ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি


ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি

ইয়েমেনে গত ২৪ ঘণ্টার মধ্যে হামলার ফলে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে হুথি বিদ্রোহী এবং সউদী-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় এটি একটি অত্যন্ত প্রাণঘাতী সময় হিসেবে চিহ্নিত হয়েছে। হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানী সানার পূর্বে বানি হুশাইশ জেলার আল-শারিয়া গ্রামে বিমান হামলা পরিচালিত হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। হামলার জন্য সউদী যুদ্ধবিমানকে দায়ী করেছে হুথি কর্তৃপক্ষ, তবে সউদী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগের দিন শুক্রবার (৬ নভেম্বর) তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা হুথি পরিচালিত একটি সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়েছে। এই হামলার জন্য সংঘাতের দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের সরকারি কর্তৃপক্ষ হুথিদের হামলার জন্য দায়ী করেছে, অন্যদিকে হুথি কর্মকর্তারা এ ঘটনায় সউদী আরবকে দায়ী করেছেন।

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে অস্থিরতা, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

গত কয়েক দিনের প্রাণহানির ঘটনা আগস্ট মাসে শুরু হওয়া সংঘাতের ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ সংঘাতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে, ইয়েমেনের হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দেওয়ার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সতর্ক করেছে।

জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, ইয়েমেনে সংঘাতের মাত্রা এক দশক আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দেশটিতে দীর্ঘদিন ধরে ভয়াবহ লড়াই চলছিল।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং সউদী নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে কয়েক বছর ধরে বিমান অভিযান চালাচ্ছে। দীর্ঘ এই সংঘাতে সহিংসতা, ক্ষুধা ও রোগে কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটেছে। এর ফলে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন: সৌদি আরব ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবারের নিহত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী—মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী এবং বাসযাত্রীদের মধ্যে একসঙ্গে পুরো পরিবার অথবা একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য প্রকাশ করেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

মোটরবাইক দুর্ঘটনায়: মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি। অর্থাৎ, ১৯৩টি মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায়: অটোরিকশা যাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ১১৮টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৯২টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ৫৩টি, ৬ জন নিহত হওয়ার ঘটনা ৩৮টি এবং ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় ১,৭২৮ জন নিহত হয়েছেন।

মাইক্রোবাস দুর্ঘটনায়: মাইক্রোবাস আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৪৬টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৩৯টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ২৮টি, ৬ জন নিহত হওয়ার ঘটনা ২০টি, ১১ জন নিহত হওয়ার ঘটনা ৪টি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১টি। মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।

প্রাইভেটকার দুর্ঘটনায়: প্রাইভেটকার আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৩১টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ২৪টি এবং ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায়: অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ১৫টি, ৪ জন নিহত হওয়ার ঘটনা ৯টি, ৫ জন নিহত হওয়ার ঘটনা ৭টি এবং ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩টি। মোট ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন।

বাস দুর্ঘটনায়: বাসযাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, ৩ জন নিহত হওয়ার ঘটনা ৯টি এবং ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৬টি। মোট ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত হয়েছেন।

পিকআপ ভ্যান দুর্ঘটনায়: পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১টি।

দুর্ঘটনার কারণসমূহ

১. পরিবারের সবাই একসঙ্গে কাজে বা ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি;

২. মহাসড়কে অটোরিকশা চলাচল;

৩. অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা;

৪. মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চালকদের অদক্ষতা এবং বিশ্রামহীনভাবে গাড়ি চালানো;

৫. মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং বেপরোয়া মোটরবাইক চালানো;

৬. ট্রাফিক আইন না মানার প্রবণতা।

সুপারিশ

১. মোটরবাইক আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার করা;

২. ট্রাফিক আইন মেনে মোটরযান চালানো;

৩. সকল মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ করা;

