০২:৫৩ এম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামের এক নারীর মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন যে, এ ঘটনার পর মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এই বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় আসেননি—এমন তথ্যও পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
এমতাবস্থায়, পুলিশকে নিয়ে এ ধরনের অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এছাড়াও, শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয়, অবস্থান বা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন