০৯:৪৮ পি.এম
টাঙ্গাইলের প্রান্তিক খামারী, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ এবং ১০০টি ছাগল বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি মহিষ ও ছাগলগুলো বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা উপকৃত হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: সিলেটে আমেরিকা প্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার
তিনি বলেন, সরকারের পদক্ষেপে দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ চলছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মহিষ ও ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, নিজেদের সামর্থ্যের কারণে এসব পশু কেনা সম্ভব হয়নি। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে সহজ করবে।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার ব্যানার ও ফেস্টুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন