মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি
০৯:১১ পি.এম
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রানীনগর-আত্রাই হতে নাটোর আঞ্চলিক মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি মহাসড়কের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, জননিরাপত্তা এবং পুলিশের দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
টহল শেষে পুলিশ সুপার মহোদয় আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া, থানা ব্যারাক পরিদর্শন এবং জনসেবা প্রদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপার মহোদয় থানার কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান।
এ পরিদর্শন ও দিকনির্দেশনার মাধ্যমে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল এবং জনকল্যাণমুখী করার প্রত্যয় পুনর্ব্যক্ত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, আর্জেন্টিনার দ্বিতীয় সেশনে ফুলব্যাক নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়েল উভয়েই বল নিয়ে অনুশীলন করেছেন। পেশির চোট কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন এই দুই ফুলব্যাক।
ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েক দিন বাকি থাকায়, তাদের এই অগ্রগতি স্বস্তি দিয়েছে কোচ স্কালানিকে।
বিডি আলবেসিলেস্ততার তথ্য অনুযায়ী, কোনো অঘটন না ঘটলে, আর্জেন্টিনা বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে উভয় ফুলব্যাকই পাওয়া যাবে।
চলতি বছরের মে মাসের শুরুতে লা লিগার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মলিনা। অন্যদিকে, রিভার প্লেটের হয়ে খেলার সময় বাম পেশি ছিঁড়ে যাওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পুনর্বাসনে ছিলেন মন্তিয়ел।
মেডিকেল টিম ও ফিজিশিয়ানরা জানান, উভয়ই চোট ভালো অগ্রগতি হয়েছে। এতে আশা করা যায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাদের পাওয়া যাবে।
আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নেওয়া হবে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই ব্যাক-আপ হিসেবে আকুস্টিন গায় এবং নিকোলাস কাপালদোকে দলের সঙ্গে রেখেছেন।
উল্লেখ্য, হুলিয়ান আলভারেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো চিকিৎসাগত ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে, থিয়াগো আলমাদা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রায় ২৫ বছর ধরে কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভরাট হয়ে যাওয়া খালগুলো এ বছর জানুয়ারী থেকে পূনঃ খনন শুরু হয়। বিএডিসি কর্তৃক বাস্তবায়নাধীন ক্ষুদ্র সেচ প্রকল্পটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় স্বনির্ভর খাল খনন কর্মসূচী যার মধ্যে রয়েছে ১টি কালভার্ট ও ৪ কিলোমিটার খাল পূনঃ খনন। প্রকল্পের ১ম পর্যায়ের কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে।
স্থানীয় ভুমি মালিক শহিদুল ইসলাম বলেন, কোটি টাকার খাল কাটা হয়েছে কিন্তু কোন উপকার হয়নি আমাদের। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগের চেয়ে এখন আরো ভয়াবহ অবস্থা। আমাদের মতামত নেয়া হয়নি। আমাদের রেকর্ডীয় জমি কেটে খাল কাটা হয়েছে। আমরা ক্ষতিপুরনের জন্য মামলা দায়ের করবো। তিনি বলেন, একটি পরিবারের একটি ঘেরের জন্য খাল খননের টাকা দিয়ে ১২ ফিট রাস্তা করা হয়েছে। এটা অন্যায়, অনিয়ম ও দুর্নীতি। খাল খননে ব্যক্তি লাভবান হলেও আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। এ বিষয়ে মজিবুর রহমান সরোয়ার এমপিকে অবগত করেছি। খাল খননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে এর দৃষ্টান্ত মুলক বিচার চাই। শিঘ্রই আমি বিএডিসি ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করবো এ অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে।
খাল খননে কৃষকদের কোন উপকার হয়নি, উল্টো লস হয়েছে জানিয়ে কৃষক কাওছার হোসেন বলেন, সরকার যে উদ্দ্যেশে খাল খনন কর্মসূচী হাতে নিয়েছে তার সুফল থেকে আমরা কৃষকরা বঞ্চিত। এবার ইরি ধানে পানি দিতে পারি নাই। কষ্ট করে ইরি চাষ করেছি। পানি থাকায় ধান কাটতে কস্ট হয়েছে। খাল কেটে দুপাশে রাস্তা করেছে কিন্তু পানি আসা যাওয়ার জন্য নালা বা কালভার্ট নির্মান করেনি। এক কথায় এখানে খাল কাটা কর্মসূচী বিফলে গেছে। জমিতে পানি উঠেছে, নামার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরকাউয়ার বিশ্বাষ বাড়ি থেকে হালিম মাস্টার বাড়ি পর্যন্ত খালের দু পাড়ে গাছ কাটানো হয়েছে অথচ এখন পর্যন্ত খালই কাটার কোন পরিকল্পনা নাই। তিনি বলেন, ক্ষমতার প্রভাবে জোড় করে খালের বাইরেও মালিকানা জমি কাটা হয়েছে। তিনি আরো বলেন, খালের ভিতর বাঁধ আছে সেগুলো কিন্তু এখনো কাটা হয়নি। খালগুলো এখন আমাদের গলার কাটায় পরিনত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, পূর্ব কোলায় প্রায় ৩’শ একর জমিতে ড্রেন না করায় পানি নেওয়া যাচ্ছেনা। উল্টো সেখানের পানি আটকে যাওয়ায় বর্তমান মৌসুমে জমিগুলো অনাবাদি থাকছে। তাছাড়া খাল কাটার প্রথম পর্যায়ে অপরিকল্পিতভাবে গ্রামবাসীর গাছপালা নির্বিচারে কাটা হয়েছে। কারিগরি নজরদারী না থাকায় ভেকু দিয়ে খাল কাটায় দুপাশে ইটের রাস্তা ভেঙ্গে পড়েছে। এদিকে পশ্চিম কোলায় প্রায় ৪’শ একর জমিতে পানি আটকে আছে। ফলে এই জমিগুলোও এবারের মৌসুমে অনবাদি রয়েছে। উল্লেখ্য, ঠিকাদারের প্রতিনিধি হিসাবে প্রকল্পের কাজ করেছেন খালেদ সাইফুল্লাহ নামে একজন স্থানীয় ব্যক্তি। স্থানীয়দের বক্তব্য উক্ত ব্যক্তি সকল কাজ একক সিদ্ধান্তে করেছেন। কারও কোনো আপত্তি শোনেননি।
প্রকল্পের প্রথম উদ্যোক্তা মতিউল ইসলাম রানা বলেন, প্রকল্পের অব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত ত্রুটির জন্য সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স রাজা এন্টারপ্রাইজ প্রত্যক্ষ দায়ী। কেননা, তার উচিত ছিল প্রকল্প এলকায় থেকে মাঝে মাঝে সার্বিকভাবে বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং করা। এছাড়া বিএডিসি প্রকল্প প্রণয়নে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য যাচাই কিভাবে চূড়ান্ত করেছিলেন, ঠিকাদারের সাথে চুক্তির শর্তে কি আছে এ বিষয় গুলো খতিয়ে দেখা দরকার। তিনি আরও বলেন, সংগঠিত ভূল ত্রুটির জন্য ঠিকাদার এবং বিএডিসি উভয় প্রতিষ্ঠানের ব্যর্থতা আছে।
খাল খনন প্রকল্পের ঠিকাদার রাজা এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান বলেন, আমি ওখানের ঠিকাদার হলেও আমি সাব-কন্ট্রাক্টে খালিদ সাইফুল্লাহকে ২০ লাখ টাকার বিনিময়ে কন্ট্রাক্ট দিয়েছি। উনি ওনার মত করেছে। আমি খাল কাটার ঠিকাদার। খালের ভিতর বাঁধের ব্যাপারে বলেন, আমি কিছুই জানিনা ওটা সাব কন্ট্রাক্টার সাহেব বলতে পারবেন। আমি কল করে ওনাকে (সাব কন্ট্রাক্টার) বলে দিবো বাঁধ কেটে দিতে। খালের মাটি দিয়ে সাধারন মানুষের ফসলি জমি নস্ট করে ১২ ফিট রাস্তা নির্মানের ব্যাপারে তিনি বলেন, এটা সাব কন্ট্রাক্টার খালিদ সাইফুল্লাহ করেছে তাদের ব্যক্তিগত ঘেরে যাওয়ার জন্য।
আরেক ঠিকাদার আতিকুর রহমান বলেন,আমি ঠিকাদার কিন্তু সব নিয়ন্ত্রন করেন স্থানীয় খালিদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনি নিজের মত করে খাল কাটা, রাস্তা নির্মাণ ও একটি ব্রিজ করেছেন। আমি ঠিকাদার হলেও তিনিই (খালেদ) সব কিছু করেন। আমাকে কিছু বলেনা।
