই বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা এবং দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এক মাস আগে থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়ন এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে চারবার উপস্থাপন করেছি। পর্যটকদের যাতায়াত সহজ করতে শায়েস্তাগঞ্জের মিরপুর থেকে মৌলভীবাজার পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। শিগগিরই পুরো শ্রীমঙ্গল শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনার পরিকল্পনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য ডিআইজির কাছে অনুরোধ জানিয়েছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে ধারাবাহিকভাবে সমন্বয় সভা করা হচ্ছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্র এই জেলাকে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। তবে, পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিয়ন্ত্রণ, সড়ক যোগাযোগের উন্নয়ন, মানসম্মত আবাসন, নিরাপদ পরিবহন, খাবারের মান এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করাও জরুরি। সংশ্লিষ্টরা মনে করেন, পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ অবকাঠামো, পর্যাপ্ত নিরাপত্তা এবং পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করা গেলে মৌলভীবাজারের পর্যটন শিল্প কেবল ছুটিকেন্দ্রিক বাণিজ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সারা বছর কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%