০৮:০৩ এম
বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা মোটেও সুখকর হলো না ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেনের জন্য। প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আইভরি কোস্ট, আর নিজেদের মাঠে ইরাকের সঙ্গে ড্র করে হতাশ করেছে স্পেন।
ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। প্রথমার্ধে তারা আধিপত্য ধরে রেখে ৪৫তম মিনিটে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল করে দলকে লিড এনে দেন তরুণ উইঙ্গার রায়ান শেরকি।
তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরো বদলে যায়। ৫৩তম মিনিটে দুয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর আফ্রিকার দলটি আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো গোল করে ২-১ ব্যবধানে সফরকারীদের এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় তুলে নেয় আফ্রিকা মহাদেশের দলটি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ফ্রান্সের এই হারে টানা ৯ ম্যাচের অপরাজিত থাকার ধারাও শেষ হয়ে গেছে। বিশ্বকাপের আগে দিদিয়ের দেশমের দলের জন্য এটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, স্পেনও প্রত্যাশিত ফল পায়নি। লা করুনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল স্বাগতিকরা। ১৬তম মিনিটে ফেরান তরেসের গোলে তারা এগিয়েও যায়।
কিন্তু ২৭তম মিনিটে অসাধারণ এক দূরপাল্লার শটে সমতা ফেরান ইরাকের মের্কাস দস্কি। এরপর পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও স্পেন আর গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে স্পেন কোচ পুরো একাদশ বদলে ফেললেও কাঙ্ক্ষিত ফল আসেনি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন