ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলের আমাজনে তেল অনুসন্ধান: আদিবাসী নেতা কারিপুনার উদ্বেগ


ব্রাজিলের আমাজনে তেল অনুসন্ধান: আদিবাসী নেতা কারিপুনার উদ্বেগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : ব্রাজিলের আমাজন অঞ্চলের একটি গ্রামের পাশে বয়ে যাওয়া শান্ত নদীর দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আদিবাসী নেতা ভাগনার কারিপুনা। তার মনে আশঙ্কা, যদি সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে এবং সেটি জোয়ারের পানির সঙ্গে তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

কারিপুনার গ্রাম মাঙ্গা, উত্তর ব্রাজিলের আমাপা রাজ্যের সীমান্তবর্তী শহর ওইয়াপোকের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ফরাসি গায়ানার সীমান্তবর্তী এই শহরে গত এক বছর ধরে তেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর পেছনে কারণ হলো, ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস এক বছর আগে ওই অঞ্চলের সমুদ্রসীমায় তেল অনুসন্ধান শুরু করেছে।

আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে

অগাস্ট মাসে পেট্রোব্রাস জানায়, আমাপা রাজ্যের উপকূল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে সমুদ্রের একটি কূপে তারা তেলের সন্ধান পেয়েছে।

বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি ৪ অক্টোবরের নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য লড়ছেন, দ্রুত ওই এলাকা পরিদর্শন করেন। তিনি তেলকে ‘ভবিষ্যতের পাসপোর্ট’ হিসেবে অভিহিত করেন।

রাজ্যের রাজধানী মাকাপা থেকে ওইয়াপোতে যেতে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এর একটি বড় অংশ গর্তে ভরা লাল মাটির রাস্তা। বিভিন্ন জলপথ পার হতে অস্থায়ী কাঠের সেতুও ব্যবহার করতে হয়।

শহরের অনেক রাস্তায় ফুটপাত নেই। দুই পাশে নিচু ভবনগুলোর জরাজীর্ণ চেহারা চোখে পড়ে। তবে একই সঙ্গে বেশ কিছু নির্মাণকাজও চলছে।

আরও পড়ুন: ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

লুলার ওপর ‘হতাশ’ আদিবাসী নেতা

দারিদ্র্যপীড়িত শহরটিতে সম্ভাব্য তেলসম্পদ নিয়ে অনেক বাসিন্দা আশাবাদী হলেও কারিপুনা বিষয়টি নিয়ে মোটেও নিশ্চিত নন।

৫৭ বছর বয়সী এই আদিবাসী নেতা বলেন, ‘তেল ছড়িয়ে পড়লে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। পানির কোনো সীমান্ত নেই।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে তা ‘কুরিপি নদীতে পৌঁছে যেতে পারে। নদীটি তার প্রায় ১,৮০০ বাসিন্দার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এতে তিনি ‘বিরাট বিপর্যয়ের’ আশঙ্কা করছেন।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

পেট্রোব্রাস জানিয়েছে, তাদের বিশ্লেষণে তেল ছড়িয়ে পড়লে তা উপকূলে পৌঁছানোর ‘সম্ভাবনার কোনো ইঙ্গিত’ পাওয়া যায়নি।

২০২৩-২৪ সালে পেট্রোব্রাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সের্নের চেয়ারম্যান জ্যাঁ পল প্রাতেস এএফপিকে বলেন, ‘সমুদ্রে তেল অনুসন্ধানে শূন্য ঝুঁকি বলে কিছু নেই।’

তিনি বলেন, ঝুঁকির সম্ভাবনা কম হলেও এর পরিণতি ‘অত্যন্ত গুরুতর’ হতে পারে।

কারিপুনা বলেন, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিজেকে সোচ্চার হিসেবে তুলে ধরা প্রেসিডেন্ট লুলার ওপর তিনি ‘হতাশ’।

আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ

লুলা বলেছেন, তিনি জীবাশ্ম জ্বালানির পক্ষে নন। তবে তার মতে, বিশ্ব এখনো এগুলো ছাড়া চলতে পারে না এবং তেল থেকে পাওয়া অর্থ পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থায়নে ব্যবহার করা যেতে পারে।

কারিপুনা বলেন, তেল অনুসন্ধানের প্রভাব তিনি ইতোমধ্যে টের পাচ্ছেন। তার ভাষায়, বিমান ও হেলিকপ্টারের শব্দে পাখি ও বন্যপ্রাণী ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে।

তার এই উদ্বেগের সঙ্গে একমত জোয়েলসো মেন্দনসা, প্রায় ৪০০ জন ঐতিহ্যবাহী জেলের একটি সংগঠনের সহসভাপতি।

