মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩৪ পি.এম
নরসিংদী, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার মনোহরদী পৌরসভায় বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্নতা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভাকে একটি নির্দিষ্ট ফিডারের আওতায় আনার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার মনোহরদী পৌরসভায় এই উন্নয়নকাজের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন মনোহরদী পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা বিদ্যমান। এর ফলে পৌরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং বিদ্যুৎ সরবরাহকে আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল করার উদ্দেশ্যে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উন্নয়নকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, "মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছি।"
তিনি আরও বলেন, "উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।"
ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।"
ইউএনও আরও বলেন, "এ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।"
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, "মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সেই দাবির বাস্তবায়নে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।"
তিনি উল্লেখ করেন, "স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের উদ্যোগে এ কাজ এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মনোহরদী পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে এবং পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।"
তিনি মনোহরদী পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, "জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব উন্নয়নকাজ বাস্তবায়নে আমরা পাশে থাকব।"
ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের অনিক বলেন, "মনোহরদী পৌরসভার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।"
তিনি আরও বলেন, "কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে প্রতিষ্ঠানটি আন্তরিক।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সুহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মনোহরদী পৌরসভা যুবদলের সভাপতি আ. সামাদ আকন্দ বকুল, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মহসিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা করছেন, কাজটি সম্পন্ন হলে মনোহরদী পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পৌরবাসীর যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা অনেকাংশে কমে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ সংক্রান্ত তথ্য ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর আসন, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনে ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করে নির্বাচন কমিশন ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেছে।
এতে আরও বলা হয়েছে, "নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমূখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন করা হবে। এই কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধিগণের সমন্বয়ে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে।"
এমতাবস্থায়, অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধি (উপসচিব/মেজর/পুলিশ সুপার সমমর্যাদার নিম্নে নয়) মনোনয়ন করে জরুরি ভিত্তিতে নাম ও মোবাইল নম্বর সরবরাহের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, তাদের নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড, মোতায়নের তথ্য ইত্যাদি বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে। এছাড়া, সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েনকৃত সকল প্রতিনিধির সাথে যোগাযোগ স্থাপন ও দক্ষতার সাথে তথ্য আদান-প্রদানে সক্ষমতা এবং মিসইনফরমেশন/ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন হতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজযাত্রীরা যাতে কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার না হন, তা নিশ্চিত করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন।
মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রীই মন্ত্রণালয়ের কাছে সমান গুরুত্বপূর্ণ। হাজিদের সেবায় বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স/লিড এজেন্সির অনুকূলে হজযাত্রী কোটা বণ্টনসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী আরও জানান, হজযাত্রীদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সবসময় প্রস্তুত রয়েছে। হাজিদের খেদমতে যা কিছু প্রয়োজন, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। বেসরকারি হজ এজেন্সিগুলোকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে কোনো হাজি ভোগান্তিতে না পড়েন।
তিনি উল্লেখ করেন, কোনো কাজে ভুলত্রুটি হলে একে অপরের দোষ খোঁজার পরিবর্তে দ্রুত সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সৌদি আরবের বিধিবিধান যথাযথভাবে মেনে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কেউ এলে তা ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে অযথা ঘোরানো বা হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের নিবন্ধিত কোটার সিংহভাগ বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে পরিচালিত হবে উল্লেখ করে তিনি এজেন্সিগুলোর কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন।
ধর্মমন্ত্রী বলেন, হজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি আমানত। সবাইকে নিজেদের খাদিম বা সেবক মনে করে দায়িত্ব পালন করতে হবে। সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী হারুনের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই বৈঠকের তথ্য মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে দূতাবাসের পোস্টে উল্লেখ করা হয়েছে, "আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসীদের অধিক বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেন, সিলেট বাংলাদেশের একটি গর্বিত অঞ্চল। এই অঞ্চলের জনগণ বিভিন্ন সময় দেশের নেতৃত্ব প্রদান করেছে এবং জাতিকে পথ দেখিয়েছে। সিলেটের আলাদা সংস্কৃতি রয়েছে এবং সিলেটের চা বাগানের খ্যাতি বিশ্বজুড়ে প্রসারিত। সিলেটের প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সিলেটের মানুষ শান্তিপ্রিয় এবং প্রতিবাদী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল এই আহ্বান জানান।
গণতন্ত্রের সংগ্রামকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে প্রেসিডেন্ট বলেন, “আমি প্রায়ই আপনাদের বলতাম- আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।”
গণতন্ত্র রক্ষাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, দেশের সরকারি দল ও বিরোধী দলের উভয়ের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। পাশাপাশি জাতীয় সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত এবং মানুষের প্রাণের বিনিময়ে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে। এই সরকার চেষ্টা করছে অতিদ্রুততার সঙ্গে দেশকে কী করে একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়।”
প্রেসিডেন্ট বলেন, “সংসদকে ফাংশনাল করা হবে প্রধান দায়িত্ব। তাকে যেন কাজ করে ঠিকমতো, সেইভাবে কাজ করার চেষ্টা করা। অন্যান্য বিষয়গুলোতে দ্বিমত থাকতে পারে। সেই দ্বিমতগুলো আলাপ-আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব।”
আজ বেলা ১১টা ২৯ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। এরপর নির্ধারিত কর্মসূচি পালন শেষে তিনি সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