শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪১ পি.এম
রাজধানীর দক্ষিণখান এলাকায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ভিডিও এবং তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর উত্তরা বিভাগ কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি, আমরা দেখতে পাচ্ছি দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে।"
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালের পথসভায় অংশ নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রা পথে এসব কথা বলেন।
জামায়াত আমির উল্লেখ করেন, "নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই।" তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হলে সেখানে গর্জন করা, বাধা দেওয়া ও প্রতিবাদ করা, এমনকি প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিরোধীদলের নেতা আরও বলেন, "সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দেশে কোন বিদ্যুৎ সংকট নাই।"
বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। তিনি জানান, "আমরা বুঝে গেছি এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।" তিনি বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমল ও জুলাই আন্দোলনসহ দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলেন। কিন্তু, এ সরকার এখন পর্যন্ত কোন বিচারের অগ্রগতি দেখাতে সক্ষম হয়নি।
ফেনী জেলা জামাতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে লং মার্চে অংশ নেওয়া নেতৃবৃন্দরা চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ছাড়েন। দলীয় সূত্রে জানা গেছে, মিরশরাই বাজারে একটি পথসভা করার পরিকল্পনা রয়েছে।
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সকল দাবির প্রতি সংহতি জানাচ্ছে।’
আজ শনিবার বিকেলে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬ দফা দাবিতে লং মার্চ করছে। লং মার্চে দেওয়া বক্তব্যে রাশেদ খান দাবি করেছেন যে, দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, ‘আজ জামায়াতের আমির বলেছেন, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনে নামবেন।’ শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন পোস্ট করেছেন- NO GAS, NO BILL, NO Service, NO TAX এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা হুবহু একই পোস্ট করেছেন।
রাশেদ খান আরও বলেছেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীলরাও জামায়াতের দাবিকে সাধুবাদ জানাচ্ছে।’
তিনি উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগ বর্তমানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করতে পারবে না। ফলে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে। আজ জামায়াতের আমিরের বক্তব্য বিষয়টিকে আরো স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে ক্ষমতা সবচেয়ে বড় শত্রু। আর সেই সূত্রে জামায়াত-আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে।’
রাশেদ খান জানান, আওয়ামী লীগ জানে জামায়াত কখনো ক্ষমতায় বসতে পারবে না। তবে তাদের মাধ্যমে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই জামায়াতের এই লং মার্চ।
লং মার্চের দাবিতে গণহত্যার বিচার থাকলেও, জামায়াত নেতারা বক্তব্যে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বলে দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার চায়নি....। ৭১-এর গণশত্রু আর ২৪-এর গণশত্রু আজকে ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন। যদিও তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন, তবে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন।
সম্প্রতি সিডনিতে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে তার দেখা হয়েছে।
বারবিকিউ পার্টিতে তাসকিন ও তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন শাবনূর। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছিল।
প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সময়কে তিনি আনন্দময় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
শুধু আড্ডা ও পারিবারিক সময় কাটানো নয়, শাবনূর তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন।
জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরো অনেক সাফল্য কামনা করি।’
শাবনূরের এই ভালোবাসায় সাড়া দিয়েছেন তাসকিনও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তার জন্য শাবনূর আপু ও তাঁর পরিবারকে ধন্যবাদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর দুটি কনভয়ে পৃথক হামলায় অন্তত ২৫ জন সেনা নিহত হয়েছেন। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে জানায়, জিয়ারত ক্রস ও সুরাবের হাজিকায় এই হামলাগুলো সংঘটিত হয়েছে।
সংগঠনটির মুখপাত্র জিয়ন্দ বালোচ দাবি করেন, জিয়ারত ক্রস এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ের দুটি গাড়িতে তাদের ‘ফতেহ স্কোয়াড’ হামলা চালায়, যার ফলে ১৮ সেনা নিহত হন। একই সময়ে, সুরাবের হাজিকায় ‘স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড’ (এসটিওএস) সেনাবাহিনীর আরেকটি কনভয়ে হামলা চালিয়ে ৭ সেনাকে হত্যা করা হয়েছে।
হামলার পর বিএলএর মিডিয়া আউটলেট ‘হাক্কাল’ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায় এবং সশস্ত্র ব্যক্তিদের অস্ত্র সংগ্রহ করতে দেখা যায়।
এদিকে, হামলার প্রতিক্রিয়ায় বেলুচিস্তানের মাস্তুং, সিব্বি, কোয়েটা ও কালাতে অভিযান চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৫০ জন বালোচ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। নিহতদের মধ্যে বিএলএ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরাও রয়েছেন।
প্রসঙ্গত, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিএলএ। এই সংগঠনটি প্রদেশটির পূর্ণ স্বাধীনতার দাবি জানাচ্ছে। তবে বিদ্রোহীরা দাবি করে যে, তারা প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