নদীর তীরে খুঁটির ওপর তৈরি একটি ছোট ঘরে জাল মেরামত করতে করতে ৫০ বছর বয়সী মেন্দনসা বলেন, তেল ছড়িয়ে পড়লে কেউ আমাদের মাছ কিনতে চাইবে না।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

পেট্রোব্রাস এএফপিকে জানিয়েছে, তারা নাগরিক সমাজ ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ‘নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে’।

বিমান চলাচল নিয়ে কোম্পানিটি জানিয়েছে, আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনার পর তারা প্রয়োজনীয় ‘সমন্বয়’ করেছে।

কেউ দেখছেন আশীর্বাদ, কেউ অভিশাপ

কেউ সম্ভাব্য তেলসম্পদকে অভিশাপ হিসেবে দেখলেও জ্যাকুলিন ক্যাডেতে এটিকে ‘ঈশ্বরের দেওয়া সংকেত’ মনে করেন।

আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

৪৫ বছর বয়সী এই ইভানজেলিক্যাল ধর্মযাজক ২০২৫ সালের শেষ দিকে ওইয়াপোতে আসেন। বহু বছর ফরাসি গায়ানা ও ফ্রান্সের মূল ভূখণ্ডে থাকার পর তেলের সম্ভাব্য ‘সুযোগের’ আশায় তিনি শহরটিতে চলে আসেন।

জাতীয় শিল্প পর্যবেক্ষণ সংস্থার এক গবেষণা অনুযায়ী, আমাপা রাজ্যে ৫০ হাজারের বেশি কর্মসংস্থান’ সৃষ্টি হতে পারে।

তেল উৎপাদন শুরু হলে পেট্রোব্রাসকে যে রয়্যালটি বা রাজস্ব দিতে হবে, তা স্থানীয় কর্তৃপক্ষের জন্যও বড় ধরনের আয় এনে দিতে পারে।

তবে পেট্রোব্রাসের প্রেসিডেন্ট মাগদা শ্যামব্রিয়ার্ড আগস্টে জানান, তেল উৎপাদন শুরু হতে আরও ‘ছয় বা সাত বছর’ সময় লাগতে পারে।

এরই মধ্যে শহরের মেয়র ইনাসিও মনতেইরো মাসিয়েল ভবিষ্যৎ নিয়ে ‘খুব আশাবাদী’। তবে তিনি স্বীকার করেছেন, অবকাঠামো ও সামাজিক নীতির ক্ষেত্রে শহরটিকে ‘প্রায় শূন্য থেকে শুরু করতে হবে’।

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, শহরটির প্রায় ২৮ হাজার বাসিন্দার অর্ধেকেরও বেশি ব্রাজিলের দরিদ্র পরিবারগুলোর জন্য দেওয়া বোলসা ফামিলিয়া ভাতা পান।

তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে নতুন মানুষের আগমন বেড়েছে। মেয়র জানান, পেট্রোব্রাস খননকাজ শুরু করার পর এই প্রবণতা আরও ‘তীব্র হয়েছে’।

তার হিসাব অনুযায়ী, বর্তমানে ওইয়াপোকে ৪০ হাজার থেকে ৪৫ হাজার মানুষ বসবাস করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, ভারতীয় বিনিয়োগ উপদেষ্টা সিদ্ধার্থের ১১ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, ভারতীয় বিনিয়োগ উপদেষ্টা সিদ্ধার্থের ১১ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় বংশোদ্ভূত বিনিয়োগ উপদেষ্টাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাসবহুল জীবনযাপন এবং পূর্ববর্তী বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের অপরাধে দণ্ডিত হয়েছেন। মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে) বিষয়টি নিশ্চিত করেছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে।

প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকায় আমেরিকান ফুটবল তারকা এবং খ্যাতনামা সংগীতশিল্পী টেইলর সুইফটের স্বামী ট্র্যাভিস কেলসি অন্তর্ভুক্ত রয়েছেন। আদালতের কৌঁসুলি শুনানিতে তার নাম উল্লেখ করেন। তবে কেলসির বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মিসৌরি আদালতে দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী, ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮ বছর বয়সী সিদ্ধার্থ জাওহার বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলারের (সাড়ে তিন কোটি ডলার) বেশি অর্থ সংগ্রহ করেছেন। কিন্তু তিনি বিনিয়োগ করেছিলেন মাত্র ১০ মিলিয়ন ডলারের মতো।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক জ্যাকারি এম ব্লুস্টোন গত মঙ্গলবার এক আদেশে জাওহারকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৩১ দশমিক ৩৫ মিলিয়ন ডলার ফেরত বা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। বিচারক এই জালিয়াতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে উল্লেখ করে বলেন, জাওহার বিনিয়োগকারীদের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন এবং ক্ষতিপূরণ না দেওয়াটাই তার দণ্ড বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

