মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৪ পি.এম
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে দীর্ঘকাল ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়। এই প্রতারক চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে ফেক ফেসবুক পেইজ এবং ফেক হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করতো। এরপর তারা এসব পেইজে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির জন্য ভিডিও, শর্ট রিল এবং ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতো।
ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতো এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আঃ কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতো। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করতো। অথচ গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল।
মামলা দুটির সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেছেন, "যারা দেশ থেকে টাকা লুটপাট করে, মানুষ খুন করে পালিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অধিবেশনের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "একজন জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা।"
ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিস শহরে একটি পার্কে তার ভাই, ভাবি এবং চার বছর বয়সী এক শিশুকে নিয়ে হাঁটছিলেন। এ সময় বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসী ও আওয়ামী লীগের কর্মীরা তার ওপর কাপুরুষোচিত হামলা চালায়।
এ ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, "আমি আজ (মঙ্গলবার) সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। আমরা ইতালিয়ান পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছি।" প্রধানমন্ত্রীর পক্ষে তিনি আরও জানান, "আজ বিকেলে বাঁধনের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি।"
ভেনিসের স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক সাড়া দিয়েছে জানিয়ে তিনি বলেন, "রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছেন।" বাঁধন পুলিশ ও দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবেন। এরপর আমাদের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে বিষয়টি তুলে ধরবে।
অপরাধীদের দেশে ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পিছপা হবে না।" তিনি আরও বলেন, "যারা আমাদের কোষাগার লুট করে, মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছে, আইনের দীর্ঘ হাত ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নেব।"
বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, "আজ বাংলাদেশের জন্য একটি গর্বের দিন।" তিনি জানান, "কয়েক ঘণ্টার মধ্যেই আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছি।" বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতি এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, "বাংলাদেশ এখন কোনো দেশের দাসত্ব বা গোলামি আর করবে না। বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে।" প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং এই সংসদের সমর্থনে তিনি আশা প্রকাশ করেন, "আমরা এমন একটি দেশ হিসেবে আবির্ভূত হবো, যা বিশ্বকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান থেকে অবদান রাখবে।"
এর আগে, অধিবেশনে একজন সংসদ সদস্য সম্পূরক প্রশ্নে জানতে চান, ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী ওই অপরাধীদের বিরুদ্ধে ইতোমধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অগ্রগতি কতদূর। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিস্তারিত পদক্ষেপ সংসদকে অবহিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগে মানুষের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে কাঁচপুর-ইলিশা নৌপথে ফেরি সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন ফেরি চলাচলের পর যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে এ রুট নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া পাওয়া গেছে। এ কারণে ফেরির সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এসব রুট আরও জনপ্রিয় হয়ে উঠবে। এতে লোকসানও কমানো সম্ভব হবে।
সড়ক যোগাযোগের প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক মো. রবিউল আলম, পরিচালক এস এম আশিকুজ্জামান, পরিচালক ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী ও পরিচালক শেখ মো. নাসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। একেকটি যাত্রায় সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি এ ফেরি যোগাযোগ চালুর ফলে ভোলার পণ্য ও যাত্রী পরিবহন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যাবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এ রুট থেকে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্লোরিডায় যাওয়ার পথে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চার সদস্য নিখোঁজ হয়েছেন। বাহামাসে ছুটির অবকাশ কাটিয়ে ফ্লোরিডায় ফেরার সময় সোমবার (৭ সেপ্টেম্বর) বাহামাসের আন্দ্রোস দ্বীপের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮০ বছর বয়সী পাইলট মারিও লামার, যিনি মায়ামির বাসিন্দা, তার স্ত্রী লিলি লামার (৭৯) এবং তাদের দুই নাতি-নাতনি সোফিয়া সোসা (২৮) ও ক্রিশ্চিয়ান সোসা (২২)।
পুলিশ ও বিমান চলাচল সূত্রে জানা গেছে, পাঁচ আসনবিশিষ্ট ‘পিএ-৩৪ পাইপার’ বিমানটি বাহামাসের গ্রেট হারবার কে থেকে ফ্লোরিডার ওপা-লোকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, বিমানটির উচ্চতা মাত্র তিন মিনিটের মধ্যে ১০ হাজার ফুট থেকে ৩ হাজার ৭০০ ফুটে নেমে আসে এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেঙে পড়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ মারিও লামারের ৪০ বছরেরও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। ছুটি কাটিয়ে নিজ ঘরে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাহামাস কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কোস্ট গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সভায় ব্যবসায়ীরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় আগত কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।
এ সময় হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীসহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