এ ব্যাপারে বিএডিসির সহকারি প্রকৌশলী আতায়ে রাব্বী বলেন, প্রতি কিলোমিটারে পাইপ স্থাপন করে পানি নিষ্কাসনের ব্যবস্থা গ্রহন করবো। খাল খননে অনিয়ম, ইটের সড়ক ভেঙ্গে খালে পড়ে যাওয়া, অপরিকল্পিত খাল খনন, জলাবদ্ধতা সৃষ্টি, খালের মাটি দিয়ে ১২ ফিট সড়ক নির্মানের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে অফিসে চায়ের আমন্ত্রন জানান।
এ ব্যাপারে বিএডিসির নির্বাহী প্রকৌশলী (সওকা) সৈয়দ ওয়াহিদ মুরাদ বলেন, শিঘ্রই পরিদর্শনে যাবো। ত্রুটি থাকলে তা সমাধান করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে আদালত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১৪ নেতাকে কারাগারে পাঠিয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১২টার দিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে তারা আত্মসমর্পণ করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বাধীন, পুরানাপৈল ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম সৈকত, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে হক, পাঁচবিবি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু, জেলা ছাত্রলীগের সদস্য রতন হোসেন সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদদ্য নিশাত চৌধুরী, ভাদসা ইউনিয়ন স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক নাশির হোসেন, ইউপি মেম্বার পিন্টু হোসেন, মোহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মিলন এবং পুরানাপৈল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ।
জয়পুরহাট আদালতের কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বলেছেন, আসামিরা জুলাই আন্দোলনে হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় অনেকদিন ধরে পলাতক ছিলেন। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানালে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্যারামেডিকও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব নিহতের ঘটনা ঘটেছে বলে লেবানন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খালিজ টাইমসের খবর অনুযায়ী, আজ বুধবার (৩ জুন) দক্ষিণ লেবাননে ইসরাইলের সর্বশেষ হামলায় অন্তত দুইজন প্যারামেডিক নিহত হয়েছেন। টাইর জেলার শুহুর এলাকায় আল-রিসালা অ্যাসোসিয়েশনের একটি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলে তারা নিহত হন।
এ হামলায় আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। আল-জাহরানি অঞ্চলে অবস্থিত কাওথারিয়াত আল-রুজ শহরে একটি ইসরাইলি ড্রোনও আঘাত হেনেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ‘নাবাতিয়েহ-কাফারতাবিনেহ সড়ক ধরে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর একজন সেনা নিহত হয়েছেন।’
এছাড়া মায়ফাদুন এলাকাতেও ইসরাইল পৃথক একটি হামলা চালিয়েছে বলে এনএনএ জানিয়েছে। একই সময়ে বৈরুতের কাছে একটি গাড়িকেও লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবারেও অন্তত ৮ জন নিহত হয়ে প্রায় ১০,৬৭৪ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩,৫১৬ জন নিহত হয়েছেন।
পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহও। গোষ্ঠীটি আজ বুধবার দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননের ওদাইসেহ এলাকার কাছে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর গোলাবর্ষণ করেছে।
সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ওদাইসেহ এলাকার জাল আল-হাম্মার অঞ্চলে জড়ো হওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়।
হিজবুল্লাহর দাবি, এই হামলা ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষার জন্য’ এবং ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে চালানো হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