যেভাবে প্রতারণার জাল বুনেছিলেন

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে জাওহার ‘সুইফটআর্ক ক্যাপিটাল এলএলসি’ নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি কিছু শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করলেও ২০১৫ সাল থেকে গ্রাহকদের প্রায় ৯৯ শতাংশ অর্থ কেবল একটি প্রতিষ্ঠানেই—‘ফিলিপ মরিস পাকিস্তান (পিএমপি)’—বিনিয়োগ করতে শুরু করেন।

জাওহার বিনিয়োগের টাকা দিয়ে ব্যক্তিগত বিমান ব্যবহার, বিলাসবহুল হোটেলে অবস্থান, অস্টিন ও নিউইয়র্কে দামি অ্যাপার্টমেন্ট কেনা, অভিজাত ক্লাবের সদস্যপদ নেওয়া এবং নামীদামি রেস্তোরাঁয় আমোদ-প্রমোদ চালিয়ে যেতেন।

নিষেধাজ্ঞা অমান্য করে জালিয়াতি

২০২২ সালের জুনে টেক্সাস স্টেট সিকিউরিটিজ বোর্ড জাওহারের সব ধরনের বিনিয়োগ কার্যক্রমের অনুমতি বাতিল করে এবং তাকে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। কিন্তু তিনি এই নিষেধাজ্ঞার কথা গোপন রেখে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ অব্যাহত রাখেন। এমনকি আদেশ জারির কয়েক সপ্তাহের মধ্যেই এক বিনিয়োগকারীর কাছ থেকে আরও ১ মিলিয়ন (১০ লাখ) ডলার হাতিয়ে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগণের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তার সঙ্গে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীদ্বয় ভাসমান তরী পরিদর্শন করে স্বাস্থ্য সেবার কার্যকারিতা ও সেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এম এ মুহিত পরিদর্শনকালে বলেন, ‘সরকারের স্বাস্থ্য পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশেষ করে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ভাসমান হাসপাতাল বা ‘স্বাস্থ্য তরী’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি জানান, এর মাধ্যমে দক্ষিণবঙ্গের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল কিন্তু সচরাচর দেখা যায় এমন রোগের আধুনিক চিকিৎসা ও সার্জারির ব্যবস্থা করা সম্ভব হবে।

সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে বেসরকারি উদ্যোগে ক্ষুদ্র পরিসরে ভাসমান হাসপাতালের কিছু ভালো নজির রয়েছে। তবে সরকারি ব্যবস্থাপনায় নৌ-পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার কার্যকর সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত নৌ-ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, গ্রামে-গঞ্জে নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী সেবা, শিশুস্বাস্থ্য, সাধারণ অর্থোপেডিক বা হাড়ের সার্জারি এবং চোখের ছানি অপারেশনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে এই জাহাজের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে এসব সেবা পৌঁছে দেওয়া হবে।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিকল্প উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। বিশেষ করে যেসব প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য চাইলেও জেলা সদর হাসপাতাল কিংবা ঢাকায় যেতে পারেন না, তাদের দোরগোড়াতেই সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ বিআইডব্লিউটি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা, শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


ঢাকা, শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে: ভারত

শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশ যে ১০১টি চুক্তি করেছে, সেগুলো বর্তমানে পর্যালোচনা করছে বর্তমান সরকার, এমন খবর প্রকাশিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই খবর তাদের নজরে এসেছে।

ভারত জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক সাংবাদিক এ সময় প্রশ্ন করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বলে যে খবর এসেছে, এ বিষয়ে বাংলাদেশ সরকার কি ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। তিনি বলেন, ‘এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো শর্ত আছে কি না, তা যাচাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশে হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে হামলার খবর নিয়ে প্রশ্ন করা হলে, রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

পাকিস্তান ও কুয়েতের সামরিক সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে, জয়সওয়াল জানান, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে, এমন সব বিষয় তারা নজরে রাখছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

এছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’ তিনি আরো বলেন, ‘ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, এমন সব পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে। দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।’

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গঙ্গার পানি বণ্টনসহ দুই দেশের পানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। পানি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক নিয়মিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডির নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

নেত্রকোনা প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


তালাশ বিডির নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া

ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তালাশ বিডির নির্বাহী বিভাগের পক্ষ থেকে তাকে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের মাধ্যমে সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সমস্যা, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসনিক কার্যক্রমসহ স্থানীয় নানা বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডির নির্বাহী বিভাগ আশা প্রকাশ করেছে, দায়িত্বপ্রাপ্ত জেলা প্রতিনিধি হিসেবে মোঃ উজ্জ্বল মিয়া বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় জনগণের কথা গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নিয়োগ পাওয়ার পর সাংবাদিক মোঃ উজ্জ্বল মিয়া বলেন, “তালাশ বিডির মতো একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
তার এই নিয়োগে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার পেশাগত সাফল্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%