৪. গ্রামীণ সড়ক মহাসড়কে সরাসরি সংযুক্ত না করে নিরাপদ রোড ডিজাইন তৈরি করা;

৫. সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচল নজরদারি করা;

৬. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা;

৭. সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই রফিকুল ইসলাম। এ সময় এএসআই মোস্তাইন, এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স চুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। অভিযানে চুনিয়া সরকারপাড়া এলাকার আতিকুর রহমান রিপনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই কামরুল ইসলাম ও এএসআই পিন্টু তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ আনছার আলী (৪০) ও জয়নাল আবেদীন (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এবং দুটি মামলার দুই জন আসামী পলাতক রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুটি অভিযানের ঘটনায় মধুপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বখ্যাত শেফ গর্ডন রামসের ৬০তম জন্মদিন আজ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


বিশ্বখ্যাত শেফ গর্ডন রামসের ৬০তম জন্মদিন আজ উদযাপন

রান্নার জগতে গর্ডন রামসের নাম শুনলেই মনে পড়ে কঠোর সমালোচনা, তীক্ষ্ণ মন্তব্য এবং অসাধারণ খাবারের কথা। যদিও টেলিভিশনের পর্দায় তিনি রাগী স্বভাবের জন্য পরিচিত, তবে রান্নার দক্ষতা ও রেস্তোরাঁ ব্যবসায় সাফল্যের কারণে তিনি বিশ্বজুড়ে আলাদা পরিচিতি অর্জন করেছেন। আজ ৮ নভেম্বর, ৬০ বছরে পা রাখলেন এই তারকা রাঁধুনি।

১৯৬৬ সালের ৮ নভেম্বর স্কটল্যান্ডের জনস্টোনে গর্ডন জেমস রামসের জন্ম। ছোটবেলায় তার আগ্রহ ফুটবলে ছিল এবং পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হাঁটুর চোটের কারণে তাকে সেই পথ থেকে সরে আসতে হয়। এরপর তিনি হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করে রান্নার জগতে মনোযোগী হন।

কর্মজীবনের শুরুতে ইউরোপের কয়েকজন খ্যাতিমান শেফের অধীনে কাজ করেন রামসে। ১৯৯৩ সালে লন্ডনের রেস্তোরাঁ অবারজিনে প্রধান শেফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তার কাজের স্বীকৃতি হিসেবে রেস্তোরাঁটি মিশেলিনের দুটি তারকা অর্জন করে। ১৯৯৮ সালে লন্ডনে নিজের নামে রেস্তোরাঁ চালু করেন এবং পরে সেটি মিশেলিনের তিন তারকা অর্জন করে।

রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেন রামসে। ‘হেলস কিচেন’, ‘মাস্টারশেফ’, ‘মাস্টারশেফ জুনিয়র’ এবং ‘কিচেন নাইটমেয়ারস’-এর মতো অনুষ্ঠান তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। রান্নার ভুল নিয়ে প্রতিযোগীদের সঙ্গে তার কঠোর আচরণ ও সরাসরি মন্তব্য দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পায় তার ওপর নির্মিত ছয় পর্বের তথ্যচিত্র ‘বিইং গর্ডন রামসে’। এই তথ্যচিত্রে তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং লন্ডনের ২২ বিশপসগেট ভবনে রেস্তোরাঁ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ তুলে ধরা হয়েছে। সম্প্রতি বিবিসির তিন পর্বের তথ্যচিত্র ‘রাইজ অব দ্য রকস্টার শেফ’-এও তাকে দেখা গেছে। এতে তার সঙ্গে শেফ মার্কো পিয়ের হোয়াইট ও হেস্টন ব্লুমেনথালের পেশাগত সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতার নানা দিক তুলে ধরা হয়েছে।

রান্না, রেস্তোরাঁ ব্যবসা এবং টেলিভিশন—এই তিন ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করেছেন গর্ডন রামসে। তিনি ছয় সন্তানের বাবা এবং স্ত্রী তানার সঙ্গে ১৯৯৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%